টরন্টোতে অভিবাসন বিরোধী সমাবেশ
প্রবাসী কণ্ঠ ডেস্ক, ১১ জানুয়ারি, ২০২৬ : গতকাল শনিবার টরন্টোর কেন্দ্রস্থলে অবস্থিত নাথান ফিলিপস স্কয়ারে গণ অভিবাসনের প্রতিবাদে কয়েক ডজন লোকের সমাবেশ ঘটে। তবে এর বিরুদ্ধে পাল্টা প্রতিবাদও হয় এবং পুলিশ একাধিক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে।
টরন্টো পুলিশ জানিয়েছে যে সিটি হলের বাইরে অভিবাসন বিরোধী সমাবেশ এবং পাল্টা প্রতিবাদে কিছু বিক্ষোভকারীর “সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং ঘৃণ্য আচরণ” করেন। ফলে ঘটনাস্থল থেকে আটজনকে গ্রেফতার করে বিভিন্ন অভিযোগের মুখোমুখি করা হচ্ছে।

পুলিশ অভিযোগ করেছে যে সমাবেশে কিছু অংশগ্রহণকারী অন্যান্য বিক্ষোভকারীদের উপর আক্রমণাত্মক হয়ে পড়েছিল এবং কিছু বিক্ষোভকারী উপস্থিত পুলিশ কর্মকর্তাদের প্রতিও হিংস্র হয়ে ওঠে।
পুলিশ অভিযোগ করেছে যে, ঘটনাস্থলে তিনজন অফিসারকে লাঞ্ছিত করা হয়েছে। অফিসারদের প্রতি “ডিম ছুড়ে মারা হয়েছে, ব্যবহৃত টয়লেট পেপার নিক্ষেপ করা হয়েছে এমনকি এবং প্রস্রাব বলে প্রতীয়মান হচ্ছে এমন প্লাস্টিকের ব্যাগ দিয়ে ছুড়ে মারা হয়েছে।”
পুলিশ আরও জানিয়েছে যে, বিক্ষোভস্থল থেকে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছিল, তবে তদন্তের পর একজনকে কোনও অভিযোগ ছাড়াই নিঃশর্তভাবে ছেড়ে দেওয়া হয়।
অভিবাসন বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ‘কানাডা ফার্স্ট মুভমেন্ট’ এর প্রতিষ্ঠাতা এবং সভাপতি জো আনিডজার বলেছেন যে তিনি ২০২৪ সালে দেশজুড়ে একটি বার্তা পাঠানোর জন্য এই উদ্যোগটি শুরু করেছিলেন।
অভিবাসন বিরোধী ‘কানাডা ফার্স্ট মুভমেন্ট’ এর প্রতিষ্ঠাতা এই ব্যক্তিটি আরও বলেন, “আগে, আমাদের একটি দুর্দান্ত অভিবাসন ব্যবস্থা ছিল যেখানে লোকেরা এখানে আসত এবং তারা জানত যে তাদের কঠোর পরিশ্রম করতে হবে। কিন্তু এখন আমরা মানুষের জীবিকার জন্য অর্থ প্রদান করছি। এবং এটি ঠিক উপায় নয়। আমি আমার ট্যাক্স ডলার সেখানে দিতে চাই না।” সিবিসি টরন্টোকে তিনি এ কথা বলেন।
তবে অনিদজার এ কথাও বলেন যে, বিদেশে যুদ্ধের পিছনে অর্থ ব্যয় না করে তার পরিবর্তে আমাদের শহরের অভ্যন্তরে গৃহহীনতা এবং মানসিক অসুস্থতার সহায়তায় আরও বেশি অর্থ ব্যয় করা উচিৎ।
তিনি বলেন, “আমরা আমাদের জনগণকে প্রথমে রাখতে চাই। আমরা আমাদের চাহিদাকে প্রথমে রাখতে চাই।”
কানাডা ফার্স্ট সমাবেশের একজন অংশগ্রহণকারী রন বোউমিস্টার বলেছেন যে তিনি তার নাতি-নাতনিদের জন্য প্রতিবাদ করছেন।
বোউমিস্টার আরও বলেন, “আমি এবং আমার বাচ্চারা, আমার নাতি-নাতনিরা শ্বেতাঙ্গ। এখন তুমি সব স্কুলের দিকে তাকাও, আর কোন শ্বেতাঙ্গ মানুষ নেই। এটা ভুল। কারণ আমাদের একটা মিশ্রণ দরকার। আমি আমার কানাডা ফিরে চাই।”
কাউন্সিলার বলেন, ‘এই বাগাড়ম্বর বন্ধ করা দরকার’
উল্লেখ্য যে, ‘কানাডা ফার্স্ট’ এর সমাবেশের দিন ‘কমিউনিটি সলিডারিটি টরন্টো’ নামের একটি সংগঠন পাল্টা প্রতিবাদের আয়োজন করে। এই সংগঠনটি শহরে ঘৃণা কমানোর উপর দৃষ্টি নিবদ্ধ করে এবং ঐ দিন প্রায় ১৫০ জন অংশগ্রহণকারী জড়ো হন তাদের প্রতিবাদ জানাতে।
‘অভিবাসীদের এখানে স্বাগত’ লেখা একটি প্ল্যাকার্ড ধরে একজন বিক্ষোভকারী ডানা জুলিয়েন বলেন, তিনি অভিবাসীদের পাশে আছেন যাদের “বলির পাঁঠা” বানানো হচ্ছে।
কানাডা ফার্স্টের সমাবেশের আগে কাউন্সিলার এবং কর্মীরা শনিবার টরন্টো সিটি হলের ভেতরে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিবাসন বিরোধী বক্তব্যের বিপদ সম্পর্কে সতর্ক করে দেন।
আরবান অ্যালায়েন্স অন রেস রিলেশনসের সভাপতি নাইজেল ব্যারিফ বলেছেন, কানাডায় চলমান ক্রয়ক্ষমতার সংকটের জন্য অভিবাসীদের দোষ দেওয়া ঠিক নয়।
নাইজেল আরও বলেন, “এটা অভিবাসীদের দোষ নয়। অতীতে আমাদের দেশে অভিবাসনের ঢেউ এসেছে একের পর এক এবং তারা আমাদের বর্তমান সুন্দর সমাজ গড়ে তুলেছে। তাই বর্তমানে যে সমস্যাগুলি ঘটছে তার জন্য অভিবাসীদের দোষ দেওয়া একটি মিথ্যা অভিযোগ।”
সিটি কাউন্সিলার নিথান শান (স্কারবোরো-রুজ পার্ক) সিবিসি টরন্টোকে বলেছেন, “তিনি চান ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলি এ কথা জানুক যে টরন্টো তাদের সাথে একাত্মতা প্রকাশ করছে। “
নিথান বলেন, “এই বিদেশী-ভীতি, এই শরণার্থী-বিরোধী, অভিবাসী-বিরোধী মনোভাব যা ইচ্ছাকৃতভাবে ভয় সৃষ্টি করার জন্য, ইচ্ছাকৃতভাবে আরও বর্ণবাদ এবং ঘৃণার ভিত্তি তৈরি করার জন্য ছড়িয়ে দেওয়া হচ্ছে, তা বন্ধ করা দরকার।” – সূত্র : সিবিসি নিউজ/দি কানাডিয়ান প্রেস
