‘এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার’— কাকে ইঙ্গিত করে শবনমের এই আক্ষেপ?
প্রবাসী কণ্ঠ ডেস্ক, নভেম্বর ১১, ২০২৬ : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। তিনি প্রধানত বাংলা নাটকে অভিনয় করে থাকেন। ২০১৮ সালে দেবী চলচ্চিত্র দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে, যে কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার এবং শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেছিলেন।
দিন কয়েক আগে তিনি দেশের কয়েকজন অভিনেত্রীর অভিনয়, ব্যক্তিত্ব ও ফ্যাশন সচেতনতার প্রশংসা করেছেন। একই সঙ্গে ভালো অভিনয় করা অনেক অভিনেত্রীকে নিয়ে আলোচনা না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। নেটিজনদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আলোচনা করেন ফালতু জিনিস নিয়ে । সবাই ভাবে এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার। বিষয়টা তো এমন হওয়ার কথা ছিল না ।

শবনম নির্দিষ্ট করে বিনোদন জগতের কারও নাম উল্লেখ না করেই এই পোস্ট দেন তার ফেসবুকে। পাঠক সম্ভব অনুমান করতে পারছেন কাকে উদ্দেশ্য করে তিনি এই পোস্ট দেন। পোস্টে তিনি যা বলেন তা নিচে তুলে ধরা হলো।
“আসেন বাংলাদেশের কয়েকজন অভিনেত্রীর নাম বলি, তারা শুধু অভিনয়টাই করে, এর বাইরে তারা অপ্রয়োজনীয় এন্টারটেইনমেন্ট দেয় না, তাই তাদের প্রতি আপনাদের আগ্রহ সম্ভবত একটু কম…
প্রথমেই আসবে জয়া আহসানের নাম, অসম্ভব সুন্দর দেখতে, অভিনয়ে এবং ব্যবহারে ।
অভিনয়ের বাইরে তার পোষ্য আছে, গাছ আছে, বাগানবাড়ি আছে।
আর যারা আমার মতো ব্যাগ-জুতা-ঘড়ি দেখেন তারা লক্ষ করলে দেখবেন তার ব্যাগ আর ঘড়ির কালেকশন , তার জামদানির কালেকশনের চেয়ে সুন্দর ।
অভিনয় করবার আগে আমি দুইটা সিরিজ প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত দেখেছি, একটার নাম ৬৯ আরেকটার নাম “স্পর্শের বাইরে” , সেই স্পর্শের বাইরের প্রোটাগনিস্ট সানজিদা প্রিতি । অসাধারণ অভিনয় করতে পারেন তিনি, ক্যারিয়ারের শুরুতেই আমার কলিংবেল নামের একটা সিরিজে অনেকদিন তার সাথে কাজ করার সুযোগ হয়েছিল। খুবই স্বল্পভাসি । তখনো প্রয়োজনের বাইরে ওনাকে কথা বলতে দেখিনি ।
আমার জেনারেশনের একমাত্র অভিনেত্রী যার অভিনয় দেখলে আমার মনে হয় “ইস আমি যদি ওর মতো অভিনয় করতে পারতাম” , মৌসুমী হামিদ, অসম্ভব পরিশ্রমী অভিনেত্রী এবং ওঁর অভিনয় দক্ষতা বিধাতা প্রদত্ত । খুবই চন্চল আর হাসিখুশি একটা মানুষ ।
আরেকজন অভিনেত্রী, নাজিয়া হক অর্শা। অভিনয় শুধু ডায়লগ দিয়ে হয় না, অনেককিছু লাগে, অর্শা আপুর চোখ কথা বলে। সুবর্না আপার পর এই পার্টিকুলার জিনিসটা শুধু ওনার মধ্যেই দেখেছি, কয়েকবছর আগে, শিহাব ভাই তার একটা নাটক করতে বলে, শিডিউল নিয়ে ঝামেলা ছিল, নির্দিষ্ট একটা ডেটের মধ্যে করতে হওয়ায় করতে পারিনি, সেই নাটকটা অর্শা আপু করেছিল, নাটকটা দেখে আমার মনে হয়েছিল, ভাল হয়েছে আমার ডেট নিয়ে সমস্যা হয়েছে, অর্শা আপু যা করেছে ঐ নাটকে , আমি করলে এই চরিত্রটার প্রতি জাস্টিস করতে পারতাম না ।
বিন্দু আপু, ইনি ভাল অভিনয় করে, দেখতে সুন্দর, আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে ফিট অভিনেত্রীদের মধ্যে একজন । সুন্দর করে কথা বলে, কোথায কতটুকু এবং কি বলতে হবে , কি পরতে হবে তা বিন্দু আপু খুব ভাল বোঝে ।
ওনার ফ্যাশন সেন্স খুবই ভালো ।
ঈশিতা আপু, উনি আমার সবচেয়ে পছন্দের অভিনেত্রীদের মধ্যে একজন, ছোট্ট বেলা থেকে আমি ওনার ফ্যান। উনি যাই করে, ভাল লাগে। ওনার সবই আমার ভাল লাগে ।
তার বাইরে আমার বিপাশা আপা, অপি আপা, তিশা আপু, রুনা আপু, তারিন আপা, মম আপু, সুমাইয়া শিমু আপু, নাজিফা টুশি তারাও ভিসন ভাল অভিনয় করেন ।
শুধু “জামার দাম লাখ টাকা, দুবাইয়ের ওমক সোমক করে” ছাড়া আমাদের দেশে সত্যিকারে ভাল অভিনয় করে, সফেস্টিকেটেড, সুন্দর করে কথা বলে এমন অনেক অভিনেত্রীরা আছেন । কিন্তু আপনারা আলোচনা করেন ফালতু জিনিস নিয়ে । সবাই ভাবে এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার। বিষয়টা তো এমন হওয়ার কথা ছিল না। “
