পাসপোর্টের আবেদন প্রক্রিয়াকরণে ৩০ দিনে বেশি সময় লাগলে ফি ফেরত দেওয়া হবে

পাসপোর্ট পেতে ৩০ কার্যদিবসের বেশি দেরি হলে আবেদন ফি মওকুফ। ছবি : প্রবাসী কণ্ঠ

প্রবাসী কণ্ঠ ডেস্ক, এপ্রিল ১ , ২০২৬ : পাসপোর্টের কোনো আবেদন প্রক্রিয়াকরণে ৩০ কার্যদিবসের বেশি সময় লাগলে, আবেদনকারীরা তাদের পাসপোর্ট বা ভ্রমণ ডকুমেন্ট এর ফি সম্পূর্ণ ফেরত পাবেন। নতুন এই নিয়ম কার্যকর করা হয়েছে এপ্রিলের ১ তারিখ থেকে। খবর দি কানাডিয়ান প্রেস এর।

উল্লেখ্য যে, কোভিড-১৯ বিধিনিষেধ তুলে নেওয়ার পর কানাডিয়ানরা আবার ভ্রমণ শুরু করায় পাসপোর্ট আবেদনে উল্লেখযোগ্য বিলম্ব দেখা দেয়। তবে এখন থেকে, কোনো পাসপোর্ট পেতে ৩০ কার্যদিবসের বেশি দেরি হলে ফেডারেল সরকার আবেদন ফি মওকুফ করবে।

সরকার বলছে, পরিষেবার মান পূরণ করতে না পারলে আবেদনকারীদের ক্ষতিপূরণ দেওয়া উচিত। বেশিরভাগ পাসপোর্ট ১০ থেকে ২০ কার্যদিবসের মধ্যে পরিষেবা মান অনুযায়ী প্রক্রিয়াজাত করা হয়।

নতুন ৩০-দিনের গ্যারান্টি-টি পাসপোর্ট ডাকযোগে পাঠানোর যে সময় লাগে তা অন্তর্ভুক্ত নয়। সরকার একটি সম্পূর্ণ আবেদনপত্র গ্রহণ করার পর থেকে সময় গণনা শুরু হয়। তাছাড়া এই নিয়মটি সব আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, যেমন জরুরি এবং এক্সপ্রেস পরিষেবা।