ওবিসিএস এর বর্ণিল পরিবেশনায় ক্যানাডার মাটিতে ফুটে উঠলো ‘এক টুকরো বাংলাদেশ’

টরন্টো, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ : গতকাল ১২ সেপ্টেম্বর, শনিবার পিকারিং এর ‘ডোরসে কমিউনিটি অ্যান্ড হেরিটেজ সেন্টার’ এ অনুষ্ঠিত ‘পিকারিং কালচারাল ফিউশন’ উৎসবে এক বর্ণিল উপস্থাপনার মাধ্যমে বাঙালি সংস্কৃতির অনন্য ঐতিহ্য তুলে ধরেছে ‘অন্টারিও বাঙালি কালচারাল সোসাইটি’ (OBCS)।
বাংলাদেশের শ্রমজীবী মানুষের কঠিন জীবনের গল্প, তার সাথে মনমাতানো গান এবং সংগঠনের সদস্যদের নিখুঁত অভিনয়—সব মিলিয়ে ক্যানাডার মাল্টিকালচারাল ক্যানভাসে আয়োজকরা যেন উপহার দিয়েছেন ‘এক টুকরো বাংলাদেশ’।
পরিবেশনা চলাকালীন পুরো সময়জুড়ে দর্শনার্থীদের মুহুর্মুহু করতালিতে অডিটোরিয়াম মুখরিত হয়ে ওঠে। মঞ্চের নেপথ্যে সংগঠনের ব্যানার ও স্মৃতিসৌধের প্রতিচ্ছবি হাতে পুরোটা সময় দাঁড়িয়ে থেকে প্রেরণা জুগিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও সংগঠনের সভাপতি জসিমউদ্দিন।
অনুষ্ঠানের কলাকুশলী ও বিবরণ: গ্রন্থনা ও পরিচালনা: ফারহানা পল্লব। উপস্থাপনা: ডঃ মোহাম্মদ হোসেন (টিপু)। নৃত্য পরিচালনা: জেমস চৌধুরী (সহযোগিতায়: বনানী চৌধুরী)। নৃত্য ও অভিনয়ে অংশগ্রহণকারী: মোনা দেওয়ান, লাভলী রহমান, রীণা বেগম, কান্তা সুলতানা, গোলাম মহিউদ্দিন, মোহাম্মদ সালাম, বাহাউদ্দিন রতন ও লুৎফর মিয়া। বিশেষ সহযোগিতা: সভাপতি জসিমউদ্দিন।
টানা তিন বছর ধরে সংগঠনটির এই মূলধারার আয়োজন একদিকে যেমন ক্যানাডার মাটিতে বাংলাদেশকে নতুনভাবে পরিচিত করছে, তেমনি অন্যান্য দেশের আয়োজক ও সংস্কৃতিপ্রেমীদের সাথে গড়ে তুলছে চমৎকার সেতুবন্ধন। সংস্কৃতি ও ঐতিহ্যকে চমৎকারভাবে উপস্থাপন করার জন্য এই সফল আয়োজনের জন্য পিকারিং কালচারাল ফিউশনের আয়োজক, স্বেচ্ছাসেবক এবং ওবিসিএস (OBCS)-এর সকল শিল্পী ও কলাকুশলীদের আন্তরিক ধন্যবাদ জানানো হচ্ছে।- সংবাদ বিজ্ঞপ্তি
