সবসময় ‘হ্যাঁ ’ না বলে ‘না’ বলতেও শিখুন
‘না’ বলতে না পারা একটি সাধারণ মনস্তাত্ত্বিক দুর্বলতা, যা সাধারণত অন্যদের মন রাখা স্বভাবের কারণে হয়ে থাকে। এ ধরনের মানুষ চেনা-অচেনা কারো অনুরোধে সরাসরি “না” বলতে পারেন না। তারা ভাবেন এতে সম্পর্কের অবনতি ঘটতে পারে। ফলে কেউ কিছু চাইলে বা প্রস্তাব দিলে অনিচ্ছা সত্ত্বেও এরা রাজি হয়ে যান। অথচ এই অভ্যাসের কারণে নিজের ইচ্ছেগুলো হারিয়ে যায় এবং পরে নিজের ওপরই হতাশা ও রাগ জন্ম নেয়।

মনোবিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের মানুষের সব সময় চাওয়া হয় যে সবাই খুশি থাকুক, কেউ রাগ না করুক বা কেউ কিছু মনে না করুক। নিজের ক্ষতি হলেও তারা ‘না’ এর জায়গায় ‘হ্যাঁ ’বলেন। বিষয়টা অনেকটা অনুরোধে ঢেঁকি গেলার মতই।
মনোরোগ বিশেষজ্ঞ মনসী কোঠারি বলেন, শৈশব থেকেই কিছু মানুষ এমন পরিবেশে বড় হন, যেখানে কেবল ভালো ব্যবহার বা আবদার মেটালেই প্রশংসা বা ভালোবাসা পাওয়া যায়। আর সেই প্রশংসার লোভে বড় হয়েও তারা ‘না’ বলতে শিখেন না।
কিন্তু বাস্তবতা হলো, এই অভ্যাসের কারণে সম্পর্কগুলোর ভারসাম্য নষ্ট হয়ে যায়। কারণ, যিনি ‘না’ বলতে পারেন না তিনি শুধু দিয়েই যাচ্ছেন, পাচ্ছেন না কিছুই। দিনশেষে নিজেকে ফাঁকা লাগে।
তবে চেষ্টা করলে এই মানসিকতা থেকে বেরিয়ে আসা সম্ভব। আর এর জন্য প্রথম পদক্ষেপ হলো—আপনি কেন এমন করছেন, সেটি বোঝা। তারপর ধীরে ধীরে ‘না’ বলার অনুশীলন করতে হবে। শুরুতে অস্বস্তি লাগলেও, একটা সময় তা সহজ হয়ে আসবে।
মনে রাখতে হবে, নিজের ইচ্ছা, নিজের চাওয়া, এগুলোরও মূল্য আছে। তাই প্রয়োজনে পেশাদার কাউন্সিলারের সাহায্যও নেওয়া যেতে পারে এই মানসিক পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য।
