ভেঙ্গুভারে মসজিদ আল ইমান এর ইমাম হামলার শিকার

প্রবাসী কণ্ঠ ডেস্ক, জুন ২৪, ২০২৬ : ব্রিটিশ কলম্বিয়ার মুসলিম অ্যাসোসিয়েশন (বিসিএমএ) জানিয়েছে, গত ১৮ জুন ভিক্টোরিয়ায় মসজিদ আল-ইমান মসজিদের প্রধান ইব্রাহিম আলী আক্রান্ত হয়েছেন। খবর সিবিসি নিউজের।

বিসিএমএ-র মুখপাত্র মোহাম্মদ ইমতিয়াজ আসিন বলেন, ইব্রাহিম আলী জানিয়েছেন যে তিনি বাড়ির বাইরে নিজের গাড়িতে বসে থাকার সময় কাউকে গাড়িটি পরিদর্শন করতে দেখেন।

আসিন বলেন, লোকটি আলিকে দেখতে পেয়ে গাড়ির দরজা জোর করে খোলার চেষ্টা করেন এবং পরবর্তী ধস্তাধস্তির সময় লোকটি ধর্মীয় পোশাক পরা আলিকে “নিজের দেশে ফিরে যেতে” বলেন।

মসজিদ আল-ইমান মসজিদের প্রধান ইব্রাহিম আলী বিদ্বেষী হামলার শিকার। ছবি : বি.সি. মুসলিম অ্যাসোসিয়েশন

ভিক্টোরিয়া পুলিশ সিবিসি নিউজকে জানিয়েছে যে অভিযোগ দায়ের করা হয়েছে এবং একজন সন্দেহভাজনকে রিমান্ডে নেওয়া হয়েছে, তবে ফাইলটি “জটিল” হওয়ায় তারা মঙ্গলবারের আগে এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে পারবেন না।

ব্রিটিশ কলাম্বিয়ার কর্মকর্তারা গত সপ্তাহে ভিক্টোরিয়ার ঐ মসজিদের ইমামের ওপর কথিত হামলার নিন্দা জানিয়েছেন।

ভিক্টোরিয়ার মেয়র ম্যারিয়েন আল্টো বলেছেন, এই ঘটনায় তিনি হতাশ ও মর্মাহত হয়েছেন। তিনি আরো বলেন, “এটা অগ্রহণযোগ্য, একেবারেই অগ্রহণযোগ্য যে কেউ এমন হামলার শিকার হবেন।”

জননিরাপত্তা মন্ত্রী নিনা ক্রিগার এরকম হামলাকে “গভীরভাবে উদ্বেগজনক” বলে অভিহিত করেছেন এবং জানিয়েছেন যে তাঁর মন্ত্রণালয় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

তিনি আরো বলেন, “ব্রিটিশ কলাম্বিয়ার প্রতিটি সম্প্রদায়ের নিরাপদ বোধ করা প্রয়োজন এবং কেউ যেন তার পরিচয়ের কারণে নিজেকে লক্ষ্যবস্তু বা অসুরক্ষিত মনে না করেন।“

বিসিএমএ-র মুখপাত্র মোহাম্মদ ইমতিয়াজ আসিন বলেন, ইব্রাহিম আলী এই ঘটনা থেকে গুরুতর আঘাত ছাড়াই রক্ষা পেয়েছেন। তবে তিনি মাথায় হালকা আঘাত পেয়েছেন, তার কিছুটা মাথা ঘুরছিল এবং শরীরে কিছু কালশিটে ও ফোলা দাগ রয়েছে।

হামলার ঘটনার পরে ইব্রাহিম আলী মসজিদে তাঁর দায়িত্বে ফিরে এসেছেন।