ফিরে এলো বৃষ্টি

প্রবাসী কণ্ঠ ডেস্ক, নভেম্বর ০৯, ২০২৬ : বৃষ্টি, যার পুরো নাম তানিয়া বৃষ্টি। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তিনি। সুদর্শনী অভিনেত্রী তানিয়া বৃষ্টি চ্যানেল আই এর মাধ্যমে মিডিয়াতে অভিনয় জীবনের যাত্রা শুরু করেন। এরপর থেকে বিজ্ঞাপন আর নাটক জগতে পা রেখে তিনি এগিয়ে গেছেন সামনের দিকে। দর্শকদের  উপহার দিয়েছেন একের পর এক ভালো কাজ।

তানিয়া বৃষ্টি। ছবি : ফেসবুক

নিজের ইচ্ছে এবং মায়ের উৎসাহেই মূলতঃ অভিনয় শুরু করেন তানিয়া। বেশ কিছু বিজ্ঞাপন চিত্রেও কাজ করেছেন তিনি। কিন্তু এ বছরের শুরুর দিকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর দেশে অস্ত্রোপচারের পাশাপাশি ভারতের চেন্নাইয়েও চিকিৎসা নিতে হয়েছে তাকে।

মস্তিষ্কে টিউমার, দফায় দফায় অস্ত্রোপচার, রেডিওথেরাপির চরম কষ্ট আর লাইফ সাপোর্টের দীর্ঘ লড়াইয়ের এক পর্যায়ে চেন্নাইয়ের চিকিৎসকেরা নাকি তানিয়াকে বলেছিলেন, তিনি আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাচবেন। কিন্তু তানিয়া হাল ছাড়েননি। প্রচণ্ড মনোবল নিয়ে তিনি চিকিৎসা চালিয়ে গেছেন। এবং দীর্ঘ আট মাসের সেই কঠিন সময় পেরিয়ে এখন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন এই অভিনেত্রী। অসুস্থতার সময় বৃষ্টির মনে বেঁচে থাকার সাহস জুগিয়েছিলেন তার মা ও বোন। 

উল্লেখ্য যে, কয়েক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী তানিয়ার মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়েছিল একবার। বিষয়টি নিয়ে তখন উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তাঁর ভক্ত ও সহকর্মীরা। অভিনেত্রী তানিয়া তখন মিডিয়ার সঙ্গে কথা বলেন এবং জানান, তিনি জীবিত ও ভালো আছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই বিশ্রামে আছেন।

জানা যায় বৃষ্টি এখন অনেকটাই ভালো আছেন। ছয় মাসের কেমোথেরাপির মধ্যে চার মাস শেষ হয়েছে। কেমো শেষ হলে এমআরআইসহ প্রয়োজনীয় পরীক্ষা করা হবে।

এদিকে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অভিনেত্রী তানিয়া বৃষ্টি আবারও অভিনয়ে ফিরেছেন অতি সম্প্রতি। ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত ‘অংশীদার’ নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। নাটকটির দৃশ্যধারণের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

‘অংশীদার’ নাটকে তানিয়া বৃষ্টির পাশাপাশি অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেত্রী ডলি জহুর, অভিনেতা ফজলুর রহমান বাবুসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *