সাসকাচোয়ানে রিফিউজি হিসাবে আশ্রয় প্রার্থীদের সংখ্যা ৯৮% বৃদ্ধি পেয়েছে

প্রবাসী কণ্ঠ ডেস্ক , নভেম্বর ১৬ ২০২৫ : কানাডার ফেডারেল পরিসংখ্যান অনুসারে, ফেডারেল এবং প্রাদেশিক অভিবাসন হ্রাসের পর সাসকাচোয়ানে রিফিউজি হিসাবে আশ্রয় প্রার্থীদের সংখ্যা ৯৮% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার সংখ্যা অর্ধেকেরও বেশি কমে গেছে। খবর সিবিসি নিউজের।

সাসকাচোয়ানে রিফিউজি হিসাবে আশ্রয় প্রার্থীদের সংখ্যা ৯৮% বৃদ্ধি পেয়েছে।
ছবি : ক্রিস্টিন মুশি / রয়টার্স

স্ট্যাটিস্টিক্স কানাডার তথ্য অনুসারে, ২০২৪ সালের এপ্রিল থেকে জুনের মধ্যে সাসকাচোয়ানে রিফিউজি হিসাবে আশ্রয় প্রার্থীদের সংখ্যা ৬৮৩টি ছিল, যা এক বছর পরে একই সময়সীমার মধ্যে ১,৩৪৪টিতে পৌঁছেছে।

সাসকাটুনের অভিবাসন আইনজীবী ক্রিস ভিম্যান সিবিসিকে বলেন, এমন একজন আন্তর্জাতিক শিক্ষার্থীর সঙ্গে আমার পরামর্শ চলছে যিনি রিফিউজি হিসাবে আশ্রয় প্রার্থনা করতে চাচ্ছেন। কানাডায় পড়াশোনা চালিয়ে যাওয়ার কোনও ইচ্ছা তার নেই। তিনি যেহেতু শিক্ষার্থী তাই তাদের কাজের অভিজ্ঞতা নেই, কিন্তু এখন তার জন্য এটিই একমাত্র বিকল্প।”

উল্লেখ্য যে স্ট্যাটিস্টিক্স কানাডার তথ্য অনুসারে,কানাডায় জাতীয়ভাবে ২০২৪ সালের দ্বিতীয় ত্রৈমাসিক এর তুলনায় এ বছর একই সময়ে মোট আশ্রয় প্রার্থী ৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ গত বছর উল্লেখিত সময়ে আশ্রয় প্রার্থীর সংখ্যা ছিল ৩৬৩,৫০৫টি এবং এ বছর তা বৃদ্ধি পেয়ে ৪৭৯,৫৪২টিতে পৌঁছেছে।

প্রাপ্ত তথ্য অনুসারে, ম্যানিটোবাতে আশ্রয়ের আবেদন ৮৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে, আলবার্টায় ৫৭ শতাংশ এবং বৃটিশ কলম্বিয়াতে ৫৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অভিবাসন আইনজীবী ভিম্যান বলেন, ‘অনেক অস্থায়ী অভিবাসী বা টেম্পোরারী ওয়ার্কার কানাডায় শরণার্থী হিসাবে আশ্রয় দাবি করার সিদ্ধান্ত নিচ্ছেন কারণ কানাডায় স্থায়ীভাবে থাকার জন্য তাদের অন্য বিকল্প ফুরিয়ে আসছে, অটোয়া অভিবাসন লক্ষ্যমাত্রা হ্রাস করার জন্য উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে।’

ভিম্যান আরো বলেন, যদি কেউ আজ শরণার্থী হিসাবে আশ্রয় চায় তাহলে সম্ভবত প্রায় দেড় বছর ধরে তার কোনও শুনানি হবে না। এতে করে সেই ব্যক্তি কানাডায় অন্তত দেড় বছর কাজ করার সুযোগ পাবেন এবং হয়তো তিনি পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য টাকা পাঠাতে পারবেন। ভিম্যানের মতে কানাডা জুড়ে মানুষের বিকল্প ফুরিয়ে আসছে।