বিচেস-ইস্ট ইয়র্ক উপনির্বাচনে লিবারেল পার্টি থেকে মনোনয়ন পেলেন তানভীর শাহনাওয়াজ
প্রবাসী কণ্ঠ ডেস্ক, জুলাই ১৯, ২০২৬ : কানাডার লিবারেল পার্টি আসন্ন ফেডারেল উপনির্বাচনে বিচেস-ইস্ট ইয়র্ক নির্বাচনি এলাকার জন্য বাংলাদেশি -কানাডিয়ান তানভীর শাহনাওয়াজকে তাদের প্রার্থী হিসেবে মনোনীত করেছে।
গত শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে লিবারেল পার্টি জানিয়েছে, এই নির্বাচনি এলাকায় শাহনাওয়াজের ‘গভীর শিকড়’ এবং ‘সেবার নজির’ রয়েছে। শাহনাওয়াজ সাবেক লিবারেল এমপি নাথানিয়েল আরস্কাইন-স্মিথের অফিস ম্যানেজার এবং টেইলর-ম্যাসি ও ওকরিজ কমিউনিটি রেসপন্স টিমের সহ-সভাপতি হিসেবে কাজ করতেন। এই তথ্য জানায় সিবিসি নিউজ।

বিচেস-ইস্ট ইয়র্কের প্রাক্তন এমপি আর্স্কিন-স্মিথ গত জুন মাসে তাঁর আসন থেকে পদত্যাগ করেন। কিন্তু তিনি তার পদত্যাগের কোনো কারণ জানাননি। তবে দীর্ঘদিন ধরেই ধারণা করা হচ্ছে যে, নাথানিয়েল অন্টারিও লিবারেল পার্টির নেতৃত্বের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন।
তবে চলতি বছরের শুরুতে নাথানিয়েলের সেই পরিকল্পনাটি হোঁচট খায়, যখন তিনি বাংলাদেশি অধ্যুষিত স্কারবরো সাউথওয়েস্ট নির্বাচনি এলাকায় লিবারেল দলের মনোনয়ন প্রতিযোগিতায় হেরে যান এবং ফলাফলের বিরুদ্ধে তাঁর আপিলও দল কর্তৃক খারিজ হয়ে যায়।
টরন্টোর বাঙ্গালী কমিউনিটিতে নেথনিয়েল একজন পরিচিত মুখ। বাঙ্গালীদের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে নিয়মিত দেখা যায়। ইতিপূর্বে তিনি বাংলাদেশও সফর করেন। প্রবাসী কণ্ঠ ম্যাগাজিনে প্রদত্ত এক সাক্ষাৎকারে তিনি একবার বলেছিলেন, “আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশিদের বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানসমূহে যোগদান ও সহযোগিতা করে আসছি, আমার অফিসে আমি এমন লোকদেরও নিয়োগ দিয়েছি যারা বাংলায় কথা বলতে পারেন এবং লিখতেও পারেন। (এদেরই একজন তানভীর শাহনাওয়াজ।) তিনি আরও বলেন, আমি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে পার্লামেন্টে স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করেছি।
উল্লেখ্য যে, এই স্কারবরো সাউথওয়েস্ট নির্বাচনি এলাকায় এমপিপি ছিলেন বাংলাদেশী-কানাডিয়ান ডলি বেগম। তিনি ঐ পদ থেকে পদত্যাগ করে একই এলাকা থেকে গত এপ্রিল মাসে ফেডারেল নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে জয়ী হয়ে এমপি নির্বাচিত হন। এর পরই নাথানিয়েল ঐ নির্বাচনি এলাকা থেকে অন্টারিও লিবারেল পার্টির মনোনয়ন পাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
মনোনয়ন পাওয়ার পর তানভীর শাহনাওয়াজ বলেন, তিনি প্রধানমন্ত্রী মার্ক কার্নির দলের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তিনি আরও বলেন, “প্রায় এক দশক ধরে, আমি বিচেস—ইস্ট ইয়র্ক জুড়ে মানুষের সেবা করার এবং তাদের অগ্রাধিকারগুলো অটোয়াতে তুলে ধরতে সাহায্য করার সৌভাগ্য লাভ করেছি।”
নাথানিয়েলের সঙ্গে কাজ করার সুবাদে তানভীর শাহনাওয়াজ বিচেস-ইস্ট ইয়র্ক নির্বাচনি এলাকার ভোটারদের কাছে পরিচিত। তিনি মনোনয়ন পাওয়ার পর বাংলাদেশি-কানাডিয়ানদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয়।
