বিজ্ঞানীদের পূর্বাভাস :পৃথিবী থেকে প্রাণের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে

মানুষের বাসের অযোগ্য হয়ে উঠছে এই পৃথিবী। ছবি: সংগৃহীত

প্রবাসী কণ্ঠ ডেস্ক, অক্টোবর ১৩, ২০২৫: দিন দিন মানুষের বাসের অযোগ্য হয়ে উঠছে এই পৃথিবী। পরিবেশ দূষণ তার এক অন্যতম কারণ। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, এমন একটা সময় আসবে যখন পৃথিবীর বায়ুমণ্ডলে আর অক্সিজেন থাকবে না। সূর্যের প্রচণ্ড তাপে এবং ক্ষতিকর বিকিরণে ধ্বংস হয়ে যাবে ওজনস্তর। আর এর ফলে অক্সিজেন নির্ভর প্রাণীদের পক্ষে টিকে থাকা যেমন অসম্ভব হবে, তেমনি অসম্ভব হয়ে পড়বে উদ্ভিদকুলের ফটোসিনথেসিসের প্রক্রিয়াও। সেই সময় মানুষ তো বটেই, অল্প কিছু অণুজীব ছাড়া কোনো প্রাণী বা উদ্ভিদ বেঁচে থাকবে না এই গ্রহে। এমনই পূর্বাভাস বিজ্ঞানীদের।

নাসার ‘নেক্সাস ফর এক্সোপ্ল্যানেট সিস্টেম সায়েন্সের’ গবেষণায় উঠে এসেছে এই তথ্য। যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির ভূবিজ্ঞানী অধ্যাপক ক্রিস রেনহার্ড ও জাপানের তোহো বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞানী অধ্যাপক কাজুমি ওজাকি জাবি এই গবেষণা পরিচালনা করেন।

গবেষকদের পূর্বাভাস হলো, এখন থেকে প্রায় ১০০ কোটি বছর পর পৃথিবীর বায়ুমণ্ডল থেকে শ্বাস নেওয়ার মতো অক্সিজেন চিরতরে বিলীন হয়ে যাবে।  বিজ্ঞানীরা বলছেন, সূর্য ক্রমাগত উত্তপ্ত হচ্ছে এবং এর তাপ বৃদ্ধির কারণে একসময় পৃথিবীর বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড অণুগুলো ভেঙে যাবে। কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদের জন্য অপরিহার্য, কারণ এটি ব্যবহার করেই তারা ফটোসিনথেসিস প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি করে। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের অভাব হলে গাছ বাঁচবে না, অক্সিজেন উৎপাদন বন্ধ হবে, এবং ধাপে ধাপে বিলীন হবে প্রাণিকুল।