দুই বাংলা মিলে টরন্টোতে এক ঐতিহাসিক সাংস্কৃতিক মিলনমেলা

টরন্টো | ২৭ জুলাই, ২০২৬ : গত ২৫ জুলাই টরন্টোর Toronto Pavilion-এ অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী সাংস্কৃতিক আয়োজন “দুই বাংলা এক সুর”। প্রবাসে বাঙালি আড্ডা আয়োজিত এই অনুষ্ঠানের একমাত্র প্রমোশনাল পার্টনার ছিল বাংলা ইভেন্টস জিটিএ (Bangla Events GTA)। বৃহত্তর টরন্টো এলাকার বাংলাদেশি ও পশ্চিমবঙ্গের কমিউনিটির মানুষের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক অনন্য সাংস্কৃতিক মিলনমেলায়।

একই মঞ্চে গান পরিবেশন করেন বাংলাদেশের কিংবদন্তি শিল্পী কুমার বিশ্বজিৎ এবং পশ্চিমবঙ্গের জনপ্রিয় শিল্পী সিদ্ধার্থ শঙ্কর রায় (সিধু), অনিন্দ্য চট্টোপাধ্যায় ও মীর আফসার আলী। তাঁদের অসাধারণ পরিবেশনায় দর্শকরা একসঙ্গে গান গেয়েছেন, নেচেছেন এবং উপভোগ করেছেন দুই বাংলার সুর, সংস্কৃতি ও আবেগের এক অপূর্ব মিলন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাফিজ ইমতিয়াজ ও মনস্বিতা মণ্ডল। তাঁদের প্রাণবন্ত, সাবলীল ও আকর্ষণীয় উপস্থাপনা শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের সঙ্গে চমৎকার সংযোগ তৈরি করে এবং অনুষ্ঠানটিকে আরও উপভোগ্য করে তোলে।

এই আয়োজনের অন্যতম বিশেষ দিক ছিল বৃহত্তর টরন্টো এলাকার বাংলাদেশি ও পশ্চিমবঙ্গের কমিউনিটির ব্যাপক ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। শিল্পী, আয়োজক, প্রমোশনাল পার্টনার, সঞ্চালক, অফিসিয়াল ফটোগ্রাফার, স্বেচ্ছাসেবক, সংবাদমাধ্যমের প্রতিনিধি এবং দর্শক, প্রতিটি ক্ষেত্রেই দুই কমিউনিটির সম্মিলিত উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা অনুষ্ঠানটিকে এক অনন্য মাত্রা দিয়েছে।

শত শত দর্শকের সম্মিলিত কণ্ঠে গান, উচ্ছ্বাস এবং আনন্দ যেন আবারও প্রমাণ করেছে, ভৌগোলিক সীমারেখা আলাদা হলেও বাংলা ভাষা, সংগীত এবং সংস্কৃতির বন্ধন আমাদের একসূত্রে বেঁধে রাখে।

আয়োজকদের মতে, “দুই বাংলা এক সুর” শুধু একটি কনসার্ট নয়, বরং দুই বাংলার মানুষের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। অনুষ্ঠানের বিপুল সাড়া ভবিষ্যতে এ ধরনের আরও বৃহত্তর আয়োজনের সম্ভাবনাকে উজ্জীবিত করেছে এবং কানাডায় বসবাসরত বাংলা কমিউনিটির মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধনকে আরও শক্তিশালী করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। (ছবি : শাদলী জাদিদ ও লামিয়া তাসনীম)

– সংবাদ বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *