বিলিয়নিয়ার ফুটবলার রোনাল্ডো

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি: সংগৃহীত

প্রবাসী কণ্ঠ ডেস্ক, অক্টোবর ১২, ২০২৫ : ৪০ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখন ১৪০ কোটি ইউএস ডলারের মালিক। আর তিনিই হলেন প্রথম ফুটবলার যিনি এই পরিমাণ অর্থের মালিক হলেন। অন্যদিকে আর্জেন্টিনার মহা তারকা তথা বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসির আয়ের পরিমাণ ৬০ কোটি ইউএস ডলার। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের আয়ের উপর নজর রাখা ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্স প্রথমবারের মতো রোনাল্ডোকে এই তালিকাভুক্ত করেছে। ব্লুমবার্গের তথ্য মতে, ২০০২ থেকে ২০২৩ সালের মধ্যে রোনাল্ডো ৫৫ কোটি ডলারের বেশি আয় করেছেন বেতন হিসাবে। এছাড়া বিভিন্ন ব্র্যান্ড ও স্পন্সর চুক্তির মাধ্যমেও বিশাল অংকের অর্থ পেয়েছেন তিনি। এর মধ্যে আছে নাইকির সঙ্গে প্রায় ১ কোটি ৮০ লাখ ডলারের চুক্তি। এদিকে ২০২২ সালের ডিসেম্বরে ইউরোপিয়ান ফুটবলের পাঠ চুকিয়ে ২০ কোটি মার্কিন ডলারের চোখধাঁধানো চুক্তিতে সৌদি আরবের ক্লাব আল নাস্‌রে যোগ দেন রোনাল্ডো। এই চুক্তির পর বিশ্বের সবচেয়ে বেশি বেতনপ্রাপ্ত ফুটবলার হয়ে যান তিনি। তবে আল নাসেরকে এখনও প্রথম ট্রফি এনে দিতে পারেননি রোনাল্ডো।