শৌচাগারে বসে সেলফোন ব্যবহার? সাবধান, এতে হতে পারে ভয়ঙ্কর বিপদ!
প্রবাসী কণ্ঠ ডেস্ক, অক্টোবর ২৭, ২০২৫ : আজকের যুগে বিজ্ঞানের এক অসাধারণ উপহার সেল ফোন। শহর থেকে গ্রাম এমনকি দূরবর্তী কোন জনপদেও মানুষের হাতে হাতে এখন এই ক্ষুদে যন্ত্রটি দেখা যায়। এটি ছাড়া চলার কথা মানুষ এখন চিন্তাই করতে পারে না। অনেক সুবিধা এনে দিয়েছে ক্ষুদ্র এই যন্ত্রটি।

কিন্তু জানেন কি, এর অপব্যবহার ডেকে আনতে পারে আপনার জীবনে মরাত্মক বিপদও?
সেল ফোনের অপব্যবহার আজকাল অনেকভাবেই হচ্ছে। এর মধ্যে একটি হলো বাথরূমের কমোডে বসে দীর্ঘক্ষণ ইউটিউব বা ফেসবুক খুলে স্ক্রল করা। এটি একটি বদভ্যাস। কারণ এর মাধ্যমে আপনি আপনার শরীরে ডেকে আনতে পারেন পাইলস, পেশি ও স্নায়ুর সমস্যা বা পেলভিক ফ্লোরের ক্ষতি। ভারতীয় গণমাধ্যম ‘আজকাল’ তাদের এক প্রতিবেদনে জানায়, ‘দীর্ঘক্ষণ কমোডে বসে থাকার সবচেয়ে মারাত্মক প্রভাব পড়ে মলদ্বারের রক্তনালীর উপর। বিশেষজ্ঞদের মতে, কমোডে বসার ভঙ্গিটি এমন, যা মলদ্বারের শিরা-উপশিরায় স্বাভাবিকভাবেই কিছুটা চাপ সৃষ্টি করে। মলত্যাগের জন্য প্রয়োজনীয় স্বল্প সময়ের এই চাপ ক্ষতিকর নয়। কিন্তু যখনই আপনি সেলফোনে মগ্ন হয়ে ১৫-২০ মিনিট বা তার বেশি সময় ধরে বসে থাকছেন, তখন ওই অংশের রক্তনালীতে অতিরিক্ত চাপ পড়ে এবং রক্ত সঞ্চালন ব্যাহত হয়। এর ফলে শিরাগুলি ফুলে ওঠে এবং দুর্বল হয়ে যায়, যা অর্শ বা পাইলসের অন্যতম প্রধান কারণ।’
এ ছাড়াও সেল ফোনের পর্দার দিকে তাকিয়ে দীর্ঘক্ষণ ঝুঁকে বসে থাকার ফলে ঘাড়ে, কাঁধে এবং পিঠের পেশিতে প্রচণ্ড চাপ পড়ে। এটি স্নায়ুর উপর বিরুপ প্রভাব সৃষ্টি করতে পারে।
চিকিৎসকদের একাংশের মতে, এই অভ্যাস মানুষের পেলভিক ফ্লোরের পেশিগুলিকেও দুর্বল করে দিতে পারে। মলত্যাগের জন্য মস্তিষ্ক থেকে যে স্বাভাবিক সঙ্কেত আসে এবং পেশি যেভাবে কাজ করে, এই অভ্যাসের ফলে সেই প্রক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি হতে পারে। এর ফলে কোষ্ঠকাঠিন্য বা মল ধরে রাখার ক্ষমতা কমে যাওয়ার মতো সমস্যা তৈরি হয়।
তাই সময় থাকতে সতর্ক হোন। অবহেলা করে বিপদ ডেকে আনবেন না।
