নিজ খরচে মসজিদ নির্মাণ করে দিলেন তামিম

প্রবাসী কণ্ঠ ডেস্ক, ২১ সেপ্টেম্বর ২০২৫ : বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার তামিম ইকবাল। ক্রিকেটবিশ্বে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন গ্রহণযোগ্য একজন মানুষ হিসেবে। এবার মাঠের বাইরেও রাখলেন আরেক মানবিকতার দৃষ্টান্ত। তিনি সম্পূর্ণ নিজ খরচায় নাটোরের নলডাঙ্গা হালতিবিল ও বারনই নদীর পাশে পিপরুল ইউনিয়নের হাঁপানিয়া গ্রামে একটি মসজিদ নির্মাণ করে দিয়েছেন।

নিজ খরচায় মসজিদ নির্মাণ করে দিয়েছেন তামিম। ছবি: সংগৃহীত

চ্যানেল ২৪.কম জানায়, অজপাড়াগাঁয়ের এই প্রত্যন্ত অঞ্চলের গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে নামাজের জন্য ভোগান্তি পোহাচ্ছিলেন। কাছাকাছি কোনো মসজিদ না থাকায় মুসল্লিদের অনেক কষ্ট করে নামাজ আদায় করতে হতো। ঠিক তখনই তামিম ইকবাল নিজের উদ্যোগে এগিয়ে আসেন এই গ্রামবাসীর জন্য একটি পাকা মসজিদ তৈরী দিতে।

শুরুতে এ জায়গায় ছিল ছনের বেড়া আর টিনের চালের মসজিদ। এলাকাবাসী অনেক চেষ্টায় পাকা মসজিদ নির্মাণের উদ্যোগ নিলেও অর্থের অভাবে তা আলোর মুখ দেখেনি।

ইতিমধ্যে সেই গ্রামে দৃষ্টিনন্দন ও আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত জামে মসজিদ তৈরী হয়ে গেছে। স্থানীয় মুসল্লিরা সেখানে নিয়মিত নামাজ আদায় করছেন।

স্থানীয়রা জানান, তামিমের এ উদ্যোগ তাদের জীবনে যেন এক নতুন আলো জ্বালিয়েছে। তিনি যে উদার মনের মানুষ, সতীর্থদের মুখেই তা শোনা যায় বারবার। এবার মসজিদ তৈরী করে দিয়ে তিনি মানুষের আরো দোয়া ও ভালোবাসা অর্জন করেছেন।