বিবাহিত বনাম অবিবাহিত : কারা বেশি সুখী?

বিয়ে মানুষের সুখ ও স্বাস্থ্যকে লক্ষণীয়ভাবে বাড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত

প্রবাসী কণ্ঠ ডেস্ক, অক্টোবর ২৫, ২০২৫ : কবিতার সেই বিখ্যাত লাইন ‘নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস’ দিয়ে শুরু করা যাক। আসলে কে কতটা সুখী তা বলা খুবই কঠিন। কারণ প্রত্যেকেই মনে করেন ওপারেতেই সকল সুখ লুকিয়ে আছে। তবে সাম্প্রতিক এক গবেষণায় দাবী করা হচ্ছে যে, বিয়ে মানুষের সুখ ও স্বাস্থ্যকে লক্ষণীয়ভাবে বাড়িয়ে দেয়। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগান ও সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির যৌথ পরিচালিত গবেষণায় এ কথা দাবী করা হয়। তদের গবেষণায় আরো দাবী করা হয়, বিবাহিত ব্যক্তিরা তুলনামূলকভাবে বেশি শান্ত, সুস্থ ও পরিপূর্ণ জীবনযাপন করেন। কারণ তারা পরিবারের কাছ থেকে বেশি মানসিক সহায়তা পান। আর এটি বিবাহিত মানুষের সুখ ও মানসিক স্বস্তিতে সরাসরি প্রভাব ফেলে।

 ঐ একই গবেষণায় দাবী করা হয়, অবিবাহিত ব্যক্তিরা সামাজিক ও পারিবারিক চাপের মুখে থাকেন। আর এই চাপ তাদের সুখের মাত্রাকে কমিয়ে দেয়।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের জরিপ প্রতিষ্ঠান ‘Gallup‘ পরিচালিত এক গবেষণার ফলাফলে দাবী করা হয় বিবাহিতদের সুখী হওয়ার পরিমাণ বেশি। জরিপে বিবাহিতরা  জানিয়েন, তাদের সুখী হওয়ার মাত্রা অবিবাহিতদের চেয়েও অধিক।

এখন প্রশ্ন উঠতেই পারে যে, তাহলে সুখী হতে হলে কি বিয়ে করতেই হবে? Gallup এর প্রধান অর্থনীতিবিদ জনাথান রথওয়েল সিএনএন’কে বলেন, “এই জরিপ থেকে আমরা অনেক কিছু জানতে পারছি। তবে উচ্চ মাত্রায় সুখী হওয়ার জন্য বিয়ে-ই যে একটা কারণ সেটা বলা কঠিন।”

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বস্টন-ভিত্তিক মনোবিজ্ঞানি ডা. মনিকা ও’নিল বলেন, “আমি এখনও বিশ্বাস করি যারা অসুখী বিবাহিত জীবনে আছেন তারা অবিবাহিতদের চাইতে কম সুখী।”