বিয়ের পর স্ত্রী গৌরিকে যে লোভনীয় আশ্বাস দিয়েছিলেন শাহরুখ খান

প্রবাসী কণ্ঠ ডেস্ক, নভেম্বর ০৯, ২০২৬ : ঘটনাটি অনেক আগের। বলিউডের ‘কিং অফ রোমান্স’ হয়ে ওঠারও অনেক আগে। শাহরুখ তখন ছিলেন একজন তরুণ অভিনেতা। বিয়ের পর তিনি নববিবাহিতা স্ত্রী গৌরীকে নিয়ে প্যারিসে হানিমুনে যাওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন। আর সেই স্বপ্নে মগ্ন হয়ে দিন কাটাচ্ছিলেন গৌরি। কিন্তু সময় যায়, প্যারিস আর যাওয়া হয় না। কারণ একটাই। অর্থাভাব। ১৯৯১ সালে সদ্য বিবাহিত দম্পতির জীবনে তখন অর্থাভাব ছিল নিত্যসঙ্গী। বলিউড ইন্ডাস্ট্রিতে পাকা জায়গা তৈরি করে হাজারো কোটি টাকার মালিক হতে তখনো অনেক বাকি ছিল শাহরুখ খানের।

নববিবাহিতা স্ত্রী গৌরীর সাথে শাহরুখ খান। ছবি : সংগৃহীত

তবে তাঁদের সেই রোমান্টিক ভ্রমণের স্বপ্নটি পরিকল্পিতভাবে বাস্তবায়িত না হলেও, হয়েছিল অন্যভাবে। প্যারিসে যাওয়ার পরিবর্তে, এই নবদম্পতি সেদিন পৌঁছে গিয়েছিলেন দার্জিলিংয়ের মনোরম এক পাহাড়ি এলাকায়।

সেই সুযোগটা হঠাৎ তৈরি হয়েছিল যখন ‘রাজু বন গয়া জেন্টলম্যান’ সিনেমায় অভিনয়ে প্রস্তাব পান শাহরুখ। সেই সিনেমার একটি গানের শুটিংয়ের জন্য তখন দার্জিলিংকে বেছে নেওয়া হিয়েছিল। আর ঠিক তখনই বিন্দুমাত্র দেরি না করে নববধু গৌরীকে সঙ্গে নিয়ে সোজা গিয়ে হাজির হয়েছিলেন দার্জিলিং এর মনোরম পর্যটন শহরে।  কুয়াশায় মোড়া পাহাড়ি উপত্যকা গৌরীকে দেখিয়ে সেদিন শাহরুখ গৌরিকে বলেছিলেন— এটাই আমাদের প্যারিস।

সেখানে তাঁরা এমন একটি ঐতিহ্যবাহী হোটেলে অবস্থান করেছিলেন, যা কয়েক দশক পরেও এখনও পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান। ইটিনাউনিউজ.কম এর তথ্য থেকে জানা যায়, সেই  ঐতিহাসিক হোটেলটি ১৮৮৭ সালে কোচবিহারের মহারাজার একটি বিনোদন প্রাসাদ ছিল। এখানে রাজকীয় অতিথিদের নিয়ে পার্টি বসত। পরে ১৯৬৯ সালে হোটেলটি কিনে নেন বিখ্যাত হোটেল ব্যবসায়ী ওবেরয় পরিবারের কেসি ওবেরয়। বর্তমানে এর মালিক বিআর ওবেরয়, যাকে স্থানীয়রা ‘ডায়মন্ড ওবেরয়’ নামে চেনেন।

সেদিনের সেই শাহরুখ আজ বলিউডের ‘বাদশাহ’খ্যাত জনপ্রিয় অভিনেতা। Hurun India Rich List 2026 এর তথ্য অনুযায়ী, বলিউড সুপারস্টার শাহরুখ খানের বর্তমান আনুমানিক সম্পদের পরিমাণ ১০,০০০ কোটি রুপি (যা প্রায় ১.৩ বিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩,৬০০ কোটি টাকা)। গত ২ নভেম্বর ছিল আজকের মহা তারকা শাহরুখ খানের জন্মদিন। ১৯৬৫ সালের ২ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন তিনি। সে হিসাবে তিনি ৬১ বছরে পা রাখলেন। বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নেওয়া এই তারকা আজও সেই গৌরিকে নিয়েই আছেন। তারকাদের দাম্পত্য জীবনে অনেক ভাঙ্গা-গড়ার ইতিহাস থাকলেও শারুখ আজও তার ব্যতিক্রম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *