হজমশক্তি বৃদ্ধি করবে যেসব খাবার

প্রবাসী কণ্ঠ ডেস্ক, ০১ জুলাই, ২০২৫: সুস্বাস্থ্যের জন্য হজমশক্তি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পুষ্টিবিদরা বলেন, হজমশক্তিকে বাড়ানো বা শক্তিশালী করার বিষয়টি একটু জটিল। আর সব মানুষের হজমশক্তি এক ধরণের হয় না। সে কারণে ব্যক্তিভেদে খাবারের প্রতি সহনশীলতা পর্যবেক্ষণ করে তারপর কিছু পদক্ষেপ নেয়া যেতে পারে যা হজম প্রক্রিয়াকে সহজতর করে।
তবে সহজভাবে বললে বলা যায় খাদ্যতালিকায় আঁশ সমৃদ্ধ খাবার যোগ করলে, প্রচুর পরিমাণে পানি পান করলে, নিয়মিত ব্যায়াম করলে এবং মানসিক চাপ কমালে হজমশক্তি বাড়ানো যায়। এছাড়াও, কিছু ভেষজ চা, বিশেষ করে আদা চা হজমে সাহায্য করতে পারে।
আসুন জেনে নেই দ্য ইকোনমিক টাইমস এর বরাত দিয়ে ইন্ডিপেন্ডেন্ট টিভি হজম শক্তি বৃদ্ধি করতে কি কি খাওয়ার পরামর্শ দিয়েছে :
দই
হজমের জন্য উপকারি ভূমিকা পালন করে দই। কারণ এটি একটি প্রোবায়োটিক পণ্য। দই পেটফাঁপা,বদহজম কমাতে উপকারি ভূমিকা পালন করে থাকে। দই দিয়ে দিনের শুরু করতে পারলে, সারাদিনের হজম নিয়ে চিন্তা করতে হবে না। তবে, স্বাস্থ্যের কথা চিন্তা করে মিষ্টি ছাড়া দই খাওয়া প্রয়োজন।
আদা
আদা পেটের পেশি প্রশমিত করে। এতে পরিপাকতন্ত্রের প্রদাহ কমে। এটি বমি বমি ভাব, গ্যাস এবং বদহজমের বিরুদ্ধে কাজ করে। তাই বমি বমি ভাব এবং বমির উপসর্গ থেকে মুক্তি পেতে চাইলে আদা খেতে পারেন। আদা পেট ফাঁপা এবং কোষ্ঠকাঠিন্যে বিরুদ্ধেও কাজ করে।
কলা
কলা পেকটিন সমৃদ্ধ, এটি দ্রবণীয় ফাইবার। যা হজম শক্তি ভালো করে। এতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে দূরে থাকতে পারেন।
আস্ত শস্য
আঁশ সমৃদ্ধ আস্ত শস্য পরিপাকতন্ত্রের কাজ সহজ করে। এর প্রোবায়োটিক উপাদান হজম শক্তি বৃদ্ধি করে।
মৌরি
মৌরি পেটফাঁপা এবং পেটের গ্যাস কমায়। মৌরিতে থাকা উপাদানগুলো পরিপাকতন্ত্রের পেশীগুলিকে শিথিল করে। মৌরি চা পান করলে তাৎক্ষণিকভাবে হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
পেঁপে
পেঁপেতে আছে প্যাপেইন নামের একটি এনজাইম, যা প্রোটিন ভেঙে হজম শক্তি বৃদ্ধি করে। এতে ফাইবার ও পানির পরিমাণ বেশি থাকে, যা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। এ ছাড়া পেঁপে পেট ফাঁপা, অ্যাসিডিটি সমস্যা দূর করে থাকে।
