মেঘের আচরণে পরিবর্তন, বাড়ছে পৃথিবীর তাপমাত্রা

প্রবাসী কণ্ঠ ডেস্ক, জানুয়ারি ১১, ২০২৬: নতুন এক গবেষণায় দেখা গেছে, পৃথিবীর তাপমাত্রা বাড়াচ্ছে আকাশের মেঘ। সায়েন্স অ্যাডভ্যান্সেস সাময়িকীতে প্রকাশিত এক গবেষণার বরাত দিয়ে বিডিপ্রতিদিন জানায়, প্রায় ২০ বছরের স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ করা দেখা গেছে, মেঘ সাধারণত সূর্যের আলো প্রতিফলিত করে মহাশূন্যে ফিরিয়ে দেয়। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে মেঘ আগের মতো আর আলো প্রতিফলিত করতে পারছে না। এ কারণে বেশি সূর্যালোক পৃথিবীর পৃষ্ঠে পৌঁছাচ্ছে এবং তাপমাত্রা বৃদ্ধির পিছনে অবদান রাখছে।
ইতিপূর্বে ধারণা করা হতো, বায়ুদূষণ থেকে সৃষ্ট অ্যারোসল (বাতাসে ভাসমান ক্ষুদ্র কণা) পৃথিবীর তাপমাত্রা বাড়ানোর পিছনে ভূমিকা রাখে। কিন্তু এখন নতুন এই গবেষণায় দাবি করা হচ্ছে, বৈশ্বিকভাবে অ্যারোসলের প্রভাব তুলনামূলক কম।
বলা হচ্ছে, উত্তর গোলার্ধে বাতাস কিছুটা পরিষ্কার হওয়ায় অ্যারোসল কমেছে। এ কারণে বেশি সূর্যের আলো ভেতরে প্রবেশ করছে। অন্যদিকে, দাবানল ও আগ্নেয়গিরির মতো প্রাকৃতিক ঘটনায় পৃথিবীর দক্ষিণ গোলার্ধে অ্যারোসলের পরিমাণ বেড়েছে। এবং এটি কিছু এলাকায় শীতল প্রভাব ফেলছে।
গবেষণায় আরও বলা হয়, দীর্ঘমেয়াদে গ্রিনহাউজ গ্যাসই জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ। তবে মেঘের এই পরিবর্তন পৃথিবীর উষ্ণতাকে আরও বাড়িয়ে দিচ্ছে।
