‘টরন্টো সংস্কৃতি সংস্থা’র উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা

অনুষ্ঠান উপলক্ষ্যে প্রকাশিত টরন্টো সংস্কৃতি সংস্থার পোস্টার

প্রবাসী কণ্ঠ, ১২ এপ্রিল, ২০২৬ : ‘টরন্টো সংস্কৃতি সংস্থা’র উদ্যোগে আগামী ২৩ ও ২৪ মে স্কারবরোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা। এ উপলক্ষে গত শনিবার আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। সংবাদ সম্মেলনে আয়োজকরা অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন স্থানীয় বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিদের সামনে। তারা জানান, প্রখ্যাত ভারতীয় শিল্পীদের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এই জমকালো অনুষ্ঠান। এতে অংশ নিবেন টালিউডের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। তিনি একজন ভারতীয় বাঙালি মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা। অনেক জনপ্রিয় মঞ্চ নাটক ও চলচ্চিত্রে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন তিনি। টরন্টোর অনুষ্ঠানে তিনি ‘মশা’ নামে একটি নাটকে অভিনয় করবেন যার রচয়িতা প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

অনুষ্ঠানে আসছেন জনপ্রিয় ও প্রতিভাবান বাঙালি লোকসংগীত শিল্পী পৌষালী ব্যানার্জীও। আরও আসছেন আন্তরা মিত্র। ভারতের পশ্চিমবঙ্গের একজন জনপ্রিয় গায়িকা তিনি। বলিউডেও তিনি চলচ্চিত্রের একজন নেপথ্য কণ্ঠশিল্পী হিসাবে পরিচিত।

আয়োজকরা বলেন, প্রখ্যাত ভারতীয় শিল্পীদের অংশগ্রহণের মধ্য দিয়ে এটি হবে বিশ্বমানের এক পরিবেশনা। দর্শকরা মুগ্ধ হবেন। এটি শুধু একটি অনুষ্ঠান নয়, এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হবে সকলের।

সাংবাদ সম্মলেনে উপস্থতি সংস্থার র্কমর্কতাগণ। ছবি : প্রবাসী কণ্ঠ

অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণও থাকবে। এর মধ্যে আছে শিশু শিল্পীদের পরিবেশনায় উদ্বোধনী সঙ্গীত “বরিষ ধরা-মাঝে শান্তির বারি”। আরও আছে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে ‘নতুন যুগের ভোর’ শীর্ষক একটি পরিবেশনা।

অনুষ্ঠানের দ্বিতীয় দিনে থাকবে মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজন “The Showman of Bengali Cinema-100 Years of Legacy”.

দুই দিনব্যাপী টরন্টো সংস্কৃতি সংস্থা’র অনুষ্ঠানটি হবে স্কারবরোর ১২৫০ মার্কহাম রোডে। (1250 Markham Rd. Scarborough, ON M1H 2Y9). মেইন ইন্টারসেকশন Markham Rd & Ellesmere Rd. পর্যাপ্ত ফ্রি পার্কিং এর ব্যবস্থাও রয়েছে অনুষ্ঠানস্থলে।

দুই দিনব্যাপী অনুষ্ঠানের বিভিন্ন পর্বের টিকিট এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০, ৭০ ও ১০০ ডলার। এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া আছে টরন্টো সংস্কৃতি সংস্থার ওয়েবসাইটে (https://tsstoronto.ca/ ) অনুষ্ঠানস্থলে রকমারি সুস্বাদু খাবারের স্টলও থাকবে। 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন টরন্টো সংস্কৃতি সংস্থা’র সভাপতি সৌরভ চ্যাটার্জি ও সাধারণ সম্পাদক অনুপ সেনগুপ্ত। অন্যান্যদের মধ্যে আরও যারা বক্তব্য রাখেন তারা হলেন, ধ্রুব ঘোষ, সুনির্মল চক্রবর্তী, তনুশ্রী দাশগুপ্তা, সুদীপ চক্রবর্তী, শ্রীজিৎ চৌধুরী, তপন সেন, শান্তনু চৌধুরী, অরুনাংশু বিশ্বাস, দেবাশীষ গাংগুলী প্রমুখ ।

টরন্টো সংস্কৃতি সংস্থা (টিএসএস) প্রতিষ্ঠিত হয় ২০০৪ সালে। এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান, যার লক্ষ্য হলো ঐতিহ্যের প্রচার, বাংলা শিল্প ও সংস্কৃতির বিভিন্ন রূপের সংরক্ষণ এবং উত্তর আমেরিকায় বসবাসকারী দ্বিতীয় প্রজন্মের বাঙালি শিশু ও যুবকদেরকে নিজ সংস্কৃতির প্রতি উৎসাহিত করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *