টরন্টো সিটি হলে উত্তোলন করা হলো বাংলাদেশের গৌরবদীপ্ত লালসবুজ পতাকা

প্রবাসী কণ্ঠ , ২৭ মার্চ, ২০২৬ : বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গত ২৫ মার্চ টরন্টো সিটি হলের সামনে উত্তোলন করা হয় বাংলাদেশের গৌরবদীপ্ত লালসবুজ পতাকা। ‘টরন্টো ঢাকা ক্লাব’ এর উদ্যোগে পতাকা উত্তোলনের সময় উপস্থিত বাংলাদেশিদের অনেকেই তখন আবেগাপ্লুত হয়ে পড়েন।
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবজনক অধ্যায় ২৬ মার্চের এই দিনটি। এ উপলক্ষ্যে গত ২৫ মার্চ দুপুরে সিটি হলের সামনে পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন কানাডার মূলধারার কয়েকজন রাজনীতিকও। এদের মধ্যে ছিলেন ফেডারেল এমপি ও সাবেক হাউজিং মিনিস্টার নেথানিয়েল আরস্কিন স্মিথ, সাবেক এমপিপি ডলি বেগম, টরন্টো সিটি কাউন্সিলার ব্র্যাড ব্র্যাডফোর্ড এবং কাউন্সিলার পার্থি কান্দাভেল। তাঁরা সবাই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
পতাকা উত্তোলন অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তির সংগ্রামে বীর শহীদদের আত্মদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে আরও বক্তব্য রাখেন ‘টরন্টো ঢাকা ক্লাব’ এর সভাপতি খোকন আব্বাস। অনুষ্ঠানে ক্লাবের পক্ষে আরও উপস্থিত ছিলন সাধারণ সম্পাদক কাজী আতাউর রহমান সাকী।
ঐ দিন টরন্টোতে মৃদু শৈত্যপ্রবাহ এবং কর্মদিবস সত্ত্বেও অনেক প্রবাসী বাংলাদেশি পতাকা উত্তোলনের মহতী অনুষ্ঠানে যোগ দেন। সিটি হলের দৃষ্টিনন্দন স্থাপত্য নিদর্শন এর পটভূমিতে যখন বাংলাদেশের পতাকাটি উত্তোলন করা হচ্ছিল তখন প্রবাসী বাংলাদেশিগণ একযোগে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গেয়ে উঠেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ আওয়ামী লীগের নেতৃত্বে পাকিস্তানের কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে ডাক দেয় স্বাধীনতা আন্দোলনের এবং শুরু হয় সশস্ত্র মুক্তিযুদ্ধ। দীর্ঘ প্রায় ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর লাখো মানুষের প্রাণের বিনিময়ে ১৬ ডিসেম্বর অর্জিত হয় স্বাধীনতা। ঐ যুদ্ধে সম্ভ্রম হারান প্রায় দুই লক্ষ মা বোন।
ছবি : কাজী সাকীর ফেসবুক থেকে নেওয়া।
