শোয়েব মোর্তজা—গজল অন্তপ্রাণ এক শিল্পী, লেগে থাকবার উৎকৃষ্ট নিদর্শন…

আহমেদ হোসেন

দি রোজ থিয়েটার। ব্রাম্পটন সিটির অসাধারণ অডিটোরিয়াম। সেখানে গত ৭ নভেম্বর ২০২৬, হয়ে গেল বিশিষ্ট গজল সঙ্গীত শিল্পী শোয়েব মোর্তজার আরেকটি হৃদয় নিংড়ানো গজল সন্ধ্যা।

সময় মতো শুরু, বিরতি দিয়ে আবার শুরু। সফল সমাপ্তি। সব ভালো তার, শেষ ভাল যার। যথারীতি অসাধারণ যবনিকা ছিল এবছর। হালকা শীতের রাত্রির ১০ ঘটিকায় অনুষ্ঠান সমাপ্ত হয়।

তারপর লবিতে তখন ছবি তোলার হিড়িক। অনুষ্ঠানের ইতিবাচক কথোপকথন। অমৃত সুধা কী একেই বলে! উপস্থিত সমঝদার শ্রোতা-দর্শকদের তৃপ্তির চোখ-মুখ ঝকমক করছিলো। হিন্দী, উর্দু, বাংলা, ইংরেজি সব ভাষাতেই অনুষ্ঠানের প্রশংসা করে দর্শকশ্রোতা অনুষ্ঠান হল থেকে বের হচ্ছিলো। তৃপ্তির সুগন্ধি মৌ মৌ করছিলো। একটি অনুষ্ঠানের পরম পাওয়া এটি।

গজল কি হারিয়ে যাচ্ছে? না যাবে না। যেতে পারে না। প্রজন্ম থেকে প্রজন্মের কেউ না কেউ বাঁচিয়ে রাখবে। হারিয়ে যাবে না যতদিন শোয়েব এর মতো, সানীর মতো কণ্ঠশিল্পীগণ ভালবেসে হৃদয় দিয়ে কালজয়ী ওস্তাদ আমনত আলী খাঁন, মেহেদী হাসান, গোলাম আলী, জগজিৎ সিং, পংকজ উদাস, অনুপ জালোটা, আবিদা পারভীন, আহমদ ও মোহাম্মদ হোসেন, হরিহরনের জনপ্রিয় গজলগুলি গেয়ে শ্রোতাদের আনন্দ দেবেন।

শোয়েব বেশ কয়েক বছর ধরে সাফল্যের সঙ্গে কাজটি করে যাচ্ছে বীরবাহু বীরচূঁড়ামনির মতো। অবাক বিস্ময়ে মানুষটির সংগীতের প্রতি ভালোলাগা দেখি, ভালোবাসা দেখি। ভক্তি, নিষ্ঠা দেখি। ভালবাসা বুঝি একেই বলে! দরদ বুঝা যায় আন্তরিকতায়, লেগে থাকার মধ্যে। প্রগাঢ় নিষ্ঠার মধ্যে। চর্চায় বুঁদ হয়ে থাকার মাঝে।

গত দুই যুগের বেশি মানুষটি গভীরভাবে ভালবেসে, দরদ দিয়ে, মন-প্রাণ উজাড় করে গজল সঙ্গীতের চর্চা করে যাচ্ছেন এবং টরন্টো শহরে অসাধারণ সব অনুষ্ঠান করে তাক লাগিয়ে দিচ্ছেন গজল প্রিয় দর্শকশ্রোতাদের।

ছোট থেকে বড় পরিসরে সর্বত্র সরব তিনি। অত্যন্ত জনপ্রিয় ঋদ্ধ সঙ্গীতশিল্পী। শোয়েব মোর্তজা পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেও মনেপ্রাণে একজন সঙ্গীতশিল্পী।

সাবাশ শোয়েব!

শোয়েব ইতিমধ্যে বড় অডিটোরিয়ামে সাফল্যজনক অনুষ্ঠান করেছেন।

এছাড়াও অনেক ঘরোয়া মাহফিল করে শ্রোতার হৃদয় জয় করেছে। একদা কলকাতার একটি সাংস্কৃতিক দলের লিড ভোকালিস্ট হিসেবে ছিলেন। আদাব টিভিতে তার সঙ্গীত প্রচারের মাধ্যমে পাকিস্তানি কম্যুনিটিতে সুনাম অর্জন করেছেন। তার কনসার্টের রেকর্ডকৃত অংশ এটিএন, সনি টিভিতে প্রায় ৪ বছর সম্প্রচার করেছে।এছাড়াও শোয়েব নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের গান নিয়মিত সংযুক্ত করে থাকেন। সোশ্যাল মিডিয়ায় সরব উপস্থিতির কারণে টরন্টো শহরে ও তার বাইরেও উত্তরোত্তর তার জনপ্রিয়তা বেড়ে চলেছে।

নম্র ভদ্র মার্জিত মানুষটি এবারেও তার গজল সন্ধ্যায় গেয়ে গেছেন আপনার আমার সকলের প্রিয়তম গজলসমূহ। মন ভরে গেছে সকলের। এই জাতীয় অনুষ্ঠানে জনপ্রিয় গান দিয়ে মালা গাঁথা খুব জরুরি এই কথা শোয়েব মনে রেখেছে সযতনে। দ্বিতীয় পর্বে সে দর্শকশ্রোতার অনুরোধে কয়েকটি গজলের অংশবিশেষ পরিবেশন করেন।

এই অনুষ্ঠানের মধ্য-মনি মোর্তজা শোয়েব ছাড়াও মোহনীয় যন্ত্রসংগত করেছেন অসাধারণ মেধাবী তারকা যন্ত্রশিল্পীবৃন্দ। তবলায় ছিলেন জামিল আনোয়ার , পারকাশনস এস সুদেশ, বাঁশিতে ভাসু বিস্ট, , কীবোর্ড এ রুপতনু শর্মা, বেজ গিটার এ জ্যাকব থমাস , গিটারে জয় সরকার, এ সালমান । তাঁরা প্রত্যেকেই স্বনামে খ্যাত।

কয়েকটি গজলের সঙ্গে নৃত্য পরিবেশন করেন ইত্তেলা আলী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পীযুস শ্রীবাস্তব।

মনে রাখার মতো এই গজল সন্ধ্যার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লিসা শোয়েব। লিসা অসাধারণ সংগঠক। তার পেশাদার মনোযোগ অনুষ্ঠানের সর্বত্র বিরাজমান ছিল।

এবারের অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন তাজমহল ফুড, ব্যারিস্টার জয়ন্ত সিংহ,ব্যারিস্টার শামীম আরা, ওমনি, বিসিএল, রুচক এবং রাসেল সিদ্দিকী।

” হম কাহাঁ-কে দানা থে
কিস হুনর-মে য়ক্তা হে,
বেসবব হূয়া, গালিব,
দুশমন আসমাঁ অপ্না”

“- কীই বা এমন জ্ঞানী গুণী
সেরা আমি
কিসের ধনে
আকাশ আমার
শত্রু হলো
হায় রে, গালিব, অকারণে”
– মির্জা গালিব ( ভাবানুবাদ )

আহমেদ হোসেন
টরন্টো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *