‘বুয়েট অ্যালামনাই এসোসিয়েশন কানাডা’র উদ্যোগে দিনব্যাপী আনন্দঘন পিকনিক অনুষ্ঠিত

প্রবাসী কণ্ঠ,  জুলাই ২8, ২০২৬ : দিনভর আনন্দ উৎসবের মধ্য দিয়ে গত ২৬ জুলাই, রবিবার অনুষ্ঠিত হয়ে গেল ‘বুয়েট অ্যালামনাই এসোসিয়েশন কানাডা’র পিকনিক। স্কারবরোর এডামস পার্কে সেদিন সকাল থেকেই জড়ো হতে থাকেন বুয়েট অ্যালামনাই এসোসিয়েশন কানাডার সদস্যরা এবং সেই সাথে তাঁদের পরিবারবর্গ। বারটা নাগাদ পিকনিকস্থলের ‘স্পট এ’ কানায় কানায় ভরে উঠে প্রাক্তন বুয়েটিয়ানদের সরব উপস্থিতিতে। শিশু কিশোরদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। খেলাধুলায় তাদের আনন্দ উৎসবটা ছিল আরেকটু বেশী মাত্রার।

এডামস পার্কের মনোরম প্রাকৃতিক পরিবেশে উৎসবে মেতে উঠার জন্য সেদিন আবহাওয়াও ছিল বেশ অনুকূল। অবশ্য আগের দিন আবহাওয়ার বার্তায় বলা হয়েছিল বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে পিকনিকের দিন তা হয়নি।

শিশুদের  চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ফেস পেইন্টিং আর দৌড়ঝাঁপ পিকনিকের আবহটাকে আরো বেশী মাত্রায় উৎসবমুখর করে তুলেছিল। ফাঁকে  ফাঁকে চলছিল সংগীত পরিবেশনা। দেশাত্মবোধক গানের সুরে গিটার বাজিয়ে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন বাংলাদেশের খ্যাতিমান শিল্পী এনামুল কবির।

বেলা আড়াইটার দিকে শুরু হয় মধ্যাহ্ন ভোজের পর্ব। আয়োজকরা তখন ভীষণভাবে ব্যস্ত হয়ে উঠেন অতিথিদের আপ্যায়ন করার জন্য। পাঁচ শতাধিক লোকের খাবারের আয়োজন ছিল এক বিশাল কর্মযজ্ঞই। তবে সুচারুভাবে এই পর্বটি পরিচালনা করেন উপস্থিত ভলন্টিয়ারগণ।

খাবার বিতরণের সময় মহিলাদের জন্য ছিল আলাদা লাইন। যারা সিনিয়র সিটিজেন তাদের জন্যও ছিল আলাদা লাইন। অন্য আরেকটি লাইনে ছিলেন বাকিরা। মূল শেডের চার পাশে বেশ কয়েকটি অস্থায়ী তাবুও বসানো হয়েছিল সবার সুবিধার জন্য। মজাদার খাবার খেয়ে সবাই তৃপ্তির ঢেকুর তুলেন।

শেডের এক কোনে বসানো হয়েছিল জিলাপি ভাজার চুলা। কড়াইয়ের ফুটন্ত তেল থেকে তুলে সেই গরম গরম জিলাপি অতিথিদের মধ্যে বিতরণ করা হয়।   

পিকনিকে আয়োজন ছিল খেলাধুলারও। মহিলাদের পিলোপাস-সহ শিশু-কিশোর ও বয়স্ক পুরুষদের নানান খেলার আয়োজনে পিকনিক প্রাঙ্গণ হয়ে উঠে উৎসবমুখর।

অনুষ্ঠান শেষে তুমুল উৎসাহ উদ্দীপনার মধ্যে রাফল ড্র এর পুরস্কার বিতরণ করা হয় । (ছবি : ‘বুয়েট অ্যালামনাই এসোসিয়েশন কানাডা’র ফেসবুক থেকে নেওয়া)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *