যাত্রীবাহী বাসে হিজাব পরিহিতা এক মুসলিম নারী চরমভাবে লাঞ্ছিত

প্রবাসী কণ্ঠ ডেস্ক, ১৯ এপ্রিল, ২০২৬ : গত সোমবার হিজাব পরিহিতা এক মুসলিম নারী বাসে করে তার গন্তব্যে যাচ্ছিলেন। এই সময় তিনি চরমভাবে লাঞ্ছিত হন আফ্রিকান বংশোদ্ভূত এক সহযাত্রী কর্তৃক। স্থানীয় পুলিশ ঐ নারীকে লাঞ্ছিত করার অভিযোগে অভিযুক্ত এক সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে। খবর সিটিভি নিউজের।

পুলিশ ঘটনাটিকে বিদ্বেষপ্রসূত হামলা হিসেবে তদন্ত করছে। ঘটনাটি ভিডিওতে ধারণ করা হয় এবং ন্যাশনাল কাউন্সিল অফ কানাডিয়ান মুসলিমস (এনসিসিএম) কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়। এনসিসিএম বলেছে , “ডুরহাম ট্রানজিটে সম্প্রতি ঘটে যাওয়া ইসলামবিদ্বেষী একটি ঘটনায় আমরা ক্ষুব্ধ।”

পুলিশ জানিয়েছে, বিদ্বেষপ্রসূত একটি সন্দেহভাজন হামলার ঘটনায় ছবিতে থাকা ব্যক্তিকে খোঁজা হচ্ছে। (ছবি : টিপিএস)

তাদের ভাষ্যমতে, ভুক্তভোগী একজন হিজাব পরিহিত নারী ছিলেন এবং এক পর্যায়ে সন্দেহভাজন ব্যক্তি তাকে “সন্ত্রাসী” বলে আখ্যা দেন। ভিডিওতে দেখা যায়, ঐ ব্যক্তি উঠে দাঁড়িয়ে নারীটিকে লাথি মারার আগে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন।

এনসিসিএম-এর মতে, হিজাব পরিহিত ওই মহিলার পাশে থাকা অন্য এক নারী যাত্রী হামলাকারী লোকটিকে লক্ষ্য করে চিৎকার করেন বলেন, “ আমরা মুসলিম বলে তুমি মেয়েদের মারতে পারো না। তোমার এটা শেখা দরকার যে, যদি তুমি মানুষকে সম্মান করতে না পারো, তাহলে চুপ করে বসে থাকো। আর যদি চুপ করে বসে থাকতে না পারো, তাহলে বাস থেকে নেমে যাও।”

শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে টরন্টো পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি বাসে থাকা অবস্থায় ভুক্তভোগীর কাছে গিয়ে তাকে মারধর করার আগে বেশ কয়েকটি অপমানজনক ও মুসলিম-বিরোধী মন্তব্য করেছিল। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী সামান্য আহত হয়েছেন। পরে ওই ব্যক্তি বাস থেকে নেমে যান।

সন্দেহভাজন ব্যক্তিটি ৩০ থেকে ৪০ বছর বয়সী, স্থূলকায় একজন পুরুষ। তাকে শেষবার একটি কালো জ্যাকেট, নীল জিন্স এবং কানাডার লোগোযুক্ত একটি ক্যামোফ্লেজ বেসবল টুপি পরা অবস্থায় দেখা গিয়েছিল।

এনসিসিএম বলেছে, “যেহেতু ঘটনাটি দিনের আলোতে একটি পাবলিক বাসে ঘটেছে, তাই এটি সরকারের সকল স্তরে সতর্কবার্তা হিসেবে কাজ করা উচিত। আমাদের দৃষ্টিতে হিংসাত্মক ইসলামোফোবিয়া ক্রমাগত বেড়েই চলেছে। এ ধরনের কোনো ঘটনা আবারও হত্যাকাণ্ডে পরিণত হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারি না; সরকারের সকল স্তরকে এর নিন্দা জানাতে হবে এবং সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *