মাশরাফি-সাকিবের ভক্তদের জন্য সুখবর

প্রবাসী কণ্ঠ ডেস্ক, ২৫ এপ্রিল, ২০২৬ : মাশরাফি-সাকিবের ভক্তদের সুখবর দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সদস্য ও ফিন্যান্স চেয়ারম্যান ইসরাফিল খসরু। মানবজমিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দেখেন তারা সবার আগে দেশের ক্রিকেটার। আমরা বিষয়টা দেখবো যেন তাদের ছবি বা ব্যানার মাঠে দর্শকরা নিতে পারে। বিসিবি’র বর্তমান সভাপতি তামিম ইকবাল সঙ্গে আমরা এ নিয়ে কথা বলে ব্যবস্থা গ্রহণ করবো।’

সাকিব ও মাশরাফি। ছবি: সংগৃহীত

এদিকে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস- এ সুযোগ পেতে পারেন সাকিব-মাশরাফি! এমনটাই জানিয়েছেন বাংলাদেশ চ্যাম্পিয়নস দলের অন্যতম পৃষ্ঠপোষক শানিয়ান তানিম। তিনি বলেন, ‘মাশরাফি ভাই বা সাকিবের ব্যাপারেও আপনারা জানেন যে জটিলতা আছে। সুতরাং যার কাছে সহায়তা নেওয়ার বা সহায়তা চাওয়ার সুযোগ আছে, আমরা অবশ্যই তা চাইব। কিন্তু আমরা তো আইনের ঊর্ধ্বে যেতে পারি না। তবে আবারও বলছি, আমরা ক্রিকেটের মধ্যেই থাকতে চাই। আমরা সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মর্তুজাকে ক্রিকেটার হিসেবে চিনি, রাজনীতিবিদ হিসেবে নয়। তাই তারা যদি খেলতে পারেন, তবে আমাদের দরজা তাদের জন্য সবসময়ই খোলা।’-সূত্র দেশ রূপান্ত।

উল্লেখ্য যে, অবসরপ্রাপ্ত তারকা ক্রিকেটারদের নিয়ে এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস-  আয়োজিত হয়ে থাকে। এবার টুর্নামেন্টের তৃতীয় আসরে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ।

এদিকে ইন্ডিপেন্ডেন্ট টিভির এক খবরে বলা হয়, প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেছেন, সাকিবকে ফিরতে হলে শর্ত পূরণ করেই ফিরতে হবে। সামনের সিরিজগুলোতে হয়তো দেখা যেতে পারে এই অলরাউন্ডারকে। কিন্তু সাকিবের বিরুদ্ধে মামলার নিষ্পত্তি এখনো হয়নি, তবে সেই মামলার নিষ্পত্তি হলেও জাতীয় দলে এই অলরাউন্ডারের খেলতে হলে আরেকটি শর্ত পেরিয়ে আসতে হবে।

সাকিবের জাতীয় দলে ফেরার শর্ত নিয়ে বাশার বলেন,‘আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড়দের কাছে অনেক কিছু ডিমান্ড করে। তাই এখানে প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ। সে (সাকিব) যদি রেডি থাকে এবং লম্বা সময়ের জন্য খেলতে চায়, তবে আমরা অবশ্যই তাকে বিবেচনায় রাখব।’

হাবিবুল বাশার আরও বলেন, ‘আমার সাথে একবার কথা হয়েছে সাকিবের। জিজ্ঞেস করেছিলাম প্রস্তুত আছে কিনা, যেহেতু ও যেখানে আছে সেখানে নিয়মিত ক্রিকেট হয় না বা ট্রেনিংয়ের পর্যাপ্ত সুযোগ নেই। ফিটনেস নিয়ে কাজ হতে পারে, তবে ক্রিকেট নিয়মিত হয় না। যদিও ও ক্রিকেট খেলছে। এসব নিয়েই বেশি কথা বলেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *