ভ্রমণ বীমা থাকা সত্ত্বেও অসুস্থ হয়ে অন্টারিওর এক ব্যক্তিকে বিশাল অংকের বিলের সম্মুখীন হতে হয়েছে

প্রবাসী কণ্ঠ ডেস্ক, জুন ১২, ২০২৬ : ভ্রমণ বীমা থাকা সত্ত্বেও মেক্সিকোতে হাসপাতালে ভর্তি হওয়ার পর অন্টারিওর এক ব্যক্তিকে ১ লক্ষ ৪৭ হাজার ডলারের বিলের সম্মুখীন হতে হয়েছে। খবর সিটিভি নিউজের।

কানাডার বাইরে ভ্রমণের আগে যদি আপনি ভ্রমণ বীমা কিনে থাকেন তাহলেও শতভাগ নিশ্চিত হওয়ার সুযোগ নেই যে, বিদেশে অসুস্থ হলে বীমা কোম্পানী আপনার সমস্ত চিকিৎসা খরচ বহন করবে। সম্প্রতি এরকমই এক পরিস্থিতির শিকার হয়েছেন অন্টারিওর এক ব্যক্তি। তাকে এখন ১ লক্ষ ৪৭ হাজার ডলারের বিলের সম্মুখীন হতে হয়েছে। কারণ বীমা কোম্পানী তদন্ত করে দেখতে পেয়েছে ঐ ব্যক্তি ভ্রমণে যাওয়ার দিন কয়েক আগে কিছুটা অসুস্থ বোধ করায় ওয়াক-ইন ক্লিনিকে ভিজিট করেছিলেন। কিন্তু ডাক্তার বলেছিলেন, তিনি ভ্রমণ করতে পারবেন। কোনো সমস্যা হবে না।

সিটিভি নিউজ জানায়, ২০২৪ সালের এপ্রিলে টরন্টোর নিকটবর্তী অশোওয়ার বাসিন্দা বাহোজ আলী তার প্রেমিকার সাথে মেক্সিকো ভ্রমণ করেন। বিদেশে যাওয়ার আগে তিনি ‘গ্লোবাল ইয়ুথ অল-ইনক্লুসিভ’ ভ্রমণ পলিসিটি কিনেছিলেন।

বাহোজ আলী মেক্সিকো ভ্রমণ করতে গিয়ে অসুস্থ পড়েন। পরে বীমা থাকা সত্ত্বেও ১ লক্ষ ৪৭ হাজার ডলারের বিলের সম্মুখীন হতে হয়েছে। ছবি : সংগৃহীত

আলী জানান, “পরিকল্পনা করার কয়েক মাস আগেই আমি আর আমার সঙ্গী মিলে ট্রিপটা বুক করেছিলাম। বরাবরের মতোই আমরা ভ্রমণ বীমার জন্যও টাকা দিয়েছিলাম।”

আলি বলেন, মেক্সিকোর কানকুনে যাওয়ার এক সপ্তাহ আগে, তার ফ্লু হয়েছে বলে মনে হচ্ছিল এবং তিনি একটি ওয়াক-ইন ক্লিনিকে গিয়েছিলেন। তখন চিকিৎসক নিশ্চিত করেছিলেন যে এটি একটি সাধারণ অসুস্থতা এবং আমি ভ্রমণে যাওয়ার জন্য সম্পূর্ণ সুস্থ।

তবে, রিসোর্টে পৌঁছানোর দুই দিন পর আলী অসুস্থ বোধ করতে শুরু করেন। পরে তিনি একাধিকবার খিঁচুনিতে আক্রান্ত হন, যার জন্য জরুরি চিকিৎসার প্রয়োজন হয় এবং এর কিছুক্ষণ পরেই তিনি কোমায় চলে যান।

“সেই মুহূর্তে আমার মস্তিষ্ক অসাড় হয়ে যায় এবং এরপরের তেমন কিছুই আমার মনে নেই “ আলী সিটিভি নিউজকে এ কথা বলেন।

তিনি মেক্সিকোতে আট দিন চিকিৎসা নিয়েছিলেন, কিন্তু তার স্বাস্থ্য সমস্যাটি ঠিক কী ছিল তা স্পষ্ট ছিল না। তখন তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে কানাডায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

কানাডায় ফিরে আসার পর আলী নিয়মিত চিকিৎসা গ্রহণ করেন এবং তার সমস্ত বিলও পরিশোধ করা হয়। তবে, এক বছর পর তাকে জানানো হয় যে তার আবেদনটি নাকচ করা হয়েছে এবং তাকে ১,৪৭,৫০২ ডলার ফেরত দিতে হবে বীমা কোম্পানীকে। যে কোন সাধারণ আয়ের পরিবার বা ব্যক্তির পক্ষে সুবিশাল এক অংক এটি।

“একটি সাধারণ পরিবারের পক্ষে ১ লক্ষ ৪৭ হাজার ডলারের বেশি পরিশোধ করা কোনোভাবেই সম্ভব নয়,”  এ কথা বলেছেন আলীর ভাই হানো।

কেন দাবিটি প্রত্যাখ্যান করা হয়েছিল

বীমা দাবীটির তদন্তে জানা গেছে যে, আলী তার ভ্রমণের আগে একটি ওয়াক-ইন ক্লিনিকে গিয়েছিলেন। ম্যানুলাইফের ‘গ্লোবাল ইয়ুথ অল-ইনক্লুসিভ’ পলিসি অনুযায়ী, ভ্রমণের আগে পলিসিধারীদের স্বাস্থ্য ৯০ দিন স্থিতিশীল অবস্থায় থাকতে হয়।

যখন CTV News আলীর পক্ষ থেকে ম্যানুলাইফের সাথে যোগাযোগ করে, তখন একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, “ম্যানুলাইফ নিশ্চিত করছে যে, মেডিকেল রেকর্ড অনুযায়ী ভ্রমণের পূর্বে জনাব আলী উপসর্গে ভুগছিলেন এবং পূর্ব বিদ্যমান একটি শারীরিক অবস্থার জন্য চিকিৎসা নিয়েছিলেন। পলিসি অনুযায়ী, এই অবস্থাটি যাত্রার পূর্ববর্তী তিন মাসের স্থিতিশীলতার মেয়াদের মধ্যে পড়েছিল। যেহেতু পূর্ববর্তী চিকিৎসার ভিত্তিতে ভ্রমণের সময় এই অবস্থাটি সম্পর্কে জানা ছিল, তাই এটি কভারেজ কীভাবে প্রযোজ্য হবে তার উপর প্রভাব ফেলেছে।”

ম্যানুলাইফ জানায়, “এই পরিস্থিতি ভ্রমণ বীমার আওতা বোঝার গুরুত্বকে তুলে ধরে, কারণ পলিসিতে নির্দিষ্ট শর্তাবলী, নিয়মকানুন এবং বর্জনীয় বিষয় থাকে। ম্যানুলাইফ ভ্রমণকারীদের তাদের পলিসি ভালোভাবে পর্যালোচনা করতে এবং আগে থেকেই প্রাসঙ্গিক চিকিৎসা সংক্রান্ত তথ্য জানাতে উৎসাহিত করে, যার মধ্যে পলিসি কেনার পর কোনো পরিবর্তন হয়ে থাকলে সেটিও অন্তর্ভুক্ত। আমাদের বীমা সহায়তা দলগুলোও প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, যা পলিসিধারীদের তাদের আওতা সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেতে সাহায্য করবে।”

ভ্রমণ বীমা কোম্পানি ট্র্যাভেল সিকিউর ইনকর্পোরেটেডের সভাপতি মার্টিন ফায়ারস্টোন সিটিভি নিউজকে বলেছেন, এটি একটি দুর্ভাগ্যজনক পরিস্থিতি। তিনি বলেন, “এটি সত্যিই দুঃখজনক, কারণ এর সাথে অনেক টাকা জড়িত।”

পরিবারটি এরপর দুইবার আপিল করলেও সফল হয়নি।

“এখানকার ডাক্তাররা বলছেন এর সাথে ফ্লু বা তার ব্যক্ত করা কোনো উপসর্গেরই সম্পর্ক ছিল না, কিন্তু বীমা কোম্পানি বলছে, আমরা বিশ্বাস করি যে দুটোর মধ্যে একটি যোগসূত্র আছে। এটাই সমস্যা,” ফায়ারস্টোন এ কথা বললেন।

আলীর বাবা রহিম আলী বলেন, তিনি তার বন্ধু ও পরিবার এবং সম্প্রদায়ের সমর্থনের জন্য কৃতজ্ঞ, কিন্তু তিনি মনে করেন সকলেরই জানা উচিত যে ভ্রমণ স্বাস্থ্য বীমা থাকলেও আপনার বিল পরিশোধ করা নাও হতে পারে। তিনি আরও বলেন, “সব কানাডিয়ান যখন ভ্রমণে যান, আমার মনে হয় না তারা নিরাপদ, কারণ যখন তাদের প্রয়োজন হয়, তখন বীমা কোম্পানী টাকা না দেওয়ার জন্য কোনো না কোনো অজুহাত খুঁজে নিতে পারে।”