কানাডায় আবারও অভিবাসন বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে
প্রবাসী কণ্ঠ ডেস্ক, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, কানাডার অভিবাসন ব্যবস্থা পুনরায় নিয়ন্ত্রণে আসায় এখন প্রশ্ন দেখা দিয়েছে—কখন থেকে দেশটির জনসংখ্যায় ‘নিয়ন্ত্রিত বৃদ্ধি’ শুরু করা হবে। খবর দি কানাডিয়ান প্রেস এর।
নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কার্নি এই মন্তব্য করেন। তিনি আরো বলেন, “সুতরাং তা ঘটবেই, আর আমরা কেবল নিশ্চিত করতে চাই যে বিষয়টি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।”

তিনি এই মন্তব্য করলেন এমন এক সময় যখন আর মাসখানেক পরই আইন অনুযায়ী সরকারকে আগামী তিন বছরের জন্য অভিবাসন-সংক্রান্ত পরিকল্পনার বিষয়টি প্রকাশ করতে হবে।
উল্লেখ্য যে, কভিড মহামারীর পরবর্তী সময়ে জনসংখ্যায় দ্রুত বৃদ্ধির প্রেক্ষাপটে, সর্বশেষ তিনটি ফেডারেল অভিবাসন পরিকল্পনায় দেশে আগমনকারী মানুষের সংখ্যা কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল।
কার্নি জুলাই মাসে বলেছিলেন যে, সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকারের আমলে জনসংখ্যা দ্রুত বৃদ্ধির পর বর্তমান সরকার অভিবাসন ব্যবস্থার ওপর “নিয়ন্ত্রণ পুনরুদ্ধার” করেছে।
তবে কনজারভেটিভ দলের অভিবাসন-বিষয়ক সমালোচক মিশেল রেম্পেল গার্নার বলেছেন, আরও অভিবাসনের পরিকল্পনা করার সময় এখন নয়। তিনি সোশ্যাল মিডিয়ায় বলেছেন, “অভিবাসন-হার বাড়ানোর পরিবর্তে কমানো প্রয়োজন।”
ইতিপূর্বে সরকার প্রতি বছর কানাডায় স্থায়ী বাসিন্দা হিসেবে গ্রহণ করা মানুষের সংখ্যা ৫ লাখে উন্নীত করার পরিকল্পনা করেছিল। তবে ২০২৪-২৫ সালের অভিবাসন পরিকল্পনায় তারা সেই অবস্থান পরিবর্তন করে এবং এই সংখ্যা কমাতে শুরু করে।
কানাডায় অস্থায়ী কর্মী ও শিক্ষার্থীদের সংখ্যায় বড় ধরনের বৃদ্ধি আবাসন ও শ্রমবাজার, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য পরিষেবার ওপর চাপ সৃষ্টি করেছে—এমনটা উল্লেখ করার পর সরকার তাদের সংখ্যা সীমিত করার প্রক্রিয়াও শুরু করেছে।
আগামী বছরের শেষ নাগাদ অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা মোট জনসংখ্যার ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
অভিবাসন সংখ্যার সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী, এ বছর ৩,৮৫,০০০ এবং ২০২৭ ও ২০২৮—উভয় বছরেই ৩,৭০,০০০ স্থায়ী বাসিন্দাকে গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য যে, সরকার আগামী দুই বছরে আরও প্রায় ১,৪৮,০০০ স্থায়ী বাসিন্দাকে স্বাগত জানানোর লক্ষ্যে দুটি অস্থায়ী পদক্ষেপ গ্রহণ করেছে, যা তাদের বৃহত্তর পরিকল্পনার অন্তর্ভুক্ত নয়।
কার্নি নিউইয়র্ক টাইমসকে আরো বলেছেন, সীমিত জনসংখ্যা বৃদ্ধির কারণে কানাডার জিডিপি সংকুচিত হচ্ছে। স্ট্যাটিস্টিকস কানাডার হিসাব অনুযায়ী, ১ জুলাই পর্যন্ত গত বছরের তুলনায় জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ০.৫ শতাংশ।
