ভেজাল পণ্য কানাডিয়ান স্টোরেও!

প্রবাসী কণ্ঠ ডেস্ক, এপ্রিল ৩, ২০২৬ : আশ্চর্য হওয়ার মতোই ঘটনা। এত নিয়ম কানুন আর তদারকির মধ্যেও সবার চোখকে ফাঁকি দিয়ে কুইবেকের এক প্রধান ম্যাপেল সিরাপ উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘Érablière Steve Bourdeau’ বাজারে নকল ম্যাপল সিরাপ সরবরাহ করে আসছে অনেকদিন ধরেই। খবর রেডিও কানাডার।

সম্প্রতি জালিয়াতির এই ঘটনাটি বলতে গেলে দৈবক্রমেই রেডিও কানাডার Enquête (অনুসন্ধান) অনুষ্ঠানের এক সাংবাদিকের নজরে আসে। Enquête হলো রেডিও-কানাডার একটি টেলিভিশন অনুসন্ধানী অনুষ্ঠান, যা প্রতি সপ্তাহে বিভিন্ন বিষয়ে গোপন বা স্বল্প-পরিচিত তথ্য উদঘাটনের চেষ্টা করে।

Enquête এর সাংবাদিক নিজের প্রয়োজনেই স্থানীয় এক গ্রোসারী থেকে Érablière Steve Bourdeau’ কোম্পানির একটি ম্যাপেল সিরাপ এর ক্যান বা কৌটা কিনেছিলেন। সেই সিরাপ বাড়িতে এনে খাওয়ার পর তার কেমন যেন সন্দেহ হয়। কারণ, স্বাদটা স্বাভাবিক ছিল না। অদ্ভুত এক ধরনের স্বাদ পাচ্ছিলেন তিনি।

তারপর শুরু হয় তদন্ত। এবং তদন্তে বেড়িয়ে আসে চমকে দেওয়ার মতো ঘটনা। সিবিসি নিউজ জানায়, তদন্তটি আকস্মিকভাবেই শুরু হয়েছিল, যখন রেডিও-কানাডার একজন সাংবাদিক একটি গ্রোসারী থেকে কেনা ম্যাপেল সিরাপের স্বাদ অদ্ভুত বলে লক্ষ্য করেন এবং এর স্বাদ এমন কেন তা নিয়ে তিনি বিস্মিত হন।

চিনি মিশ্রিত নকল ম্যাপেল সিরাপ। ছবি : রেডিও-কানাডা / ইভানোহ ডেমার্স

এরপর রেডিও কানাডার অনুষ্ঠান Enquête এর পক্ষ থেকে বিভিন্ন গ্রোসারীতে গিয়ে দৈবচয়নের ভিত্তিতে Érablière Steve Bourdeau’ কোম্পানির ম্যাপেল সিরাপের পাঁচটি ক্যান সংগ্রহ করে বিশ্লেষণের জন্য কুইবেকের ম্যাপেল সিরাপের পরীক্ষা ও মান নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা প্রাদেশিক পরীক্ষাগার le centre ACER –এ নিয়ে যাওয়া হয়।

পরীক্ষার ফলাফল ছিল একই। ‘বিশুদ্ধ ম্যাপেল সিরাপ’ লেবেলযুক্ত পাঁচটি ক্যানের প্রতিটিতেই কমপক্ষে ৫০ শতাংশ আখের চিনি ছিল।

ACER-এর অণুজীববিজ্ঞানী এবং গবেষণা পরিচালক লুক লাগাসে Enquête -কে বলেন, “এই ধরনের জালিয়াতি আমি এই প্রথম দেখলাম। আপনি দেখতেই পাচ্ছেন যে ম্যাপেল সিরাপের ক্যানগুলোতে সরাসরি আখের চিনি মেশানো হয়েছে। এটা কোনো দুর্ঘটনা নয়। এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে।”

পরবর্তীতে Érablière Steve Bourdeau’ এর মালিক Bourdea’র সাথে যোগাযোগ করার জন্য রেডিও কানাডার Enquête অনুষ্ঠানে কর্মরত দুজন ব্যক্তিকে একটি গ্রোসারীর মালিক হিসেবে ছদ্মবেশে পাঠানো হয়েছিল ফ্যাক্টরীতে। Érablière Steve Bourdeau’ র মালিক তখন তাদের জানিয়েছেন যে, তার সিরাপ কুইবেক জুড়ে শত শত গ্রোসারীতে বিক্রি হয়, যার মধ্যে আইজিএ এবং মেট্রোর মতো বড় চেইনও রয়েছে।

গোপন ক্যামেরায় ধারণ করা ফুটেজে তিনি আরও বলেছেন যে, ‘বিশুদ্ধ’ হিসেবে লেবেলযুক্ত ম্যাপেল সিরাপে অন্য চিনি মেশানো বেআইনি এবং তিনি তা করেন না।

পরবর্তীতে তদন্তকারীরা Érablière Steve Bourdeau’ এর মালিক Bourdeau-কে ল্যাবরেটরীর তদন্তের ফলাফলের মুখোমুখি করেন। প্রথমে তিনি ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানান। পরে ইমেইল বার্তায় বলেন, পরীক্ষার ফলাফলে যা দেখা গেছে তা “অসম্ভব”।

কিন্তু এরপর তিনি ইঙ্গিত দেন যে এর দায় অন্য প্রদেশের তার কিছু সরবরাহকারীর ওপর বর্তাতে পারে। তিনি এর আগে Enquête -এর ছদ্মবেশী দলকে জানিয়েছিলেন যে, নিজের সিরাপ তৈরির পাশাপাশি তিনি নিউ ব্রান্সউইক ও অন্টারিওর সরবরাহকারীদের কাছ থেকে পাইকারি দরে বেশিরভাগ সিরাপ কিনে নিতেন এবং তারপর নিজেই তা কৌটাজাত করতেন।

ল্যাব পরীক্ষার ফলাফল সামনে আনার পর, Érablière Steve Bourdeau’  এর মালিক Enquête -এর সাথে একটি ফোন আলাপে এও স্বীকার করেন যে, তিনি মাঝে মাঝে অন্টারিও থেকে সিরাপ কিনে সেটিকে “কুইবেকের পণ্য” হিসেবে লেবেল করে ক্যানে বিক্রি করতেন, যা বেআইনি।

উল্লেখ্য যে, কুইবেক বিশ্বের বৃহত্তম ম্যাপেল সিরাপ উৎপাদনকারী অঞ্চল, এবং এখানে উৎপাদিত বেশিরভাগ সিরাপ কঠোর নিয়ন্ত্রণের অধীনে থাকে। কুইবেকে উৎপাদিত এবং পাইকারিভাবে বিক্রি হওয়া সিরাপের গুণমান নিয়ন্ত্রণ নিশ্চিত করার দায়িত্ব প্রাদেশিক পরীক্ষাগার le centre ACER -এর উপর ন্যস্ত। ACER-এর পরিদর্শন বিভাগের প্রধান জেনেভিভ ক্লারমন্ট বলেন, কুইবেক থেকে পাইকারিভাবে বিক্রি হওয়া ৯০ শতাংশ সিরাপ পরীক্ষা করা হয়। আর আমাদের প্রতিষ্ঠানের কর্মকাণ্ড শুরু থেকে আমরা কখনো কোনো ভেজাল সিরাপ খুঁজে পাইনি।

কিন্তু উৎপাদকরা কৌটায় ভরে সরাসরি গ্রোসারীতে যে সিরাপ বিক্রি করে, ACER তা পরিদর্শন করে না, আর Érablière Steve Bourdeau’ কোম্পানি এভাবেই তাদের সিরাপ বিক্রি করে। ক্লারমন্ট বললেন, “আমাদের দায়িত্ব হলো বড় কন্টেইনারগুলো পরীক্ষা করে দেখা। আর ACER এর মাইক্রোবায়োলজিষ্ট Enquête বলেন, এই ধরনের সিরাপের ওপর তড়িঘড়ি করে আকস্মিক পরীক্ষা করা যেতে পারে, কিন্তু পাইকারি সিরাপের মতো পদ্ধতিগতভাবে পরীক্ষা করা হয় না।

Enquête –কে ইমেইলে পাঠানো চূড়ান্ত বার্তায়  কোম্পানির মালিক বলেছেন যে তিনি প্রযোজ্য সকল আইন ও বিধিবিধান সম্পূর্ণরূপে মেনে চলেন। তিনি আরও বলেছেন, তার ভেজাল সিরাপের উৎস নির্ণয়ের জন্য তিনি নিজস্ব তদন্ত শুরু করছেন এবং একটি নিজস্ব পরিদর্শন ব্যবস্থা চালু করার পরিকল্পনা করছেন।

কিন্তু Érablière Steve Bourdeau’র মালিক বলেছেন, মুদি দোকানগুলোতে বিক্রি করা ভেজাল সিরাপ, যা এখনও দোকানের তাকগুলোতে থাকতে পারে, তা উদ্ধার করার বা ফেরত কিনে নেওয়ার কোনো পরিকল্পনা তার নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *