নেইমার কি এবার সত্যিই অবসরে যাচ্ছেন?

প্রবাসী কণ্ঠ ডেস্ক, নভেম্বর ১১, ২০২৬ : খেলার মাঠে একের পর এক চোট খেয়ে এখন অনেকটা ক্লান্ত ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। একসময় ফুটবল মাঠে পায়ের জাদু দেখিয়ে মুগ্ধ করেছেন কোটি ভক্তকে। কিন্তু চোটের সঙ্গে দীর্ঘদিনের লড়াই করতে করতে সেই ছন্দ যেন হারিয়ে ফেলেছেন নেইমার। আর সে কারণে এবার পেশাদার ফুটবলকে বিদায় জানানোর কথাও ভাবছেন গুরুত্বের সঙ্গে। ফরাসি সংবাদমাধ্যম ফুট মেরকাতোর প্রতিবেদন অনুযায়ী, একের পর এক ইনজুরির এবং নিজের সেরা ছন্দে ফিরতে না পারার হতাশার কারণে নেইমারকে এখন অবসরের চিন্তায় পেয়ে বসেছে।
চোটের কারণে বারবার মাঠের বাইরে যেতে হয়েছে নেইমারকে। মাঠে ফেরার লড়াই আর শারীরিক যন্ত্রণা যেন তার ক্যারিয়ারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ফলে অবসরের চিন্তা এখন আর কেবল ভবিষ্যতের ভাবনা নয়, অচিরেই হয়তো তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন অবসরের। তবে সে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত করেননি তিনি। উল্লেখ্য যে, ২০২৫ সালে সান্তোসে ফেরার পর থেকেই চোটের কারণে বারবার ছন্দ হারাচ্ছেন নেইমার। ২০২৬ বিশ্বকাপের আগে চোট সামলাতে হাঁটুতে আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচার ও থেরাপিও নিয়েছেন তিনি। গতি, ভারসাম্য ইত্যাদির ওপর নির্ভরশীল একজন ফুটবলারের জন্য হাঁটুর দীর্ঘমেয়াদি সমস্যা নিশ্চিতভাবেই এক বড় বাধা। আগামী ফেব্রুয়ারিতে ৩৫-এ পা দিতে যাচ্ছেন নেইমার।
