অন্টারিওতে মসজিদ উড়িয়ে দেওয়ার হুমকি : ১ বছরের গৃহবন্দীর সাজা পেলেন অভিযুক্ত ব্যক্তি
প্রবাসী কণ্ঠ ডেস্ক, মার্চ ২৮, ২০২৬ : টরন্টোর নিকটবর্তী নিউমার্কেটের বাসিন্দা ৫৪ বছর বয়সী ডোনাল্ড ক্যামেরন সম্প্রতি স্থানীয় একটি মসজিদ উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। পরে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগে দোষ স্বীকার করেছেন। খবর সিবিসি নিউজের।
পুলিশ জানিয়েছে, গত সেপ্টেম্বরে নিউমার্কেটের একটি মসজিদ ও তার এক মুসলিম প্রতিবেশীর বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার দায়ে ডোনাল্ড ক্যামেরনকে এক বছরের শর্তসাপেক্ষ কারাদণ্ড দেওয়া হয়েছে।

ইয়র্ক আঞ্চলিক পুলিশ গত ২৬ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৫৪ বছর বয়সী ডোনাল্ড ক্যামেরন তার সাজার দুই-তৃতীয়াংশ সময় গৃহবন্দী থাকবেন। এ ছাড়াও তিনি নিউমার্কেটে বসবাস করতে পারবেন না এবং কানাডার কোনো মসজিদের ১০০ মিটারের মধ্যে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তার উপর।
উল্লেখ্য যে, ইতিপূর্বে নিউমার্কেটের মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে একটি বিদ্বেষমূলক ঘটনার খবর পেয়ে পুলিশ ক্যামেরনকে গত ৪ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, তিনি গত ১৮ মার্চ হুমকি দেওয়ার দুটি অভিযোগে দোষ স্বীকার করেছেন।
“ইয়র্ক অঞ্চলে ঘৃণার কোনো স্থান নেই এবং ইসলামবিদ্বেষী যেকোনো কাজই উদ্বেগজনক ও অগ্রহণযোগ্য,” এ কথা বলেছেন ইয়র্ক আঞ্চলিক পুলিশ প্রধান জিম ম্যাকসুইন।
অভিযুক্ত ক্যামেরন হুমকি দেওয়া মুসলিম পরিবারটিকে অনেক বছর ধরেই চিনতেন। সেপ্টেম্বরে এক সংবাদ সম্মেলনে ন্যাশনাল কাউন্সিল অফ কানাডিয়ান মুসলিমস-এর মুখপাত্র স্টিভেন ঝোউ বলেছিলেন, ক্যামেরন তার প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব করেছিলেন এবং ঘটনার আগে থেকেই তাদেরকে ১৪ বছর ধরে চিনতেন।
ঝৌ-এর ভাষ্যমতে, ক্যামেরন আরেক প্রতিবেশীর কাছে স্বীকার করেছিলেন যে, এইচভিএসি (Heating, Ventilation, and Air Conditioning) বিশেষজ্ঞ হিসেবে নিজের দক্ষতা ব্যবহার করে তিনি পরিবারটিকে হত্যা ও একটি মসজিদ উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন।
“অভিযোগ রয়েছে যে ক্যামেরন বলেছিল, সে তার কারিগরি দক্ষতা ব্যবহার করে গ্যাস লাইনে কারসাজি করবে, তার মুসলিম প্রতিবেশীর বাড়ি উড়িয়ে দেবে এবং ভেতরে থাকা সবাইকে, এমনকি শিশুদেরও হত্যা করবে।”
‘গভীরভাবে উদ্বেগজনক ও অস্বস্তিকর”
নাম প্রকাশে অনিচ্ছুক হামলার শিকার পরিবারটির প্রধান গত বছর সেপ্টেম্বরে এক বিবৃতিতে বলেছিলেন, “আমি পরে জানতে পারি যে অভিযুক্ত ব্যক্তি অনলাইনে বিপুল পরিমাণে ইসলামবিদ্বেষী ও মুসলিম-বিরোধী বিষয়বস্তু দেখত। এটি গভীরভাবে উদ্বেগজনক ও অস্বস্তিকর”।
নিরাপত্তাজনিত কারণে মসজিদের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, সন্দেহভাজন ব্যক্তির পরিকল্পনাটি “সত্যিই হতাশাজনক ও কষ্টকর”।
মসজিদের প্রতিনিধিরা একটি পৃথক বিবৃতিতে বলেন, “মসজিদ হলো শান্তিপূর্ণ আত্মচিন্তা ও সম্মিলিত উপাসনার স্থান। ক্যামেরনকে যদি মসজিদ উড়িয়ে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দেওয়া হতো, তবে তা এক ভয়াবহ ট্র্যাজেডিতে পরিণত হতো।”
