সাচকাচুয়ানের জামিয়া মসজিদে মাইকে আজান: হুমকির মুখে প্রচার বন্ধ

প্রবাসী কণ্ঠ ডেস্ক, জুন ২৪, ২০২৬ : সাচকাচুয়ানের দ্বিতীয় বৃহত্তম শহর রেজিনা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত জামিয়া মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে যে, তাদের ছাদে বসানো মাইক থেকে প্রতি জুম্মার দিন উচ্চস্বরে আজান দেওয়া শুরু করার পর তারা হুমকি পেয়েছে। খবর সিবিসি নিউজের।

মসজিদের পরিচালক এম আনিসুর রহমান বলেন, “আমরা এখানে কাউকে বিরক্ত করতে আসিনি। আমরা এখানে এসেছি সাক্ষাৎ করতে, শুভেচ্ছা বিনিময় করতে এবং জ্ঞান বিনিময় করতে।”

জামিয়া মসজিদ। ছবি : মাইকেল অর্থনার/সিবিসি ও টেবিলসল্ট (X)

এক বিবৃতিতে রেজিনা পুলিশ সার্ভিস জানিয়েছে, তারা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি স্থানীয় ধর্মীয় গোষ্ঠীকে মাইক ব্যবহারের অনুমতিপত্র দিয়েছে।

পুলিশ জানিয়েছে, তারা প্রতি বছর বিভিন্ন গোষ্ঠীকে মাইক বা স্পিকার ব্যবহারের অনুমতিপত্র দিয়ে থাকে। শব্দের স্থায়িত্ব, এলাকা, দিনের সময় এবং শব্দচাপের ওপর ভিত্তি করে আবেদনপত্রগুলো মূল্যায়ন করা হয়।

আনিসুর রহমান বলেছেন, এই আজানের প্রথম পরিবেশনার পর থেকে মসজিদটি ফোন, ইমেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ১০ থেকে ১৫টি হুমকি ও নেতিবাচক বার্তা পেয়েছে।

পুলিশ জানিয়েছে, মাইকে আজান প্রচারের পর যে হুমকি দেওয়া হয়েছে সে বিষয়ে তারা অবগত আছে এবং জুম্মার দিন মুসলিমদের জমায়েতের স্থানগুলোর আশেপাশে পুলিশের উপস্থিতি বাড়ানো হবে এবং হুমকিগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।

রেজিনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমিন আসফারি বলেছেন, মসজিদটিকে লক্ষ্য করে দেওয়া হুমকি ও ঘৃণা অগ্রহণযোগ্য। তবে তিনি এও বলেছেন যে, নামাজের আহ্বান সম্প্রচার শুরু করার সিদ্ধান্তটি একটি ভুল ছিল। তাঁর উদ্বেগ হলো, বৃহত্তর সম্প্রদায়ের কাছে যথেষ্ট ভিত্তি ছাড়া কোনো ধর্মীয় আচারকে জনসমক্ষে আরও দৃশ্যমান করে তুললে তা বিদ্যমান কুসংস্কারকে আরও তীব্র করতে পারে। তিনি আরও বলেন যে, নামাজের আহ্বান সম্প্রচার করার কারণে তরুণ মুসলিমদেরও ঝুঁকির মধ্যে ফেলতে পারে।

অধ্যাপক আমিন আসফারি  আরো বলেন, “গত কয়েকদিনে আমরা যা দেখেছি, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এর পরিপ্রেক্ষিতে যে মন্তব্য করা হচ্ছে, তা আসলে ইসলামবিদ্বেষী বক্তব্যকে আরও উস্কে দেয়।”

তবে মসজিদের পরিচালক এম আনিসুর রহমান বলেন, নামাজের আহ্বান সম্প্রচার না করার ধারণার সঙ্গে তিনি একমত নন। তিনি বলেন, মসজিদটি অমুসলিমসহ প্রশ্নকারীদের জন্য দরজা খোলা রাখতে চায়।

তবে গত ২৬ জুন প্রকাশিত দি কানাডিয়ান প্রেস এর এক খবর থেকে জানা যায়, কিছু বিরোধিতার মুখে পড়ার পর মসজিদ কর্তৃপক্ষ তাদের ছাদের মাইক থেকে আজান প্রচার বন্ধ করে দিয়েছেন।

রেজিনা সিটি জামিয়া মসজিদের পরিচালক এম আনিসুর রহমান শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, কেউ কেউ মাইক সরিয়ে ফেলার হুমকি দিচ্ছিল, আবার সাপ্তাহিক নামাজ অনুষ্ঠিত হওয়ায় অন্যরা ক্ষুব্ধ ছিল।

অনিসুর রহমান বলেন, “সোশ্যাল মিডিয়ায় পাওয়া নেতিবাচক মন্তব্যগুলোর কারণে—যার মধ্যে কয়েকটি আসলে হুমকি ছিল এবং খুব একটা ইতিবাচক  ছিল না — সে কারণে একজন মুসলিম হিসেবে আমরা স্বস্তি বোধ করছি না।”

দুই বছর আগে চালু হওয়া মসজিদটি সেন্ট পলস অ্যাংলিকান ক্যাথেড্রালের কোনাকুনি অবস্থিত। এছাড়াও কাছাকাছি রয়েছে সিটি হল, একটি মেডিকেল ক্লিনিক এবং প্রবীণদের জন্য একটি আবাসন ভবন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *