অবশেষে রায়ারসন ইউনিভার্সিটি আনুষ্ঠানিকভাবে নাম পাল্টালো

প্রবাসী কণ্ঠ ডেস্ক ॥ ২৬ এপ্রিল ২০২২ : সাবেক রিয়ারসন ইউনিভার্সিটি আনুষ্ঠানিকভাবে তার নাম পাল্টে রাখলো টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটি। খবর সিবিসি নিউজ  এর। এই বিদ্যায়তনের পরিচালনা বোর্ড গত আগস্টে এর নাম পাল্টানোর পক্ষে ভোট দেয়। যে ব্যক্তির নামে এর নামকরণ করা হয়েছিলো তাকে নিয়ে এবং কানাডার আবাসিক স্কুল ব্যবস্থার সঙ্গে তার সংশ্লিষ্টতা নিয়ে সৃষ্ট উদ্বেগের কারণে বিদ্যায়নের নাম পাল্টানোর বিষয়টি সামনে আসে।

এগারটন রায়ারসনকে ধরা হয় আবাসিক স্কুল ব্যবস্থার অন্যতম প্রথম প্রতিষ্ঠাতা এবং সাম্প্রতিক বছরগুলিতে বিশ্ববিদ্যালয়ের কর্মী ও শিক্ষার্থীরা এর নাম পাল্টোনোর আহবান জানিয়ে আসছিলেন।

আবাসিক স্কুল ব্যবস্থার প্রতিষ্ঠাতা এগারটন রায়ারসনের মূর্তি মাটিতে পড়ে আছে। ২০২১ সালের জুন মাসে এটি উপড়ে ফেলা হয়। ছবি: গ্লোব এ্যান্ড মেইল

বিশ্ববিদ্যালয়ের চেযারম্যান ও ভাইস-চ্যান্সেলর মোহাম্মদ ল্যাশেমি এক বিবৃতিতে বলেন, “টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটির” চেয়ে ভালো কোনও নাম আমি ভাবতে পারি না। মেট্রোপলিটন শব্দটি আমাদের সব সময়ই পরিচিতির প্রতিফলন ঘটায়- একটি নাগরিক প্রতিষ্ঠান যা ঔৎকর্ষ, উদ্ভাবন এবং অন্তর্ভুক্তির প্রতি নিবেদিত আর আমরা যা হতে চাইÑ এমন একটি জায়গা যেখানে সবাই আন্তরিকভাবে বরিত, মনোযোগ প্রাপ্ত, প্রতিনিধিত্ব পাওয়া এবং সুবিদিত বোধ করবে। 

ইউনিভার্সিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন নাম বিবেচনায় সত্য ও সমন্বয়ের দিকটি ছিল তাদের মূল অগ্রাধিকারের বিষয়।  এতে আরও বলা হয়, এ বিষয়ক টাস্কফোর্স যেসব সুপারিশ করেছিল কর্মকর্তারা তার সবগুলোই বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ।

মি. ল্যাশেমি বলেন, “ইউনিভার্সিটির ইতিহাসে এটি এক অতি গুরুত্বপূর্ণ মুহূর্ত যখন আমরা এমন একটি নতুন নাম নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারছি যেটি আমাদের মূল্যবোধের আরও ভালো প্রতিফলন ঘটায় এবং আমাদেরকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে পারে।

এই শিক্ষাঙ্গনে স্থাপিত এগারটন রায়ারসনের মূর্তিটি গত বছর উপড়ে ফেলা হয়। সাবেক আবাসিক স্কুলগুলোর মাঠে যখন অচিহ্নিত গণকবরের সন্ধান পাওয়া যাচ্ছিল সে সময় রিয়ারসনের মূর্তি উপড়ানো হয়।

এর পরদিন ইউনিভার্সিটির হাজারও শিক্ষক ও অন্যান্য অনুষদ সদস্য এর নাম পাল্টানোর দাবি জানিয়ে লেখা চিঠিতে স্বাক্ষর করেন।