কানাডা পোস্ট-গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটধারীদের খোলা ওয়ার্ক পারমিট দিচ্ছে

প্রবাসী কণ্ঠ ডেস্ক : আন্তর্জাতিক স্নাতকদেরকে কানাডায় আরও বেশি সময় থাকার সুযোগ দিতে  অভিবাসন বিষয়ক মন্ত্রী সিন ফ্রেসার গত ২২ এপ্রিল নতুন একটি অস্থায়ী নীতি ঘোষণা করেন। খবর সিআইসিনিউজ.কম এর। রিপোর্ট করেছেন ডেনিয়েল লেভি।

এই নীতি কার্যকর হবে আসছে গ্রীষ্মে। এর আওতায় পোস্ট-গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট (পিজিডব্লিউপি) আছে এমন গ্রাজুয়েট আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে যাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে শেষ হবে এবং যারা কানাডায় অবস্থান করছেন তারা ১৮ মাস পর্যন্ত সময়ের জন্য অতিরিক্ত একটি খোলা ওয়ার্ক পারমিট পাবার যোগ্য হবেন। স্বাভাবিক পরিস্থিতিতে পিজিডব্লিউপি’র মেয়াদ বাড়ানো বা নবায়নের সুযোগ নেই।

স্নাতকোত্তর ওয়ার্ক পারমিটধারী যোগ্য ব্যক্তিরা অতিরিক্ত একটি খোলা ওয়ার্ক পারমিট পেতে পারেন যা ১৮ মাস পর্যন্ত কার্যকর থাকতে পারে। ছবি : কানাডা.সিএ

পিজিডব্লি উপিধারীরা যাতে কানাডায় আরও দীর্ঘ সময় অবস্থান করতে, কাজের অভিজ্ঞতা অর্জন করতে এবং পারমানেন্ট রেসিডেন্সি পাবার ভালো সম্ভাবনা তৈরি করতে পারেন সরকারের এমন প্রয়াসের অংশ হিসাবেই মন্ত্রী এই নতুন নীতি ঘোষণা করেন। কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের (CEC) প্রার্থীদের জন্য এক্সপ্রেস এন্ট্রি ড্রয়ের সুযোগ গত সেপ্টেম্বর থেকে স্থগিত থাকায় বেশ কিছু সংখ্যক পিজিডব্লিউপিধারী, যাদের পারমিটের মেয়াদ ফুরিয়ে যাচ্ছে, নতুন পারমিটের জন্য আবেদন করতে, চাকরি ছেড়ে দিতে অথবা কানাডা ত্যাগ করতে বাধ্য হবেন।

কানাডার অভিবাসন, উদ্বাস্তু ও নাগরিকত্ব (IRCC) দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ৯৫,০০০ পিজিডব্লিউপির মেয়াদ ফুরিয়ে যাবে। আর ঘোষিত নীতির আওতায় ৫০,০০০ এরও বেশি মানুষ উপকৃত হতে পারেন।

ফ্রেসার যখন ইকোনোমি ক্লাসের অভিবাসীদের সহায়তার লক্ষ্যে কিছু পদক্ষেপের কথা ঘোষণা করছিলেন তখনই তিনি পিজিডব্লিউপি সম্পর্কিত ঘোষণা দেন। দক্ষ শ্রমিকদের জন্য এক্সপ্রেস এন্ট্রি ড্র যেমন, সিইসি এবং ফেডারেল স্কিল্ড ওয়ার্কার প্রোগ্রামও (FSWP) আগামী জুলাই মাসে চালু হবে।

আইআরসিসি সাম্প্রতিক মাসগুলিতে অভিবাসনের আবেদনপত্র প্রক্রিয়াকরণের গতি বাড়িয়েছে।   

২০২২ সালে প্রথম তিন মাসে কানাডা ওয়ার্ক পারমিটের এক লাখেরও বেশি আবেদন প্রক্রিয়াকরণ করেছে। এতে করে গত বছরের একই সময়ের চেয়ে প্রক্রিয়াকরণ করা আবেদনের সংখ্যা দ্বিগুণ হলো।

গত বছর এক লাখ ৫৭ হাজারের বেশি প্রাক্তন শিক্ষার্থী পারমানেন্ট রেসিডেন্ট হয়েছেন। এদের মধ্যে ৮৮ হাজারেরও বেশি শিক্ষার্থী পিজিডব্লিউপি প্রাপ্তি থেকে সরাসরি পারমানেন্ট রেসিডেন্সি পেয়েছেন।