নিভৃতে

২১

আমান্ডা সকাল থেকেই হন্তদন্তু হয়ে কাজ করছে। ক্যানো তা নিজেই জানে না। সকাল থেকে বাঁ চোখের পাতাটা তিরতির করে কাঁপছে। সবাই বলে এটা খুবই শুভ লক্ষণ। জানে না, আমান্ডা আর কোন শুভ কিছু অপেক্ষা করছে? কি সেটা? দুপুরের জন্য এক্ষুণি রান্না করে ফেলবে। তার মন বলছে, সারা খুব শিঘ্রি কোন একদিন এসে পড়বে। কি জানি কখন? মেয়েটা এমন পাজি যে, খোলাসা করে কিছু বলছেও না। আমান্ডা আবার ফ্রিজের খাবার একদম পছন্দ করে না। ফাবিকে তো ৩ বেলায়ই গরম গরম খাবার পরিবেশন করছে। এখন অবশ্য একটু ভিন্নভাবে ভাবলো, ওরা ৪ জন আসবে। আর সারা আসলে রোডিকারা তো এই বাড়িতেই থাকবে। তাই সে বেশ বড় সড় একটা ‘ল্যাজানিয়া’ বানানোর জন্য প্রস্তুত হলো। এছাড়া চিকেন আর বিফের স্টেক মেরিনেট করে রাখলো বেশি করে। টনি অনবরত বাজারে যাচ্ছে আর যাচ্ছে। ফাবি আসার আগেই ফাবির প্রিয় সব খাবার আনিয়ে রেখেছিল। এখন সারারা আসছে।

আমান্ডা আবার মনে মনে ঠিক করে রেখেছে, সারারা আসলে জেনিলিয়াকে এখানে কিছু দিনের জন্য ডেকে নিবে। না হলে জেনিলিয়ার মনটা খুবই ছটফট করবে। একটি মাত্র ছেলে তার স্টিভেন। তাছাড়া সারাকেও জেনিলিয়া বড় বেশি ভালোবাসে। গতকাল আমান্ডা অলরেডি জেনিলিয়ার সাথে কথা বলে দাওয়াত দিয়ে রেখেছে। ফাবিয়ান যখন ওর মা-বাবার সাথে কথা বলছিল আমান্ডা সবই শুনেছে। তার সামনেই ফাবি কথা বলছিল ওদের সাথে। তাই ওদের কথার প্রেক্ষিতেই আমান্ডা জেনিলিয়ার সাথে এ বিষয়ে কথা বলার সাহস করেছে। এটাও বলেছে যে, সারারা যে ক’দিন থাকবে, তাকেও থাকতে হবে। তাতে জেনিলিয়া খুউব হেসেছে আর বলেছে-

: আমার বেয়ান খুব চালু।

: ক্যানো? আমান্ডার সরল প্রশ্ন।

: কারণ, সারা আর নাতি-নাতনীদের চোখের আড়াল করতে চান না। তাই ‘সাপ ও মরলো, লাঠিও ভাঙ্গলো না’ পন্থা অবলম্বন!

আমান্ডা প্রতি উত্তরে হি… হি… করে মন খুলে হেসেছে। জেনিলিয়ার বুদ্ধির তারিফ করে হার মেনেছে। এই সব হারে কোন দুঃখ নাই। তবে জেনিলিয়া বলেছে-

: ওরাতো ফাবিকে একেবারে বিদায় করে আসবে? আমি কি ততদিন থাকতে পারবো, পার্লার ছেড়ে?

: ক্যানো পারবেন না? যখন সুইডেনে যান, তখন কিভাবে থাকেন?

: আরে সেতো সুইডেনে। অনেক আগের থেকে সেইভাবে সব ঠিক করে যাই। মনিকাকে সব বুঝিয়ে যেতে হয়।

: সেই জন্য তো আমিও আগের থেকে ফোন করলাম। জানি আপনার মনিকাকে সব বুঝিয়ে আসতে হবে। ৩ সপ্তাহ থাকার মত তৈরি হয়ে আসবেন।

: ৩ সপ্তাহ! এতদিন? আপনার প্রাইভেসি নষ্ট হবে।

: আমার আবার কিসের প্রাইভেসি? তাছাড়া যারা আসছে, তারা আপনারও যা, আমারও তাই। এ কথায় জেনিলিয়াও গলা খুলে হেসে উঠলো। তারপর খুব খুশির গলায়ই বললো-

: ঠিক আছে, দেখি মনিকাকে ম্যানেজ করতে পারি কিনা? তাছাড়া মাঝে মধ্যে আসা-যাওয়া করা যেতে পারে।

তাই আজ আমান্ডা অনেক বেশি রান্না করছে। ৮/৯ জন মানুষ খাবে প্রতি বেলায়। এ তার আনন্দের ছুটাছুটি। ধরতে গেলে গত ৫ বছরের মধ্যে এই আনন্দের ছুটোছুটি সে করেনি। যদিও এই ৫ বছরে সারা এবং ওরা সবাই এসেছে। তবু তার ফাবিতো ছিল না। তাই তার আনন্দের ভান্ডারও কাণায় কাণায় পূর্ণ হয়নি।

এখন ফাবি ঘুমিয়ে আছে। এই ফাঁকে সব রেডি করছে। বিকালে চায়ের সাথে খাবার জন্য একটা সবজি কাটলেটের গোলা তৈরি করে রাখবে। এটা ডিপ ফ্রাই। ব্রকলি হালকা সেদ্ধ করে, চটকিয়ে অল্প আলুর কুচি, পেঁয়াজ আর চিজ পাউডার, পেঁয়াজ আর গোল মরিচের গুড়া দিয়ে মাখাতে হবে, চিমটি খানেক বেকিং পাউডার আর পরিমাণ মত লবণ দিতে হবে। গোলাটা অনেকটা তেলে ভাজা পিঠার মত হবে। ডুবো তেলে ১ টেবিল চামচের আকারে ছাড়তে হবে। ফুলে টোপ্পা হবে। যারা ঝাল খায় তারা বেশি করে ঝাল দিতে পারে। তবে নাটালিটা আবার বেশি ঝাল খেতে পারে না।

একটা রান্না করার সময় রাঁধুনিকে সবার কথা ভেবে রাঁধতে হয়। আমান্ডা নিজে ঝাল খেতে খুউব ভালোবাসে। আমান্ডার তো বেশ ছোট বেলাতে বিয়ে হয়েছিল। তাই তার সব ভালো লাগা না লাগা আলবার্টকে ঘিরেই ছিলো। আলবার্ট প্রচন্ড ঝাল খেত। ফাবিয়ান ঝাল খেতে ভালোবাসে। আজ অনেক দিন পর স্বামীর কথা মনে পড়ে যাওয়াতে, চোখ ভারে কান্না এলো। আহা, এটা তাদের অত্যন্ত আনন্দের সময়। ঘর ভরে যাবে বাচ্চা কাচ্চাতে। যা আলবার্ট চাইতো। আলবার্ট তো বিয়ের পর হাসতে হাসতে বলতো, আমরা ফুটবল টিম বানাবো। কোথায় ফুটবল টিম? বাচ্চাই হচ্ছিলো না, আমান্ডার। অনেক সাধ্য সাধনা করে ‘সারা’র জন্ম হলো। মজার ব্যাপার আমান্ডার সারা জন্মাবার পর আর কোনোদিন ‘কনসিভ’ই করেনি। আর একটা বাচ্চা কনসিভ করার জন্য অনেক ডাক্তার, বদ্যি করেছে। হয়নি। তাইতো আলবার্টের ‘সারা’ অনেকটা জান ছিল। সারার জীবনে যখন ঐ অঘটন ঘটলো আলবার্ট সইতে পারলো না। তারপরতো বেশি দিন বাঁচলোই না। এক সময় আমান্ডা চিন্তাই করতে পারতো না আলবার্ট ছাড়া। তার ছায়া সর্বস্ব ছিলো। আলবার্ট কত বকেছে তাকে, কিছুই বোঝ না? যদি আমি মরে যাই, কি করবে তখন? আমান্ডা মনে মনে বলতো, বালাই ষাট! সত্যিই সেতো চিন্তাই করতে পারতো না আলবার্ট ছাড়া এই দুনিয়া! রান্না ঘরই ছিলো তার নিজস্ব জগত। এছাড়া খুউব ভালো সেলাই ফোড়াই করতো। মানুষের উপকার করতে খুউব ভালোবাসে। পাড়ায়, বেপাড়ায় সবাই তাকে চেনে উপকারী বন্ধু হিসাবে।

তবে ফাবিয়ান কানাডা যাবার পরই আমান্ডা নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছে। একমাত্র রোডিকাদের বাড়ি ছাড়া কোথাও যায় না। এমন কি যে রান্নাই তার ধ্যান জ্ঞান ছিলো, সেই রান্নাটাও তার করতে কষ্ট হয়। কত দিন রোডিকা এসে বকেছে। খাবার তো হরহামেশাই দিয়ে যায়। আর বলেছে, ‘আমান্ডা আন্টি নিজের জন্যও মানুষকে কোনো কোনো সময় বাঁচতে হয়!’ সেটাইতো তার একমাত্র দুর্বলতা। নিজের জন্যই সে একেবারেই বাঁচতে শেখেনি।

ফাবিয়ান সবই জানে, বোঝে। তাইতো তার ভয়ঙ্কর কষ্টকর সময়ও আমান্ডাকে ফোন করতে ভোলে না। জানে তো সে ফোন না করলে আমান্ডার দিন-রাত্রি স্থির হয়ে যায়। যে আমান্ডা, আলবার্ট ছাড়া চলতেই পারতো না। কিন্তু তার মৃত্যুর পর সে ঠিকই শক্ত হাতে হাল ধরেছিল। তখন আমান্ডা হাল না ধরলে বানের জলের মত সব ভেসে যেত। একদিকে সারার ভাঙ্গা জীবন। ছোট্ট ফাবিয়ানকে নিয়ে মধ্য সাগরে হাবুডুবু খাওয়া জীবন, তার মধ্যে অকস্মাৎ বজ্রপাতের মত আলবার্টের মৃত্যু। বড় অসময়ে তার মৃত্যু হয়েছিল। তার থেকে কিছু বড় রোডিকার বাবা আজও বেঁচে আছে। তবে টনি তাকে অনেক সাহায্য করেছে। যদিও সে তাদের রক্তের বা কোন আত্মার আত্মীয় নয়। শুধুই একজন কর্মচারী মাত্র। তবু অত্যন্ত বিশ্বস্ত কর্মচারী। ছায়ার মত তাদেরকে ঘিরে রেখেছে।

আজ এই অতি আনন্দের দিনে কেন যে এইসব ছাইপাস মনে করছে আমান্ডা? ভেজ কাটলেট-এর গোলা তৈরি করে ঢাকা দিয়ে রাখলো। এটা ১২ থেকে ১৪ ঘণ্টা আগে করে রাখলে, খুব নরম এবং ক্রিসপি হবে। টেস্টটাও খুব সুন্দর হবে।

আমান্ডার দুপুরের রান্নার যোগাড়ও প্রায়ই শেষ। বিফ মিটবল অলরেডি গড়ে রেখেছে। এখন ওরা কখন যে আসবে? তার উপর নির্ভর করবে পাস্তার সাথে মিটবল এক সাথে রাধবার। মিটবল প্রায় ১০০-এর মত গড়ে রেখেছে। আমান্ডার কেরামতি এই মিটবলে। প্রচুর সময় নিয়ে মিটবল সে বানায়। ১৪ ঘণ্টার মত মেরিনেটিং করে রাখে। তারপর একই সাইজের মিটবল বানাবে। তারপর ভাজতে বসবে। ফাবিয়ানের খুউব প্রিয় খাবার। সারাও এটা খুব ভালোবাসে। তবে ফাবি রাগও করবে। বলবে, ‘এত ঢং করার দরকার কি নন্না? সোজা পানির মধ্যে মিটবল ছেড়ে ছেড়ে উঠিয়ে নেবে, তা না আবার ভাজতে বসবে। পারোও তুমি। সৃষ্টিকর্তা যত ধৈর্য্য তোমাকে দিয়েছে, তার সবটুকু তুমি রান্নায় খরচা করো।’

আমান্ডা হি… হি… করে হাসে ফাবির কথা শুনে। কথাটা সত্যি। আবার যখন দেখে, এই বক্তাই আঙ্গুল চেটে চেটে তার মিটবল পাস্তা খাচ্ছে, তখন ধৈর্য্যরে সব পুরস্কার পেয়ে যায়। হৃদয়ের মধ্যে শত শত ময়ুর এক সাথে নেচে উঠে পাখা মেলে। আজ যদি ওরা নাও আসে তাহলে অন্য কিছু করে দেবে। মটরশুটি আর ল্যাম্বের কিমার ডিমসাম করে দেবে অথবা ভেজিটেবল পিজা বানিয়ে দেবে। আমান্ডা বহু ধরনের পিজা বানাতে পারে। তার মধ্যে তার বিখ্যাত পিজা হলো বাররিকিউ সসের সাথে বিফ বোনলেন্স-এর পিস দিয়ে পিজা। এটা সাধারণত কোন পার্টিতে বা ওদের জন্মদিনে আমান্ডা বানায়। খুউব হ্যাপা।

এখন আবার প্যান কেকের গোলা বানাবে ফাবির জন্য। চালের গুড়া বানিয়েছে ওর মধ্যে তিন ভাগের এক ভাগ ময়দা দেবে আর মধু দেবে। এটা মজার ব্যাপার খুউব ছোট্ট বেলায় ফাবি এটাই খেত নাস্তায়। এখনও সেই ভালো লাগা রয়ে গেছে।

ফাবিয়ানকে ডাকতে গ্যালো আমান্ডা।

: ফাবি, এই ফাবি ওঠ। দ্যাখো ছেলের কান্ড। ইশরে, ঘুমের কি ছিরি। চার হাত-পা চার দিকে দিয়ে ভুট হয়ে শুয়ে আছে। ওঠ জলদি, ১২টা প্রায় বাজতে চলেছে।

: ওহ্ … নন্না, আরো একটু ঘুমাই- যন্ত্রণা করো নাতো?

: না, যথেষ্ঠ হয়েছে। রাতে ঘুমাবে না। এই তোমাদের এই জেনারেশনদের ঢং হয়েছে। রাতে সারা রাত কম্পিউটার নিয়ে ঘুটুংঘাটুং করবে আর দিনে পড়ে পড়ে ঘুমাবে।

: ওহ্ নন্না, বলেই আমান্ডাকে টেনে খাটে বসিয়ে দিল। তারপর সেই ছোট বেলার মত তার কোলে মুখ গুঁজে দিয়ে, তা কোমর জড়িয়ে ধরলো। তারপর গুন গুন করে বললো-

: ওহ্, আমার এই জীবনেই সুখ।

: ঠিক আছে, এখন ওঠ তো সোনা, বেলা মাথার উপর উঠেছে। চট করে একেবারে গোসল করে আয়। আমি ততক্ষণে যাই প্যান কেকগুলো ভেজে ফেলি। আবার যদি ওদের ফোন আসে তো তোকে আবার ওদের পিকআপ করতে যেতে হবে।

ব্যাস, এই কথায়, এক লাফে উঠে দাঁড়ালো ফাবিয়ান। বললো-

: ওহ্ হো, আগে বলবে না? আমার তো মনেই ছিল না। তারপর আবার বসে পড়লো। বললো-

: কিন্তু মা তো বলেইনি। ঠিক কবে আসবে? তাই না?

: হু, তা ঠিক। তবে আমার মন বলছে আজ-কালকের মধ্যেই আসবে।

: তোমার মনতো কত কিছুই বলে…

এই কথায় আমান্ডা হেসে ফেললো। তারপর ফাবির কপালের উপর পড়ে থাকা চুলগুলো নাড়িয়ে দিল। তারপর খুউব মৃদু স্বরে বললো-

: মায়ের মন কখনো ভুল বলে না। কারণ কি জানিস, সন্তানরা যেটা আজ ভাবে মায়েরা সেটা কিছু আগেই ভেবে ফেলে।

: আচ্ছা? তাহলে চলো একটা বাজি ধরে ফেলি। যদি আজ মা আসে তো আমি তোমাকে ৫০ ইউরো দিবো। আর মা যদি কাল বা পরশু আসে তুমি আমাকে ৫০ ইউরো দেবে।

: না বাবা, আমি এইসব বেট টেটের মধ্যে নাই।

ফাবিয়ান সকালের সমস্ত অলসতা ভেঙ্গে হো… হো… করে হেসে ফেললো। আমান্ডা অকস্মাৎ এই হাসির মধ্যে তার সেই ছোট বেলার ফাবিকে খুঁজে পেল। সেই সরল বোকা বোকা ভালোবাসাতে ভরপুর ফাবিয়ান।

২২

ফেব্র“য়ারি প্রায় শেষের পথে। তবু ঠান্ডা কমার নামই নাই। যদিও সে মোটেই ঠান্ডায় কাবু হবার মেয়ে নয়। ঠান্ডার দেশের মেয়ে সে। নিউ ব্রান্সউইক এর মেয়ে। সেখানে গরম পড়ে না বললেই চলে। ছোটবেলা থেকে ঠান্ডার মধ্যে স্কেটিং করতো। বর্ডার ক্রস স্নো স্কেটিং-এ সে দুবার চ্যাম্পিয়ন হয়েছে। তাছাড়া সেই সবার বড় সন্তান। তার পিঠেপিঠি মায়ের আরো ৩ সন্তান। প্রচুর কাজ করা লাগতো। ছোটবেলা থেকেই তাই কাজেও খুউব পটু। বাবার মত হয়েছে সে। তার মা বরং খুব অলস প্রকৃতির মহিলা। ছোটবেলাতে দেখতো বেশির ভাগ দিনই মধ্যাহ্ন অথবা নৈশকালীন খাবার মা ‘টেক-আউট’ করতো। কিন্তু বাবা, তার মা লোরেন সুলেভানকে প্রচণ্ড ভয় পেত। কারণ তার মা প্রচণ্ড চেচামেচি করতো। জিনিসপত্র ছুড়ে ফেলতো। মোট কথা, সিন ক্রিয়েটের ওস্তাদ ছিল তার মা। ছোটবেলা থেকেই তাই মনের অগোচরেই নাওমী তার বাবা লুকাস আন্দ্রে সুলেভানকে পাগলের মত ভালোবাসতো। শুধু যে ভালোবাসতো তাই নয়, এক ধরনের মমতাও বোধ করতো। তার পরের ভাই এডুইন আর সে মোটামুটি এসব দেখতে দেখতে বড় হয়েছে। তারা মাত্র ১ বছরের ছোট-বড়। তারপর এডুইনের ৩ বছর পর হলো ভিভিয়ান। ভিভিয়ানের আবার ২ বছর পর ভিক্টর। ভিক্টরকে তো নাওমীই কোলে পিঠে করে বড় করেছে। কারণ ভিক্টরের জন্মের পর পরই মায়ের ব্যাক পেইন শুরু হলো। তখন সে এক দমই কাজ করতে চাইতো না। একটু কিছু করলেই ব্যাস- লুকাস আমি খুবই ক্লান্ত, তুমি সামলাও। আমি এইসব পারছি না।

ব্যাচারা লুকাস একদিকে তার জব, অন্যদিকে সংসার। খুবই ধৈর্য্যশীল মানুষ তার বাবা। একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার। তার মা ছিল একজন ফার্মাসিস্ট। কিন্তু ভিভিয়ান হবার পর সে তার চাকরিতে ইস্তফা দিয়েছে। কারণ তার ক্রণিক ব্যাক পেইন।

ছোট বেলা থেকেই নাওমী তার বাবার মত অসম্ভব কর্মঠ এবং ধৈর্য্যশীল। বেশির ভাগ রান্নাই সে তার দাদীর কাছে শিখেছে। তার দাদা-দাদী তাদের বাড়ির ঠিক দুই ব্লক দূরে থাকতো। একটু সময় পেলেই নাওমী তার দাদীর কাছে ছুটে যেত। তার দাদী ছিল সত্যিকারের একজন রন্ধন শিল্পী। রান্না যে একটা কত বড় শিল্প, এটাই তার দাদী তাকে বুঝিয়েছে। তার প্রায় প্রতিটি রান্না দাদী তাকে হাতে ধরে শিখিয়েছে। তাদের প্রধান খাদ্য আলু বিফ এন্ড চিকেন। সি ফুডও তারা প্রচুর খায়। তবে তার মা লোরেন কোন ধরনের মাছ বা সি ফুড খায় না। সে খাবার ব্যাপারে প্রচণ্ড খুঁতখুঁতে। তাই তাদের বাসায় মাছ কোন দিন রান্না হয় না। এমনকি তার মা কোন দিন ভাতও খায় না। ওরা শুধু ম্যাস পটেটো অনেক ধরনের খায়। বেকিং পটেটো। বারবিকিউ পটেটো। সাথে অন্য কিছু। ওদের বাড়িতে তাই প্রায় বারো মাসেই বারবিকিউ খাবার করা হয়। শুধু গরম কালই ইইছ হয়, তা নয়। ওর বাবার ডাবল গ্যারেজের এক পাশে সুন্দর করে ইইছ -এর অভেন গুছানো। সপ্তাহে দুই দিন ভুট্টাও ইইছ করে, বাবা সাথে ঝুকিনি অথবা মিষ্টি আলুও ইইছ করে দেয়। ওর মা শুধু বেকিং ফুড করে তাও মাসে তিন চারদিন। এর বেশি নয়। চিকেন বেকিং। চিকেন পরিস্কার করে তাতে অলিভ ওয়েল আর একটু গোল মরিচের গুড়া, একটু লবণ আর রোজমেরি দিয়ে বেকিং করবে। সাথে ঘরে বানানো গারলিক অথবা সেসিমি ব্রেড। ব্রেড ওর মা খুউব ভালো বানায়। নাওমী তাই ছোট বেলা থেকেই মায়ের কাছে এবং বাবার কাছে, আর ভালো ভলো খাবার সব দাদীর কাছে বানাতে শিখেছে। কিছু চাপে পড়ে শিখেছে। কিছুটা ভালোবেসে শিখেছে।

রান্না করতে সে খুবই ভালোবাসে। তাই নিজেও অনেক কিছু ইন্টারনেট থেকে শিখেছে। তবে নাওমী সেলাই ফোড়াই করতেও খুব ভালবাসে। (চলবে)

রীনা গুলশান

রীনা গুলশান, টরন্টো
gulshanararina@gmail.com
(লেখক রীনা গুলশান বাংলা সাহিত্যে মাস্টার্স। ইতিপূর্বে বাংলাদেশের বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক এবং মাসিকে তার কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, রম্য রচনা প্রকাশিত হয়েছে। প্রকাশিত হয়েছে কানাডার বিভিন্ন বাংলা পত্রিকাতেও। তিনি ‘প্রবাসী কণ্ঠ’ ম্যাগাজিন এর একজন নিয়মিত কলামিস্ট।)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *