পদ্মশ্রী পাওয়া প্রসেনজিৎ বললেন জয়া কখনও মোটা হবে না

প্রবাসী কণ্ঠ ডেস্ক, ২৭ জানুয়ারি, ২০২৬ : প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। টালিউড ইন্ডাস্ট্রিতে দাপট দেখিয়েছেন চার দশকেরও বেশি সময়। যাত্রা শুরু হয়েছিল শিশু অবস্থায়ই। ঝুলিতে রয়েছে তার ৪০০টিরও বেশি সিনেমা। ১৯৬৮ সালে প্রথম অভিনয়ে হাতেখড়ি অভিনেতার। বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় পরিচালিত ‘ছোট্ট জিজ্ঞাসা’ সিনেমায় প্রথম অভিনয় তিনি। তবে বড় পর্দায় নায়ক হিসাবে তার প্রথম আত্মপ্রকাশ ঘটে ‘দুটি পাতা’ সিনেমায়। বাবা বিশ্বজিৎও ছিলেন টালিউড ও বলিউডের নায়ক।

জয়া আহসান ও টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত

সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবার পেলেন ভারত সরকারের প্রদত্ত চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মাননা পদ্মশ্রী।

প্রসেনজিৎ দুই বাংলায়ই অত্যন্ত জনপ্রিয় নায়ক। তিনি বাংলাদেশের জনপ্রিয় নায়িকা জয়া আহসানের সঙ্গেও কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। সম্প্রতি এই জয়াকে নিয়ে তিনি এক মজার মন্তব্য করেছেন। তিনি বলেছেন জয়া কখনো মোটা হবে না।

উল্লেখ্য যে, বাংলাদেশের বেশ কয়েকজন নায়িকা বয়সের তুলনায় মোটা হয়ে নিজ ক্যারিয়ারের ক্ষতি করেছেন। সেই দিক বিবেচনায় জয়ার বিষয়ে প্রসেনজিৎ এর এই মন্তব্য অনেকেরই নজর কেড়েছে।

জয়া ঢাকাই চলচ্চিত্রে নিজের অবস্থান পোক্ত করার পর, গত এক দশকের বেশি সময় ধরে টালিউডে দাপটের সঙ্গে কাজ করে চলেছেন। পেয়েছেন বিভিন্ন পুরষ্কারও।  

প্রসেনজিৎ বলেন, জয়া যে ভীষণ খাবারপ্রেমী, সেটা খুব কাছ থেকেই দেখেছেন তিনি। বিশেষ করে রসগোল্লার প্রতি জয়ার ভালোবাসার কথা আলাদা করে উল্লেখ করেন প্রসেনজিৎ। তিনি আরও বলেন, সুযোগ পেলেই রসগোল্লা খায় জয়া, কিন্তু আশ্চর্যের বিষয় তার শরীরে এক ফোঁটা মেদও জমে না। যেন প্রকৃতি তাকে আলাদা করে গড়ে তুলেছে।

কথা প্রসঙ্গে আরও মজার একটি ঘটনার কথা শোনান প্রসেনজিৎ। হাসতে হাসতে তিনি বলেন, একদিন আমি জয়াকে বলেছিলাম- তুই তো যোগাসন করিস না, ব্যায়ামও করিস না। উত্তরে জয়া বলেছিলেন, আমার কিছু হয় না। এই আত্মবিশ্বাসী কথায় আরও অবাক হয়ে যান প্রসেনজিৎ। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস