নোবেল শান্তি পুরষ্কার নিয়ে ট্রাম্পকে কটাক্ষ করলেন সালমান?
প্রবাসী কণ্ঠ ডেস্ক, ৩০ সেপ্টেম্বর ২০২৫ : সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে বলিউডের ‘ভাইজান’ সালমান খান বলেছেন, ‘আর তিনি তো সারা দুনিয়ায় সবার মধ্যে অশান্তির জাল বুনছেন। আর এসব করে এখন শান্তির পুরস্কার চাইছেন?’

সরাসরি ট্রাম্পের নাম না নিলেও সবাই ধরে নিয়েছেন সালমান কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন। ইন্ডিপেন্ডেন্ট টিভি জানায়, ‘উইকেন্ড কা ওয়ার’ পর্বে এক প্রতিযোগী ফারহানাকে একহাত নেন সালমান। এই প্রতিযোগীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, বিগ বস’র অন্দরমহলে সবার মধ্যে তিনি বিবাদ সৃষ্টি করছেন! এর মূলে রয়েছে ফারহানার উসকানিমূলক নানা মন্তব্য। এ কথা কানে আসার পরই ফারহানাকে ভর্ৎসনা করেন সালমান। আর সেই ভর্ৎসনার ভাষা ছিল- ‘যিনি সকলের মধ্যে শান্তি বজায় রাখেন, তিনিই আসলে শান্তির দূত। সকলের মধ্যে তিনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সদ্ভাব বজায় রাখতে সাহায্য করে।’এরপরই সালমান ট্রাম্পের নাম উল্লেখ না করে উপরোক্ত বক্তব্য রাখেন।
উল্লেখ্য যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিন কয়েক আগেও বলেছেন, তাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়া হলে সেটি যুক্তরাষ্ট্রের জন্য হবে বড় অপমান । খবর টিআরটি ওয়ার্ল্ডের। ঐ প্রতিবেদনে বলা হয়েছে, নিজেকে নানা যুদ্ধ ও সংঘাতের মীমাংসার নেপথ্যের নায়ক হিসেবে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেন। তিনি আরো বলেন, আমি নোবেল পুরস্কার পাব? অবশ্যই না। ওরা সেটা দিয়ে দেবে এমন কাউকে, যে কিছুই করেনি। এটা আমাদের দেশের জন্য বিরাট অপমান।
