টরন্টোতে রাজশাহী জিটিএ কানেক্ট এর যাত্রা শুরু
তানভীর সুলতান: গত ৪ সেপ্টেম্বর, শুক্রবার রাতে টরন্টোর ২৯২৯ ড্যানফোর্থ এভিনিউ’র সাফা চিকেন এন্ড ক্যাফে’তে কানাডার গ্রেটার টরন্টোতে বসবাসরত রাজশাহীর সাবেক বাসিন্দাদের নিয়ে আনন্দঘন পরিবেশে গেট টুগেদার ও বার্বিকিউ পার্টির মাধ্যমে রাজশাহী গ্রেটার টরন্টো এরিয়া কানেক্ট (Rajshahi GTA Connect – RGC) এর যাত্রা শুরু হয়। এ আয়োজনে রাজশাহীর বিভিন্ন প্রান্তের সাবেক বাসিন্দারা একত্রিত হয়ে স্মৃতিচারণ, আড্ডা, হাসি-আনন্দ ও বার্বিকিউ উপভোগ করেন।

টরন্টোর ব্যস্ত প্রবাসজীবনে রাজশাহীর পরিচিত মুখগুলোর সঙ্গে একসঙ্গে সময় কাটানোর সুযোগটি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আনন্দ ও আবেগের সৃষ্টি করে। দীর্ঘদিন পর পুরোনো বন্ধুদের দেখা হওয়ার পাশাপাশি অনেকের সঙ্গে নতুন করে পরিচয় ও বন্ধুত্বের সম্পর্কও তৈরি হয়। রাজশাহীর স্মৃতি, শৈশব-কৈশোরের গল্প এবং প্রিয় শহরকে ঘিরে নানা কথোপকথনে পুরো সন্ধ্যাটি হয়ে ওঠে প্রাণবন্ত।
আয়োজকরা জানান, রাজশাহী থেকে হাজার মাইল দূরে কানাডার মাটিতে রাজশাহীর মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও শক্তিশালী করাই রাজশাহী গ্রেটার টরন্টো এরিয়া কানেক্ট (Rajshahi GTA Connect – RGC) এর অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মিলনমেলা আয়োজনের মাধ্যমে রাজশাহীর মানুষের মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় করার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে আয়োজক ফরহাদ হোসেন রাসেল, তানভীর সুলতান এপোলো, নাফিউজ্জামান কুশল, রবিউল হাসান, আরা শামীম, সানজিদা ইয়াসমিন, ফারজানা হক, আহমেদ মিজান, লিপি চৌধুরী, এবং মোঃ নাসিরুজ্জামান সহ সকলের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি স্বেচ্ছাসেবক ও অংশগ্রহণকারীদের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।
আয়োজকদের প্রত্যাশা, “রাজশাহী হয়তো অনেক দূরে, কিন্তু রাজশাহীর মানুষ একসঙ্গে থাকলে সেই দূরত্ব কখনোই বাধা হয়ে দাঁড়ায় না।” এই বন্ধন, ভালোবাসা ও ঐক্যকে আরও এগিয়ে নিয়ে যাবে রাজশাহী গ্রেটার টরন্টো এরিয়া কানেক্ট (Rajshahi GTA Connect – RGC)।
