কানাডা দিবস উদযাপনের দিন থান্ডার বে-তে এক মুসলিম পরিবারের ওপর হামলা

হামলাকারীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে

প্রবাসী কণ্ঠ ডেস্ক,  জুলাই ২০, ২০২৬ : অন্টারিওর থান্ডার বে-তে কানাডা দিবস উদযাপনের দিন ৪১ বছর বয়সী এক ব্যক্তি স্থানীয় এক মুসলিম পরিবারের উপর বর্ণ বিদ্বেষী হামলা চালায়। পুলিশ জানায়, এই হামলাটি বর্ণবিদ্বেষপ্রসূত হতে পারে এবং শহরের হেট ক্রাইম ইউনিট এর তদন্তের দায়িত্ব নিয়েছে। খবর সিটিভি নিউজের।

গত ১ জুলাই দুপুর ১২:৪৫-এর কিছুক্ষণ পর শহরের ভিলা স্ট্রিট এবং কাম্বারল্যান্ড স্ট্রিট নর্থ এলাকায় ঐ হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর দুই সপ্তাহেরও বেশি সময় অতিক্রান্ত হলে থান্ডার বে পুলিশ সার্ভিস এই অভিযোগের কথা ঘোষণা করে।

অভিযুক্তের বিরুদ্ধে তিনটি হামলার অভিযোগ, একটি শারীরিক ক্ষতিসাধনকারী হামলার অভিযোগ, মৃত্যু বা শারীরিক ক্ষতির হুমকি প্রদান এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রথমবার আদালতে হাজিরা দেওয়ার পর ওই ব্যক্তিকে রিমান্ডে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, এই হামলাটি বর্ণবিদ্বেষপ্রসূত হতে পারে। ছবি: সংগৃহীত

“হামলায় আহত এক ব্যক্তি ইমার্জেন্সী মেডিকেল সার্ভিস-এর কাছ থেকে তাৎক্ষণিক চিকিৎসা সেবা পেয়েছেন এবং পরে তাকে উন্নত চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে তার আঘাত প্রাণঘাতী নয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ।

কানাডিয়ানস ফর জাস্টিস অ্যান্ড পিস ইন দ্য মিডল ইস্ট ফাউন্ডেশন (এআরপিসিএফ)-এর বর্ণবাদ-বিরোধী কর্মসূচি জানায়, ভুক্তভোগীরা একটি ফিলিস্তিনি মুসলিম পরিবারের সদস্য। ফিলিস্তিনি বংশোদ্ভূত এক ব্যক্তি তার স্ত্রী, দুই ছোট সন্তান ও ৬৩ বছর বয়সী মায়ের সঙ্গে হেঁটে যাওয়ার সময় এই হামলার ঘটনাটি ঘটে।

অধিকার গোষ্ঠীটির মতে, ঘটনাটি সহিংসতায় রূপ নেওয়ার আগে পরিবারটিকে লক্ষ্য করে এফ-ওয়ার্ড ব্যবহারসহ মুসলিম-বিরোধী বিভিন্ন গালি ও অশ্লীল মন্তব্য করা হয়েছিল।

গত ১৭ জুলাই গণমাধ্যমে ইমেইল করা এক বিবৃতিতে অধিকার গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়, “এই হামলা একদিকে ইসলামোফোবিক এবং একই সাথে ফিলিস্তিন-বিরোধী বর্ণবাদ দুটোই।”

গোষ্ঠীটি বলেছে, পরিবারের দুই নারী দৃশ্যত মুসলিম হওয়ায় পরিবারটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

এদিকে সেলফোন এবং নিরাপত্তা ক্যামেরার ফুটেজ জমা দিয়ে তদন্তে সহায়তা করার জন্য স্থানীয় জনসাধারণকে ধন্যবাদ জানিয়েছে থান্ডার বে পুলিশ সার্ভিস।

এর আগে পুলিশ এক বিবৃতিতে বলেছে, “আমাদের সমাজে প্রত্যেক ব্যক্তির নিরাপদ বোধ করার অধিকার রয়েছে এবং থান্ডার বে পুলিশ সার্ভিস ঘৃণা বা পক্ষপাতের ভিত্তিতে কোনো ব্যক্তিকে লক্ষ্যবস্তু করার যেকোনো অভিযোগ বা প্রতিবেদন তদন্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *