ডলি বেগম আবারও জয়ী হলেন
প্রবাসী কণ্ঠ : অন্টারিও পার্লামেন্ট নির্বাচনে স্কারবরো সাউথওয়েস্ট রাইডিং থেকে বাংলাদেশী বংশোদ্ভূত ডলি বেগম আবারও জয়ী হলেন। নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন এনডিপি’র প্রার্থী হিসাবে।
তবে অন্য দুইজন বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থী এবারের নির্বাচনে জয়ী হতে পারেননি। এই প্রার্থী দুজন হলেন ফারহীন আলীম ও কানিজ মৌলি। ফারহীন এনডিপি’র হয়ে প্রার্থী হয়েছিলেন ইটোবিকো-লেকশোর রাইডিং থেকে এবং কানিজ মৌলি প্রার্থী হয়েছিলেন লিবারেল দলের হয়ে ওকভিল-নর্থ বার্লিংটন রাইডিং থেকে ।
উল্লেখ্য যে, ২০১৮ সালে অন্টারিও পার্লামেন্টের নির্বাচনে জয়ী হয়ে ডলি বেগম প্রবাসী বাংলাদেশীদের জন্য সৃষ্টি করেছিলেন এক ইতিহাস। অন্টারিওসহ কানাডার অন্য কোন প্রভিন্সে কোন বাংলাদেশী কানাডিয়ান এরকম মর্যাদায় ভুষিত হননি। এমপিপি বা এমপি কোন পদেই কোন বাংলাদেশী পাশ করতে পারেননি।
২০১৮ সালে অন্টারিও প্রভিন্সিয়াল নির্বাচনে নিউ ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) থেকে মনোনয়ন পেয়ে ডলি বেগম প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন স্কারবরো সাউথওয়েস্ট রাইডিং থেকে। তিনি ১৯ হাজার ৭ শত ৫১ ভোট পেয়ে নির্বাচনে জয় লাভ করেছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রগ্রেসিভ কনজারভেটিভ পার্টির গ্রে এলিস পেয়েছিলেন ১৩ হাজার ৫ শত ৯২ ভোট। অত্র রাইডিং এ চার মেয়াদ ধরে ক্ষমতায় ছিলেন লিবারেল পার্টির লরেঞ্জো বেরারডিনেটি। তিনি ভোট পেয়েছিলেন ৮ হাজার ২ শত ১৫টি।
আর এবারও ডলি বেগম বিপুল ভোটে জয়ী হয়েছেন। অত্র রাইডিং এর ৪৭.১% ভোটার তাকে ভোট দিয়েছেন। মোট ভোট পেয়েছেন ১৫,৯৫৪ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন প্রগ্রেসিভ কনজার্ভেটিভ পার্টির প্রার্থী ব্রেট স্নাইডার। ২৭.৯% ভোটার তাকে ভোট দিয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৯,৪৩৬ টি। আর অন্টারিও লিবারেল পার্টির প্রার্থী লিসা প্যাটেলকে ভোট দিয়েছেন ১৮.৮% ভোটার। তিনি মোট ভোট পেয়েছেন ৬,৩৫৬ টি।
অন্যদিকে প্রথমবারের মতো অন্টারিও পার্লামেন্ট নির্বাচনে অংশ নেয়া ফারহীন আলীম ইটোবিকো-লেকশোর রাইডিং থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তৃতীয় স্থান দখল করেন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল ৮,৫৯৫ টি। তিনি অন্টারিও নিউ ডেমোক্রেটিক পার্টির হয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন।
বাংলাদেশী বংশোদ্ভূত আরেকজন হলেন কানিজ মৌলি। তিনি এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ওকভিল-নর্থ বার্লিংটন রাইডিং থেকে অন্টারিও লিবারেল পার্টির হয়ে। তিনি নির্বাচনে অংশ নিয়ে দ্বিতীয় স্থান দখন করেন। মোট ভোট পেয়েছেন ১৬,৬৩১ টি।
