অন্টারিওতে ফেডারেল চুক্তির অধীনে অর্থনৈতিক অভিবাসীর সংখ্যা বাড়বে

অন্টারিও অর্থনৈতিক অভিবাসীর সংখ্যা দ্বিগুণ করবে। ছবি : এলামাই.কম

প্রবাসী কণ্ঠ ডেস্ক : অন্টারিও অর্থনৈতিক অভিবাসীর সংখ্যা দ্বিগুণ করবে। প্রাদেশিক অভিবাসী মনোনয়ন কর্মসূচি জোরদারের লক্ষে কেন্দ্রীয় সরকারের সঙ্গে চুক্তি করেছে প্রদেশটি। খবর দি কানাডিয়ান প্রেস এর।
কেন্দ্রীয় এবং প্রাদেশিক অভিবাসন মন্ত্রীরা সম্প্রতি ঘোষণা দিয়েছেন যে, ২০২৫ সালে এই কর্মসূচির আওতায় ১৮ হাজারের বেশি লোক আসবে।
অন্টারিওর শ্রম ও অভিবাসন মন্ত্রী মন্টি ম্যাকনাউটন ২০২১ সালেই ওই কর্মসূচির আওতায় অভিবাসীর সংখ্যা দ্বিগুণ করার আহবান জানিয়েছিলেন যখন এই প্রদেশকে এই কর্মসূচির মাধ্যমে নয় হাজার অভিবাসী আনার অনুমোদন দেওয়া হয়েছিল। নতুন চুক্তি অনুযায়ী ওই কর্মসূচির অধীনে অন্টারিও ২০২২ সালে ৯,৭৫০ জন আনার পর, ২০২৩ সাড়ে ১৬ হাজার, ২০২৪ সালে ১৭ হাজারের বেশি এবং ২০২৫ সালে ১৮ হাজার নতুন অভিবাসী আনবে।
অন্টারিওর ফোর্ড সরকার জানায়, গত বছরের অনুমোদনের ভিত্তিতে যেসব অভিবাসী আনা হয় তাদের মধ্যে ছিল ৩,৯০০ জন দক্ষ শ্রমিক, ২,২০০ জন সফটওয়্যার ও আইটি কর্মী, ১,০০০ ট্রাক ড্রাইভার এবং ১০০ জনের বেশি নার্স ও ব্যক্তিগত সহায়তাকর্মী।
ম্যাকনাউটন বলেন, নির্দিষ্ট করে বললে, স্বাস্থ্যসেবা কর্মীদের সংখ্যায় আমূল পরিবর্তন আসবে।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এটি গোপন কোন বিষয় নয় যে, আমরা ঐতিহাসিকভাবে শ্রমিক সঙ্কটের মুখে রয়েছি। আমি এক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণ করছি, অন্টারিওর শ্রমিক ঘাটতি পূরণের জন্য স্বাস্থ্যসেবা কর্মী এবং দক্ষ কারখানা শ্রমিক হলো দুটি ক্ষেত্র যেখানে আমরা সত্যিই নতুনদের আনার উদ্যোগ নিতে এগিয়ে যাচ্ছি।
কেন্দ্রীয় অভিবাসন মন্ত্রী সিন ফ্রেজার বলেন, চলতি বছরের বার্ষিক অভিবাসন স্তরের পরিকল্পনা ছিল কানাডার ইতিহাসে “সবচেয়ে উচ্চাভিলাষী।”
এক বিবৃতিতে তিনি বলেন, “স্বল্পমেয়াদে শ্রমবাজারের চাহিদা পূরণ এবং দীর্ঘমেয়াদে কানাডায় বসবাস করে সাফল্য লাভের চেষ্টা করবেন এই উভয় ধরণের মেধাবী লোকদের আকৃষ্ট করার প্রয়োজনীয়তাই ছিল সর্বোচ্চ অগ্রাধিকার।”