টরন্টোতে বর্ণিল সাজে উদযাপিত হলো বৈশাখী উৎসব ১৪৩২

প্রবাসী কণ্ঠ, ২১ এপ্রিল, ২০২৫ : গতকাল ২০ এপ্রিল রবিবার টরন্টোতে উদযাপিত হলো বর্ণিল সাজে বৈশাখী উৎসব ১৪৩২। উৎসবে অংশ নেন সহস্রাধিক প্রবাসী বাঙ্গালী। ঐ দিন টরন্টোর আবহাওয়া অনুকুলে থাকায় সকলেই ছিলেন বেশ খোশ মেজাজে এবং অনুষ্ঠান উপভোগে কোন ব্যাঘাত ঘটেনি ।
বাংলাদেশী অধ্যুষিত এলাকা ভিক্টোরিয়া পার্ক ও ড্যানফোর্থ এভিনিউর মোড়ে অবস্থিত মেট্রো প্লাজার পার্কিং লটে দুপুর ১২টা থেকেই জনসমাগম শুরু হয়। ঐ সময় “এসো হে বৈশাখ” গানের সমবেত পরিবেশনে মুখর হয়ে উঠে চারপাশ। দুপুর ১টার পর শুরু হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভা যাত্রায় অংশগ্রহণকারীদের হাতে হাতে ছিল বাংলার লোকজ সংস্কৃতির নানা প্রতীকের ব্যানার ও ফেস্টুন। সেই সাথে ছিল ঢাকের বাদ্যের তালে তালে নৃত্য ও সঙ্গীত পরিবেশনা।
উল্লেখ্য যে, সম্প্রতি বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর গত ১১ই এপ্রিল বাংলা বর্ষবরণের অন্যতম আয়োজন ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পাল্টে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ করার সিদ্ধান্ত জানায় শোভাযাত্রার আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তখন নাম পরিবর্তন নিয়ে সমালোচনা ও নতুন করে বিতর্ক সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর পক্ষে বিপক্ষে যুক্তি দেন অনেকে। তবে টরন্টোর আয়োজকরা তাদের এবারের বৈশাখী উৎসবে ‘মঙ্গল শোভাযাত্রা’ নামটিই বহাল রাখেন।
শোভাযাত্রাটি ড্যানফোর্থ এভিনিউ ধরে পশ্চিমে ডজ রোড পর্যন্ত গিয়ে আবার মেট্রো পার্কিং লটে ফিরে আসে। শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারীরা ডেন্টোনিয়া পার্কে শহীদ মিনার চত্বরে একত্রিত হন, যেখানে দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

বৈশাখী উৎসবে অংশ নেয়া মহিলাদের লাল-সাদা শাড়ি, কপালে লাল টিপ, খোপায় নানা রঙ এর ফুল আর পুরুষদের লাল, সাদা ও গেরুয়া রঙ সহ নানা বর্ণের পাঞ্জাবী উৎসবকে করে তুলেছিল আরো বেশী রংধনুময়। মঙ্গল শোভাযাত্রায় নানা রঙ এর পোষাক পরা শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত।
বৈশাখীর সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী শিল্পীদের সঙ্গীত ও নৃত্য পরিবেশনা ছিল বেশ উপভোগ্য।
ড্যানফোর্থে বৈশাখী উৎসব চলাকালে আশপাশের বাংলাদেশী রেস্টুরেন্টগুলোতেও ছিল উপচে পড়া ভীড়। ইলিশ, পান্তা ও নানাপদের শুটকী ভর্তা ছিল দিনের স্পেশাল মেন্যুতে। বর্ণাঢ্য বৈশাখী অনুষ্ঠানের সমাপ্তি হয় বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। সর্বজনীন মঙ্গল শোভাযাত্রায় অংশ নেওয়া সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান আয়োজক কমিটির আহ্বায়ক শিবু চৌধুরী।


