কুইবেকে জীবন সন্তুষ্টির হার সর্বোচ্চ এবং আলবার্টায় সর্বনিম্ন

প্রবাসী কণ্ঠ ডেস্ক, মে ১৪, ২০২৬ : কানাডায় এই মুহূর্তে সামগ্রিকভাবে আপনার জীবন সম্পর্কে আপনার কেমন লাগছে? গত বছর স্ট্যাটিস্টিকস কানাডা তাদের ত্রৈমাসিক ‘জীবন সন্তুষ্টি’ সমীক্ষায় এই প্রশ্নটি করেছিল, যার ফলাফল সংস্থাটি গত ৮ মে শুক্রবার প্রকাশ করেছে। খবর সিপি২৪ এর।

সমীক্ষায় দেখা গেছে যে, ২০২৫ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে ৪৬.১ শতাংশ কানাডাবাসী উচ্চ জীবন সন্তুষ্টির কথা জানিয়েছেন, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ৫.৭ শতাংশীয় পয়েন্ট বেশি।

কুইবেক সিটির একটি দৃশ্য । ছবি : প্রবাসী কণ্ঠ

উত্তরদাতাদের শূন্য থেকে ১০-এর স্কেলে প্রশ্নটির উত্তর দিতে বলা হয়েছিল, যেখানে শূন্য মানে ছিল “অত্যন্ত অসন্তুষ্ট” এবং ১০ মানে ছিল “অত্যন্ত সন্তুষ্ট”।

স্ট্যাটিস্টিকস কানাডা উত্তরদাতাদের অবস্থানকারী প্রদেশের ভিত্তিতে তাদের তথ্য সংগ্রহ করেছিল। তারা দেখেছে যে, কুইবেকে জীবন সন্তুষ্টির হার সর্বোচ্চ এবং আলবার্টায় সর্বনিম্ন।

সমীক্ষায় দেখা গেছে কুইবেকে উত্তরদাতাদের ৫৭.৩ শতাংশ তাদের জীবন নিয়ে অত্যন্ত সন্তুষ্টির কথা জানিয়েছেন। অন্যদিকে  নিম্ন জীবন সন্তুষ্টির কথা জানিয়েছেন মাত্র ১৪.৮ শতাংশ । তাদের উত্তর ছিল শূন্য থেকে পাঁচের মধ্যে।

অন্যদিকে, আলবার্টায় জীবন নিয়ে অসন্তুষ্ট উত্তরদাতাদের হার ছিল উল্লেখযোগ্যভাবে বেশি, যা ছিল ২৯.১ শতাংশ। স্ট্যাটিস্টিকস কানাডার সমীক্ষায় দেখা গেছে, আলবার্টার জরিপকৃত বাসিন্দাদের মধ্যে মাত্র ৩৮.১ শতাংশ উচ্চ জীবন সন্তুষ্টির কথা জানিয়েছেন।

আর আলবার্টার পর অন্টারিও ছিল সেই প্রদেশ যেখানে জীবন সন্তুষ্টিকে উচ্চ রেটিং দেওয়ার হার ছিল ৪২ শতাংশ। এবং ২৫.৫ শতাংশ অন্টারিওবাসীর রেটিং ছিল শূন্য থেকে পাঁচের মধ্যে।

জরিপের উত্তরগুলোকে বয়স অনুসারেও ভাগ করা হয়েছিল। স্ট্যাটিস্টিকস কানাডা দেখেছে যে, ৭৫ বছর বা তার বেশি বয়সী ৬৪ শতাংশ মানুষ জীবনে উচ্চ সন্তুষ্টির কথা জানিয়েছেন, যেখানে ২৫ থেকে ৩৪ বছর বয়সী মানুষের ক্ষেত্রে এই হার ছিল মাত্র ৩২.৭ শতাংশ। এদিকে, স্ট্যাটিস্টিকস কানাডা জানিয়েছে, ১৫ থেকে ২৪ বছর বয়সী কানাডিয়ানদের ৪৬ শতাংশ নিজেদের জীবন নিয়ে উচ্চ সন্তুষ্টি প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *