দুপুরে ঘুমানো ভাল না মন্দ?

প্রবাসী কণ্ঠ ডেস্ক : বাঙ্গালীর চিরন্তন এক অভ্যাস দুপুরে খাওয়ার পর একটা ঘুম দেওয়া। কর্মস্থলে থাকার কারণে যারা দুপুরে সেই সুযোগটি পান না তারাও চেষ্টা করেন চেয়ারে বসে একটা সংক্ষিপ্ত ঘুম দেওয়ার। সবাই অবশ্য সেই সুযোগটি পান না।
কিন্তু দুপুরে খাওয়ার পর এই ঘুম ভাল না মন্দ তা নিয়ে রয়েছে বিতর্ক।
কারো কারো মতে দুপুরে আহারের পর ঘুমানো শরীরের জন্য খারাপ, আবার কেউ কেউ বলেন দুপুরের এ ঘুম শরীরের জন্য ভালো। যারা ভালো মনে করেন তাদের বক্তব্য হলো, দুপুরের ঘুমের ফলে ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে থাকে। পাশাপাশি মস্তিষ্ক অনেক বেশি ক্ষুরধার হয়। সৃজনশীলতা বাড়াতেও সাহায্য করে দুপুরের এই ঘুম। তাই হাতে একটু সময় থাকলে একটু ঘুমিয়ে নিতে পারেন।
আমেরিকান জেরিয়াট্রিক্স সোসাইটির জার্নালের প্রকাশিত একটি গবেষণার বরাত দিয়ে যুগান্তর জানায় ৩০-৯০ মিনিটের ঘুম প্রাপ্তবয়স্কদের মস্তিষ্কের জন্য উপকারী। তবে এক ঘণ্টার বেশি হলেই সমস্যা হতে পারে।
চিকিৎসকরা বলেছেন, কিছু লোকের জন্য দুপুরে ঘুমানোটা ভাল কাজ করে। ঘুম থেকে উঠে খুবই সতেজ বোধ করেন কেউ কেউ। ফলে দিনের পরবর্তী সময়টুকু উপভোগ করতে পারেন তারা। তবে হালকা ঘুম অনেক সময় গভীরভাবে ঘুমিয়ে পড়ার অভ্যাসকে নষ্ট করে দেয়, তবু তন্দ্রার ফলে অনেকেরই ক্লান্তি, ঘুমের জড়তা কেটে যায়।
তবে বিশেষজ্ঞদের মতে, দুপুরে বেশি ঘুমিয়ে নিলে রাতের ঘুমে সমস্যা হতে পারে। ন্যাপ যদি ১৫-২০ মিনিটের হয়, তাহলে সব থেকে ভালো। দুপুরের প্রথমার্ধে ঘুমানো উচিত। কারণ সন্ধ্যা হয়ে গেলেই তা ঘুমের চক্রকে প্রভাবিত করতে পারে।
