বেশিরভাগ নাগরিক মনে করেন কানাডা সঠিক পথে এগুচ্ছে

প্রবাসী কণ্ঠ ডেস্ক, মে ২৭, ২০২৬ : নতুন এক জরিপ অনুসারে, কানাডা সঠিক পথে এগোচ্ছে বলে বিশ্বাসীদের সংখ্যা ২০১৭ সালের পর থেকে সর্বোচ্চ শতাংশে পৌঁছেছে। জরিপটি পরিচালনা করে অ্যাবাকাস ডেটা। খবর দি কানাডিয়ান প্রেস এর।

কানাডার ৪৭ শতাংশ মানুষ মনে করেন দেশটি সঠিক পথে এগোচ্ছে। ছবি : গ্লোবাল নিউজ

গত ২৪ মে প্রকাশিত এক জরিপে বলা হয়েছে, কানাডার ৪৭ শতাংশ মানুষ মনে করেন দেশটি সঠিক পথে এগোচ্ছে, অপরদিকে ৩৯ শতাংশ বলেন দেশটি ভুল পথে রয়েছে।

অন্যদিকে, জরিপ থেকে জানা যায় যে, ৭৬ শতাংশ কানাডাবাসী মনে করেন, বাকি বিশ্ব ভুল পথে এগোচ্ছে। তবে যখন প্রশ্নটি মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে করা হয়, তখন এই সংখ্যা বেড়ে ৮০ শতাংশে দাঁড়ায়।

জরিপকারী ডেভিড কোলেটো বলেছেন যে, “উত্তরদাতাদের এই বক্তব্যেই বিষয়টি প্রতিফলিত হয় যে, তারা একটি উত্তাল বিশ্বে কানাডাকে একটি স্থিতিশীল শক্তি হিসেবে দেখেন।”

তিনি আরও বলেন, “বিশ্ব যা চায়, তার সবই আমাদের আছে। তাই, বিশ্বজুড়ে এই মুহূর্তের অনিশ্চয়তা ও বিশৃঙ্খলা সত্ত্বেও, আমার মনে হয় কানাডিয়ানরা ক্রমশই অনুভব করছেন—সবাই নয়, তবে ক্রমবর্ধমান সংখ্যক কানাডিয়ান মনে করছেন যে, বিশ্বের অন্যান্য অংশের তুলনায় এই মুহূর্তে কানাডায় থাকাটা ভালো।”

তবে ‘কানাডা সঠিক পথে আছে’ —এই ধারণাটি নিয়ে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সমর্থক ও প্রধান বিরোধী দলের সমর্থকদের মধ্যে বিভক্তি রয়েছে। দেখা গেছে, ৭১ শতাংশ লিবারেল ভোটার মনে করেন কানাডা সঠিক পথে আছে। এই একই মত প্রকাশ করেছেন মাত্র ২৪ শতাংশ কনজারভেটিভ সমর্থক।

কোলেটো বলেছেন যে, যদিও বর্তমানে ক্রয়ক্ষমতার মতো বিষয়গুলো সাধারণ কানাডিয়ানদের দৈনন্দিন চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম, তবুও তারা এর একমাত্র কারণ হিসেবে ফেডারেল সরকারকে দায়ী করছেন না।

কোলেটো বলেন, “তারা কার্নি সরকারের নেওয়া সিদ্ধান্তের দিকে আঙুল তুলছেন না, তারা ট্রাম্পকে এবং বিশ্বজুড়ে চলমান সংঘাতগুলোকে দায়ী করছেন। তাদের মতে, এই বিষয়গুলো গ্যাসের দাম বাড়াচ্ছে এবং খাদ্যের দামের ওপরও চাপ সৃষ্টি করছে। ফলে তারা এখানে এমন লোক খুঁজছেন যারা সাহায্য করতে পারে। আর এই মুহূর্তে, প্রায় দশজনের মধ্যে ছয়জন কানাডিয়ানের জন্য মার্ক কার্নিই হলেন সেই ব্যক্তি।”

জরিপ থেকে বোঝা যাচ্ছে যে, বর্তমান মেয়াদের এক বছরেরও বেশি সময় পর আশাবাদ প্রধানমন্ত্রী মার্ক কার্নির লিবারেল সরকারকে গতি দিচ্ছে। অ্যাবাকাসের জরিপে দেখা গেছে যে, আটলান্টিক কানাডা, কুইবেক, অন্টারিও এবং ব্রিটিশ কলাম্বিয়াতে লিবারেলদের সংখ্যাগরিষ্ঠ সমর্থন রয়েছে। প্রেইরি প্রদেশগুলোতে কনজারভেটিভরা সর্বাধিক সমর্থন ভোগ করে।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪৭ শতাংশ বলেছেন, আজ নির্বাচন হলে তাঁরা লিবারেলদের ভোট দেবেন এবং ৩৫ শতাংশ বলেছেন তাঁরা কনজারভেটিভদের ভোট দেবেন। কার্নি লিবারেলদের পক্ষে অ্যাবাকাসের পর্যবেক্ষণে এটিই সর্বোচ্চ ফলাফল।

জরিপে এনডিপি আট শতাংশ, ব্লক কুইবেকোয়া ছয় শতাংশ এবং গ্রিন পার্টি দুই শতাংশ সমর্থন পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *