টরন্টোর ২৪তম টিডি ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়ায় সফলভাবে সম্পন্ন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন
টরন্টো, অন্টারিও | ১৫ জুলাই ২০২৬ : গত ১১ ও ১২ জুলাই টরন্টোর জেরার্ড স্ট্রিট ইস্টে অনুষ্ঠিত ২৪তম টিডি ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া-এ দ্বিতীয়বারের মতো সফলভাবে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্যাভিলিয়ন।

Bangla Events GTA-এর আয়োজনে এবং Gerrard India Bazaar BIA (GIBBIA)-এর সহযোগিতায় আয়োজিত বাংলাদেশ প্যাভিলিয়ন হাজারো দর্শনার্থীর সামনে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি, সঙ্গীত, নৃত্য, খাদ্য, শিল্পকলা এবং সৃজনশীলতাকে গর্বের সঙ্গে তুলে ধরে।
উত্তর আমেরিকার অন্যতম বৃহৎ দক্ষিণ এশীয় স্ট্রিট ফেস্টিভ্যালের অংশ হিসেবে বাংলাদেশ প্যাভিলিয়নে দুই দিনব্যাপী ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, খাদ্য ও নন-ফুড স্টল, দর্শকদের অংশগ্রহণমূলক কার্যক্রম এবং পারিবারিক বিনোদনের নানা আয়োজন।
Bangla Events GTA-এর প্রতিষ্ঠাতা লামিয়া তাসনীম ও নাফিজ ইমতিয়াজ বাংলাদেশ প্যাভিলিয়নের আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁরা Gerrard India Bazaar BIA-এর তাসনীম বান্দুকওয়ালা এবং হুতাইব বান্দুকওয়ালা-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের সার্বিক সহযোগিতা, দিকনির্দেশনা এবং উৎসাহ ছাড়া এই আয়োজন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হতো না।
এছাড়াও আয়োজকরা সকল শিল্পী, স্বেচ্ছাসেবক, উপস্থাপক, ডিজে, বিক্রেতা, ফটোগ্রাফার, প্রিন্টিং পার্টনার, মিডিয়া পার্টনার এবং অসংখ্য কমিউনিটি সদস্যের অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
গ্রেটার টরন্টো এরিয়ার বিভিন্ন বাংলাদেশি গণমাধ্যমও ব্যাপক সংবাদ ও প্রচারণার মাধ্যমে বাংলাদেশ প্যাভিলিয়নের সাফল্য মানুষের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল NRB TV-এর সিইও এবং Bangla Mail-এর সম্পাদক শাহিদুল ইসলাম মিন্টু কর্তৃক লামিয়া তাসনীম ও নাফিজ ইমতিয়াজ-কে সম্মাননা ক্রেস্ট প্রদান। বাংলাদেশি সংস্কৃতি ও কমিউনিটিকে কানাডায় তুলে ধরতে তাঁদের নেতৃত্ব ও সফল আয়োজনের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে কমিউনিটির প্রচারে গণমাধ্যমের মাধ্যমে বিশেষ অবদানের জন্য অজন্তা চৌধুরী-কেও সম্মাননা প্রদান করা হয়।
আয়োজকদের মতে, কমিউনিটির অসাধারণ অংশগ্রহণ, স্বেচ্ছাসেবী মনোভাব এবং পারস্পরিক সহযোগিতা প্রমাণ করেছে যে কানাডায় বাংলাদেশি কমিউনিটি দিন দিন আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হচ্ছে। এই ধরনের উদ্যোগ আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং পরিচয়কে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গত দুই বছরের সাফল্যের ধারাবাহিকতায় Bangla Events GTA আগামী বছর ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়ার ২৫তম (সিলভার জুবিলি) আয়োজনে আরও বৃহত্তর পরিসরে বাংলাদেশ প্যাভিলিয়ন উপস্থাপনের লক্ষ্যে GIBBIA-এর সঙ্গে আবারও কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছে। – সংবাদ বিজ্ঞপ্তি
