TORONTO POETRY FESTIVAL 2026- এ অন্যস্বর টরন্টোর অংশগ্রহণ

টরন্টো, ১২ সেপ্টেম্বর ২০২৬ — টরন্টোর টেইলর ক্রিক পার্কে আয়োজিত তৃতীয় বার্ষিক TORONTO POETRY FESTIVAL 2026-এ অংশগ্রহণ করেছে অন্যস্বর টরন্টো। উন্মুক্ত প্রকৃতির মাঝে অনুষ্ঠিত দিনব্যাপী এই উৎসবে বিভিন্ন ভাষা ও সংস্কৃতির কবি, আবৃত্তিশিল্পী এবং কবিতাপ্রেমীরা একত্রিত হন।
অন্যস্বর টরন্টোর প্রতিনিধিত্ব করে কবিতা পরিবেশন করেন দিলারা নাহার বাবু, ফারিয়া সাহেলী, রিফাত নূয়েরীন এবং মৌ। তাঁদের সম্মিলিত আবৃত্তি বাংলা কবিতার সৌন্দর্য, ছন্দ, আবেগ ও গভীরতাকে উৎসবের দর্শকদের সামনে তুলে ধরে।
এবারের উৎসবের মূল প্রতিপাদ্য ছিল ‘Intellectual Freedom “ এবারের উৎসবটি বহুভাষিক সাহিত্য ও সৃজনশীল অভিব্যক্তির এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। এর মধ্য দিয়ে কানাডার সাংস্কৃতিক বৈচিত্র্য, বহুসংস্কৃতিবাদ এবং বহুত্ববাদী চেতনা সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে। অংশগ্রহণকারী কবি ও আবৃত্তিশিল্পীরা নিজ নিজ ভাষায় কবিতা পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক বিনিময়, পারস্পরিক বোঝাপড়া এবং মানবিক সংযোগের এক তাৎপর্যপূর্ণ ক্ষেত্র তৈরি করেন।

অন্যস্বর টরন্টো শুরু থেকেই নিয়মিতভাবে টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে আসছে। প্রতিটি আয়োজনে বাংলা ভাষা, কবিতা ও আবৃত্তির প্রতিনিধিত্বের মাধ্যমে সংগঠনটি টরন্টোর বহুসাংস্কৃতিক শিল্পসমাজে বাঙালির সমৃদ্ধ সাহিত্যিক ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরছে।
২০১৪ সালে প্রতিষ্ঠিত অন্যস্বর টরন্টো বাংলা আবৃত্তি ও সংস্কৃতিচর্চায় নিবেদিত একটি সংগঠন। কবিতা পরিবেশনা, আবৃত্তি কর্মশালা, স্মারক অনুষ্ঠান এবং বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে সংগঠনটি কানাডায় বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির সংরক্ষণ এবং প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যাল ২০২৬ প্রকৃতির সান্নিধ্যে কবিতা উপভোগের এক অনন্য পরিবেশ সৃষ্টি করে। কবিতার মাধ্যমে পারস্পরিক সম্মান, সম্প্রীতি ও শান্তিপূর্ণ পৃথিবী নির্মাণের প্রত্যয়ও এই উৎসবের মধ্য দিয়ে প্রকাশিত হয়। -সংবাদ বিজ্ঞপ্তি
