দ্বিতীয় মেয়াদে শপথ নিলেন মেয়র অলিভিয়া চাউ
টরন্টোকে আরও যত্নশীল, সাশ্রয়ী ও নিরাপদ করে তোলার প্রতিশ্রুতি

টরন্টো, নভেম্ভর ১৮, ২০২৬ : আজ নতুন সিটি কাউন্সিলের উদ্বোধনী সভায় টরন্টোর মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য শপথ নিয়েছেন অলিভিয়া চাউ। নিজের বক্তব্যে তিনি নগরবাসীকে ধন্যবাদ জানান—একটি আরও যত্নশীল, সাশ্রয়ী ও নিরাপদ শহর গড়ে তোলার জন্য পুনরায় তাঁর ওপর আস্থা রাখার জন্য। তিনি প্রতিশ্রুতি দেন এই বলে যে, প্রতিটি টরন্টোবাসীর পাশে তিনি দাঁড়াবেন।
মেয়র চাউ বলেন, “আজ আমি শপথ নিয়েছি। পরিধান করেছি মেয়রের আনুষ্ঠানিক চেইন। এটি ক্ষমতার প্রতীক নয়, বরং একটি প্রতিশ্রুতি। আমি এই শহরকে ভালোবাসি। আর ভালোবাসা মানে কেবল অনুভব করা নয়, ভালোবাসা হলো কিছু করে দেখানো—মানুষের পাশে থাকা, তাদের কথা শোনা এবং প্রতিদিন নিরলস কাজ করে যাওয়া।”
নিজের ভাষণে মেয়র তাঁর জীবনের যাত্রার কথা তুলে ধরেন। ১৩ বছর বয়সে হংকং থেকে টরন্টোতে এসেছিলেন তিনি। তখন তাঁর মা একটি হোটেলে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন এবং তাঁরা সেন্ট জেমস টাউনে বসবাস করতেন। মেয়র চাউ বলেন, “টরন্টো আমার পরিবারকে যা দিয়েছে, তা আমি কখনো ভুলিনি। আর আমার পুরো জীবন আমি ব্যয় করেছি যেন অন্য পরিবারগুলোও একই ধরনের সুযোগ-সুবিধা পায়, তা নিশ্চিত করতে।”
এই মেয়াদে সিটি কাউন্সিলে ১৮ জন পুরোনো কাউন্সিলরের সঙ্গে যোগ দিয়েছেন সাতজন নতুন সদস্য। কাউন্সিলের প্রথম সভাটি ১৯ নভেম্বর, বৃহস্পতিবার পর্যন্ত চলবে; এই সভায় বিভিন্ন কমিটি, সংস্থা, বোর্ড এবং কমিউনিটি কাউন্সিলে সদস্যদের নিয়োগ দেওয়া হবে। – সংবাদ বিজ্ঞপ্তি
