টরন্টোতে ন্যূনতম আয়ের কর্মজীবীদের প্রায় পুরো মাসের বেতনই চলে চায় বাড়িভাড়া মেটাতে গিয়ে
প্রবাসী কণ্ঠ ডেস্ক, অগাস্ট ১৫, ২০২৬ : টরন্টোতে বর্তমানে গড় বাড়ি ভাড়া হলো ২,৫৪৩ ডলার। আর এই পরিমাণ অর্থ আয় করতে হলে ন্যূনতম মজুরীতে কাজ করা যে কাউকে মাসে প্রায় ১৪৫ ঘণ্টা কাজ করতে হবে।

টরন্টোতে সাধারণত একজন কর্মী দৈনিক ৮ ঘণ্টা কাজ করেন। সেই হিসাবে সপ্তাহে (৫ দিন) ৪০ ঘণ্টা এবং মাসে ১৬০ ঘণ্টা।
সেই হিসাবে বাড়ি ভাড়া দিয়ে একজন কর্মজীবীর হাতে মাত্র ১৫ ঘণ্টার মজুরী অবশিষ্ট থাকবে মাসের বাকি খরচ চালানোর জন্য।
র্জুকাসা (Zoocasa)-র একটি নতুন বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে। আর এই সংবাদ পরিবেশন করে নাউটন্টো.কম।
বর্তমান বাস্তবতায় দেখা যাচ্ছে, টরন্টোতে ন্যূনতম মজুরি পাওয়া একজন কর্মীকে একটি সাধারণ মানের অ্যাপার্টমেন্টের ভাড়া মেটাতে প্রায় পুরো এক মাসের আয় খরচ করতে হয়।
এই সপ্তাহের শুরুর দিকে প্রকাশিত জুকাসা (Zoocasa)-র একটি বিশ্লেষণে কানাডার ৬০টি শহরের গড় ভাড়া পর্যালোচনা করা হয়েছে এবং প্রতিটি প্রদেশের ন্যূনতম মজুরির সাথে সেই ভাড়ার তুলনা করা হয়েছে। টরন্টোতে গড় ভাড়া ২,৫৪৩ ডলার; সেখানে অন্টারিওতে বর্তমানে প্রচলিত ১৭.৬০ ডলার ন্যূনতম মজুরি পাওয়া একজন কর্মীর কেবল বাড়িভাড়া মেটাতেই প্রায় ১৪৫ ঘণ্টা কাজ করতে হবে।
টরন্টোর বাইরের এলাকাগুলোতেও খুব একটা স্বস্তি মেলে না
বর্তমান অবস্থায় শহরের কেন্দ্রস্থল থেকে বাইরে সরে গেলেই যে বাড়ি ভাড়া নেওয়াটা খুব একটা সহজসাধ্য হয়ে উঠবে, তা কিন্তু নয়।
জুকাসা (Zoocasa)-র বিশ্লেষণে দেখা গেছে, অন্টারিওর মধ্যে নর্থ ইয়র্কে আবাসন ব্যয়ের বোঝা সবচেয়ে বেশি; এখানে গড় ভাড়া মেটানোর জন্য ন্যূনতম মজুরিতে ১৪৬ ঘণ্টা কাজ করার প্রয়োজন হয়। টরন্টো, নর্থ ইয়র্ক, ইটবিকোক, স্কারবোরো, ইস্ট ইয়র্ক, মিসিসাগা, ভন, ব্র্যাম্পটন, ওকভিল ও বার্লিংটন—প্রতিবেদনে অন্তর্ভুক্ত জিটিএ (GTA)-র এসব এলাকায় প্রয়োজনীয় কাজের সময়ের পরিসীমা ১১৮ থেকে ১৪৬ ঘণ্টা। মিসিসাগায় গড় ভাড়া ২,৩৬০ ডলারের জন্য প্রায় ১৩৫ ঘণ্টা কাজের প্রয়োজন হয়, যেখানে ব্রাম্পটনে গড় ভাড়া ২,২৩১ ডলারের একটি ইউনিটের জন্য ১২৭ ঘণ্টা কাজের দরকার। তুলনায়, অন্টারিও’র একেবারে পশ্চিম প্রান্তের মফস্বল শহর সার্নিয়াতে ন্যূনতম মজুরি পাওয়া একজন কর্মীর ৯৫ ঘণ্টা কাজের প্রয়োজন হয়, যা এই প্রভিন্সে সর্বনিম্ন।
