জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বিআরসি ফ্যামিলি নাইট ২০২৫
রিয়েল এস্টেট সেক্টরে অবদান রাখার জন্য বিআরসি’র সদস্যদের প্রশংসা করলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি
সাবেক মন্ত্রী এমপি বিল ব্লেয়ার বলেন, অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশী রিয়েলটররা
প্রবাসী কণ্ঠ, ১৪ ডিসেম্বর, ২০২৫ : জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে গত ১২ ডিসেম্বর শুক্রবার টরন্টোতে অনুষ্ঠিত হলো চতুর্থ বিআরসি ফ্যামিলি নাইট ২০২৫।
বাংলাদেশী রিয়েলটর্স ইন কানাডা’র (বিআরসি) উদ্যোগে অনুষ্ঠিত এই ফ্যামিলি নাইটে উপস্থিত ছিলেন চার শতাধিক অতিথি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশী অধ্যুষিত স্কারবোরো সাউথওয়েস্ট নির্বাচনী এলাকার এমপিপি, বাংলাদেশী বংশোদ্ভূত ডলি বেগম, এবং একই এলাকার সিটি কাউন্সিলর পার্থি কান্দিভেল।

টরন্টোর অভিজাত Brighton Convention Center এর বিশাল হলরূমে সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানটি চলে মধ্যরাত পর্যন্ত।
অনুষ্ঠানের সূচনালগ্নে পরিবেশিত হয় বাংলাদেশ ও কানাডার জাতীয় সঙ্গীত। এরপর শুরু হয় বিআরসি নাইটের সাংস্কৃতিক পর্ব। এতে নাচ ও গান পরিবেশন করেন টরন্টোর স্থানীয় ও বাংলাদেশ থেকে আসা শিল্পীগণ। তাদের প্রাণচঞ্চল নৃত্য পরিবেশনা ও সঙ্গীতের মূর্ছনা দর্শকদের মুগ্ধ করে।

উল্লেখ্য যে, বিআরসি নাইট উপলক্ষ্যে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, বাংলাদেশী রিয়েলটরস ইন কানাডা নাইট ২০২৫-এ অংশগ্রহণকারী সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কানাডায় রিয়েল এস্টেট সেক্টরে অবদান রাখার জন্য এবং আমাদের দেশকে আমরা যে বৈচিত্র্যময় এবং অন্তর্ভুক্তিমূলক স্থান হিসেবে পরিচিত করি, তাতে ভূমিকার জন্য আমি বিআরসি’র সদস্যদের প্রশংসা করছি। আপনাদের এই ফ্যামিলি নাইট চমৎকারভাবে উপযাপিত হোক এবং আপনাদের সাফল্য অব্যাহত থাকুক এই কামনা করছি।
বিআরসি নাইট উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠান বাংলাদেশী অধ্যুষিত স্কারবোরো সাউথওয়েস্ট নির্বাচনী এলাকার এমপি ও কানাডার সাবেক জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী বিল ব্লেয়ার-ও। তিনি বলেন, বিআরসি কানাডায় শত শত বাংলাদেশী বংশোদ্ভূত রিয়েল এস্টেট পেশাদারদের প্রতিনিধিত্বকারী একটি সম্মানিত পেশাদার সংস্থা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার মাধ্যমে বিআরসি’র সদস্যরা কানাডার সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক দৃশ্যপটকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বাংলাদেশী অধ্যুষিত স্কারবোরো সাউথওয়েস্ট নির্বাচনী এলাকার এমপিপি ডলি বেগম তার শুভেচ্ছা বার্তায় বলেন, বাংলাদেশী রিয়েলটরস ইন কানাডা নাইট ২০২৫ উপলক্ষে কানাডার বাংলাদেশী রিয়েলটরদেরকে আমার উষ্ণ শুভেচ্ছা জানাতে পেরে আমি সম্মানিত। তিনি বলেন, বিআরসি একটি অসাধারণ সংগঠন যা কানাডা জুড়ে ইন্ডাস্ট্রি পেশাদারদের, সম্প্রদায়ের নেতা এবং অতিথিদের একত্রিত করছে। রিয়েলটরদের সাফল্য উদযাপন এবং তাদের সাফল্য ভাগ করে নেওয়ার একটি দুর্দান্ত সুযোগ এই বিআরসি নাইট।
অনুষ্ঠানে বিআরসি’র এবারের কনভেনর বিশিষ্ট রিয়েলটর ব্যবসায়ী মনির ইসলাম বলেন, আমি ধন্যবাদ জানাতে চাই আজকে যারা আমাদের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন। তারা তাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন। তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন, আপনারা জানেন এত বড় একটি অনুষ্ঠান করার পিছনে অনেক শ্রম, অনেক অর্থ এবং অনেক সময়ের ব্যাপার থাকে। এবং এর পিছনে যারা কাজ করছেন, তাদের সহযোগিতার কথা উল্লেখ না করলেই নয়। তাদের সহযোগিতা ছাড়া আমাদের আজকের এই অনুষ্ঠান স্বপ্নেই থেকে যেত। আজকে আমাদের অনুষ্ঠানের একমাত্র স্পন্সর ব্যারিস্টার সূর্য চক্রবর্তী। তার প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। সূর্য দা শুধু আমাদেরকে অর্থ দিয়েই নয়, মেধা দিয়ে,আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে সবসময় আমাদের সাথে ছিলেন। বর্তমানেও আছেন এবং আমরা আশা করি ভবিষ্যতেও উনি থাকবেন।
মনির ইসলাম বলেন, আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের বিআরসি ফ্যামিলি মেম্বারদের প্রতিও। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের যে ডাইরেক্টর্স কমিটি আছে, আমাদের যে কনভেনিং কমিটি আছে এবং আমাদের যে ভলন্টিয়ার্স গ্রুপ আছে তাদের প্রতিও। তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি।
মনির ইসলাম উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা জানেন আমরা শুধু বাড়ি বিক্রিই করি না। আমরা একটি মানুষের, একটি পরিবারের স্বপ্ন পূরণে সহযোগিতা করি। আমাদের মধ্যে শক্তি হলো আমাদের ইউনিটি। আমাদের মেধা। আমাদের এই শক্তি ও মেধাকে কাজে লাগিয়ে আমরা যাতে ভবিষ্যতে আপনাদেরকে সহযোগিতা করতে পারি সে জন্য আপনাদের সবার আশীর্বাদ কামনা করছি। আপনারা আরো জানেন বিআরসি শুধু বছরে একটি পিকনিক আর একটি ফ্যামিলি নাইট উদযাপন করার মধ্যেই সীমাবদ্ধ নয়। আমরা কিছু সামাজিক কর্মকান্ডের মধ্যও আমাদেরকে নিয়োজিত রাখি। আমরা প্রত্যেক বছর বাংলাদেশে আটজন গরীব শিক্ষার্থীকে তাদের পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে আর্থিক অনুদান দিয়ে থাকি। আমরা টরন্টোতে সিককিডস হাসপাতালেও ডোনেশন দিয়ে থাকি। এর পাশাপাশি প্রতি বছর কানাডায় ন্যূনতম দুজন মেধাবী শিক্ষার্থীকে আমাদের সাধ্য অনুযায়ী আর্থিক অনুদান দিয়ে থাকি ওদেরকে অনুপ্রাণিত করার জন্য।
উল্লেখ্য যে, এবারের বিআরসি ফ্যামিলি নাইটের একক স্পন্সর ছিলেন ব্যারিস্টার সূর্য চক্রবর্তী। অনুষ্ঠানে তিবি বলেন, বিআরসি মানে শুধু গালানাইট নয়, বিআরসি মানে একটি ফ্যামিলি। বিআরসি সামাজিক কর্মকান্ডর সঙ্গেও জড়িত। তাই আমরা সবাই মিলে যদি এদের বিভিন্ন অনুষ্ঠানে সহযোগিতা করি তবে তা হবে খুবই গুরুত্বপূর্ণ সমর্থন এবং একই সাথে আনন্দময়ও।
তিনি বলেন, এবার আমাদের ল ফার্ম সম্পর্কে একটু বলতে চাই। আমাদের সূর্য ল ফার্ম প্রবাসে খুবই পরিচত একটি নাম। আমরা ইমিগ্রেশন এবং রিয়েল এস্টেট এর কাজ করে থাকি। ইমিগ্রেশনের যে কোন লিগ্যাল এ্যাডভাইসের জন্য আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস আছে অন্টরিও’র ব্র্যাম্পটনে, মধ্যপ্রাচ্যের দুবাইতে। আমাদের সূর্য ল ফার্ম এর পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
অনুষ্ঠানে উপস্থিত সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়। বিআরসি নাইটে ছিল র্যাফেল ড্র এর আয়োজনও।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন টরন্টোর জনপ্রিয় উপস্থাপক অজন্তা চৌধুরী।
