৪৮ শতাংশ কানাডিয়ান আমেরিকানদের সম্পর্কে ‘নেতিবাচক’ ধারণা পোষণ করেন

প্রবাসী কণ্ঠ ডেস্ক, অগাস্ট ১২, ২০২৬ :  অ্যাঙ্গাস রিড ইনস্টিটিউটের নতুন তথ্যে দেখা গেছে, কানাডিয়ানদের প্রতি আমেরিকানদের মনোভাব অত্যন্ত ইতিবাচক হলেও, আমেরিকানদের প্রতি কানাডিয়ানদের মনোভাব কিন্তু তেমনটা নয়।

৪৮ শতাংশ কানাডিয়ান আমেরিকানদের প্রতি ‘নেতিবাচক’ মনোভাব পোষণ করেন। ছবি : রব ক্রুইট

জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ব্যাপক বিদ্বেষ থাকা সত্ত্বেও, আমেরিকানদের ‘ইতিবাচক’ হিসেবে দেখেন ৪৫ শতাংশ কানাডিয়ান। তবে ৪৮ শতাংশ কানাডিয়ান আমেরিকানদের প্রতি ‘নেতিবাচক’ মনোভাব পোষণ করেন। অন্যদিকে ৭৯ শতাংশ আমেরিকান কানাডিয়ানদের ইতিবাচক দৃষ্টিতে দেখেন।

জরিপটিতে বলা হয়েছে, “গত দেড় বছরের রাজনৈতিক টানাপড়েন প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর প্রশাসনের প্রতি কানাডিয়ানদের দৃষ্টিভঙ্গি অত্যন্ত নেতিবাচক করে তুলেছে; পাশাপাশি কানাডিয়ান ক্রেতাদের আমেরিকান পণ্য বয়কট এবং সে দেশটিতে তাদের ভ্রমণ করতে যাওয়ার প্রবণতা অনেকটাই কমে যাওয়ার ঘটনা এমন প্রশ্নের জন্ম দিয়েছে যে, এই বৈরী মনোভাব কি কেবল হোয়াইট হাউসের প্রতিই সীমাবদ্ধ, নাকি তা খোদ মার্কিন জনগণের প্রতিও বিস্তৃত।”

জরিপে দেখা গেছে, ৭৯ শতাংশ কানাডিয়ান ট্রাম্পের বিষয়ে নেতিবাচক মনোভাব পোষণ করেন।

জরিপে আরো দেখা গেছে, যদিও ৭৮ শতাংশ আমেরিকান মনে করেন যে যুক্তরাষ্ট্রের উচিত কানাডাকে একটি মূল্যবান অংশীদার হিসাবে দেখা বা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে আচরণ করা, সেখানে ৬৫ শতাংশ কানাডিয়ান মনে করেন যে কানাডার উচিত যুক্তরাষ্ট্রের বিষয়ে সতর্ক থাকা অথবা দেশটিকে সম্ভাব্য হুমকি হিসেবে বিবেচনা করা।

এর পাশাপাশি, ছয় শতাংশ কানাডিয়ান মনে করেন যে দেশটির উচিত যুক্তরাষ্ট্রকে ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা।

সম্প্রতি দুই দেশের নেতাদের মধ্যে উত্তেজনা আবারও বেড়েছে যখন লাস ভেগাসে এক বক্তৃতায় ট্রাম্প কানাডা ও দেশটির নেতৃত্বকে পাঁচবার ‘কদর্য’ বা ‘জঘন্য’ (nasty) বলে অভিহিত করেন। তিনি বলেন, “Canada’s nasty. They are. They’re nasty,” he said. “I love the people, but they’re nasty. Nasty leadership.” গত ৫ আগস্ট এর এক ভাষণে তিনি এ কদর্য মন্তব্য করেন।

উল্লেখ্য যে, ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্পের শপথ গ্রহণের পরপরই কানাডিয়ানদের যুক্তরাষ্ট্র ভ্রমণের হার নাটকীয়ভাবে কমে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *