প্রায় অর্ধ শতাব্দীর রেকর্ড ভঙ্গ করে কানাডায় বেকারত্বের হার গত মার্চ মাসে সর্বনিম্ন পর্যায়ে ৫.৩% এ নেমে এসেছে
প্রবাসী কণ্ঠ ডেস্ক : কানাডার অর্থনীতিতে গত মার্চ মাসে ৭৩,০০০ নতুন চাকরি যুক্ত হয়েছে, যা অর্থনীতিবিদদের প্রত্যাশার চেয়ে সামান্য কম তবে তা সরকারি ভাষ্যে বেকারত্বের হার ৫.৩ শতাংশে নামিয়ে আনার জন্য ছিল যথেষ্ট। এটি ১৯৭৬ সালের সর্বনিম্ন হারের রেকর্ডের চেয়েও কম। খবার সিবিসি নিউজের।

স্ট্যাটিস্টিকস কানাডার প্রতিবেদনে বলা হয়, পণ্য প্রস্তুতকারক এবং পরিষেবা উভয় খাতেই নতুন চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে। তবে এই অর্জনের বেশিরভাগই কেন্দ্রীভূত অন্টারিও ও কুইবেকে। দুটি প্রদেশে যথাক্রমে ৩৫,০০০ এবং ২৭,০০০ নতুন চাকরি সৃষ্টি হয়েছে।
এখন বেকারত্বের হার মহামারির আগের সময়ের চেয়েও নিচে নেমে এসেছে। তখন, ২০১৯ সালের মে মাসে বেকারত্বের হার ছিল মাত্র ৫.৪ শতাংশ।
বেকারত্বের এই হার আরও কমতে পারে। কারণ, গত ছয় মাসেরও বেশি সময় ধরে কানাডায় কর্মসংস্থানের প্রবৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধির হারকে পেছনে ফেলছে। পরিসংখ্যান সংস্থাটি জানাচ্ছে, ২০২১ সালের সেপ্টেম্বর থেকে কানাডা চার লাখ ৬৩ হাজার নতুন চাকরির সংস্থান করেছে। অথচ এই সময়ের মধ্যে কাজ করার বয়সী জনসংখ্যা বেড়েছে মাত্র দুই লাখ ৬৩ হাজার।
বেকারত্বের নিম্ন হারের এটি একটি কারণ। চাকরিপ্রার্থী যে কারও জন্য এটি সুসংবাদ। তবে এরইমধ্যে চাকরিরত আছেন এমন ব্যক্তিদের জন্যও এটি সুখবর, কারণ এটি তাদের জন্য উচ্চতর বেতনের সুযোগ এনে দিতে পারে।
ক্রমবর্ধমান শ্রমিক সঙ্কটের প্রেক্ষাপটে গত মার্চ পর্যন্ত এক বছরে শ্রমিকদের বেতন গড়ে ৩.৪ শতাংশ বেড়েছে। বেতন বাড়ার এই হার মূল্যস্ফীতির প্রায় অর্ধেক, তবে চাকরির বাজারে বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে এর পরিপ্রেক্ষিতে বেতনও অবশ্যই বাড়বে।
